Dhaka Mail Logo

সারাদেশ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ মাশরাফির বিরুদ্ধে

জেলা প্রতিনিধি

১৯ মে ২০২৪, ০৭:১৪ এএম

নড়াইল সদর উপজেলা নির্বাচনে জাতীয় সংসদের হুইপ ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে।

শনিবার (১৮ মে) এ নিয়ে সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী তোফায়েল মাহমুদ তুফান (ঘোড়া প্রতীক) অতিরিক্ত জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

এদিকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে জাতীয় সংসদের স্পিকার, প্রধান নির্বাচন কমিশনার সচিব, জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাচন অফিসার এবং নড়াইল সদর থানার ওসির কাছে অভিযোগটির অনুলিপি দিয়েছেন তিনি।

আরও পড়ুন

সাবেক ইউপি চেয়ারম্যান হত্যার এক সপ্তাহ পর গ্রেফতার ৪

অভিযোগে উল্লেখ করা হয়, বাংলাদেশ নির্বাচন কমিশন ও বাংলাদেশ আওয়ামী লীগ সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশ সরকারের কোনো মন্ত্রী, হুইপ বা এমপি মহোদয় তার নির্বাচনি এলাকার কোনো উপজেলায় কোনো প্রার্থীর পক্ষে প্রচার চালাতে পারবেন না। কিন্তু মাশরাফি বিন মুর্তজা নড়াইল সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী আজিজুর রহমান ভূঁইয়ার (আনারস মার্কা) পক্ষে প্রকাশ্যে প্রচার চালাচ্ছেন। যা উপজেলা নির্বাচন আচারণবিধির প্রকাশ্য লংঘন।

Mas

অভিযোগের বিষয়ে জানতে সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজার ব্যক্তিগত নম্বরে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি। এ কারণে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

অভিযোগের ব্যাপারে নড়াইল সদর উপজেলা ও লোহাগড়া উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শ্বাশতী শীল বলেন, লিখিত অভিযোগটি পেয়েছি, তবে অভিযোগের স্বপক্ষে অভিযোগকারী কোনো প্রমাণ দেননি। তাকে প্রমাণ দিতে বলা হয়েছে। প্রমাণ পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস