Dhaka Mail Logo

সারাদেশ

পুকুরের পানিতে ডুবে ভাই-বোন মৃত্যু

জেলা প্রতিনিধি

২৪ আগস্ট ২০২৪, ০৮:১৬ এএম

ময়মনসিংহের তারাকান্দায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (২৩ আগস্ট) বিকেল ৫টার দিকে তারাকান্দা ইউনিয়নের ভুগলি গ্রামে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ আরেক শিক্ষার্থীর মৃত্যু

এ দুর্ঘটনায় নিহতরা হলো - ভুগলি গ্রামের জহিরুল ইসলাম ও লিপা আক্তার দম্পত্তির মেয়ে ওসিয়া আক্তার (৮) ও ছেলে আব্দুল্লাহ (৬)।

তারাকান্দা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. বাচ্চু মিয়া এ বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: কুমিল্লায় চাচির হাতে ভাতিজা খুন

তিনি বলেন, জহিরুল ইসলাম ও লিপা আক্তার তাদের দু’সন্তানকে দাদা-দাদির কাছে রেখে ঢাকায় কাজ করতেন। ঘটনার দিন বেলা আড়াইটার দিকে বাড়ি থেকে ওসিয়া আক্তার ও আব্দুল্লাহ নিখোঁজ হয়। তাদের দাদা-দাদি বিভিন্ন জায়গায় খোঁজাখোঁজি করেও তাদের কোনো সন্ধান পান না। বিকেল ৫টার দিকে তাদের বাড়ি থেকে কিছুটা দূরের একটি পুকুরে দু’জনকে ভাসতে দেখেন স্থানীয়রা। পরে সেখান থেকে তাদের মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

এ বিষয়ে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াজেদ মিয়া বলেন, ঘটনাটি বিকেলের দিকে ঘটলেও থানায় কেউ জানায়নি। রাত সাড়ে ১১টার দিকে পানিতে ডুবে সহোদর ভাই-বোনের মৃত্যুর সংবাদ পেয়েছি। এ বিষয়ে খোঁজ নেওয়ার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হবে।

প্রতিনিধি/ এমইউ