জেলা প্রতিনিধি
৩১ জুলাই ২০২৪, ০১:৪২ পিএম
গাজীপুরের কালিয়াকৈরে ট্রাকের ধাক্কায় মফিজ উদ্দিন (৬০) নামে এক অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। চালকসহ গুরুতর আহত হয়েছেন আরও দুজন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।
বুধবার (৩১ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চাপাইর ইউনিয়নের বড় কাঞ্চনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, মফিজ উদ্দিন সকাল সাড়ে ৭টার দিকে অটোরিকশায় করে ফুলবাড়িয়া যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন। কালিয়াকৈর টু ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কের উপজেলার চাপাইর ইউনিয়নের বড় কাঞ্চনপুর মৃধাবাড়ি মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশায় থাকা মফিজ উদ্দিন নিহত হন। অটোরিকশার চালকসহ গুরুতর আহত হয়েছেন আরও দুজন। আহতদের উদ্ধার করে ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেছে।
এসআই রফিকুল ইসলাম বলেন, নিহতের পরিবারের লোকজনের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহটি হস্তান্তর করা হয়েছে।
টিবি