Dhaka Mail Logo

সারাদেশ

৪ কর্মীর ওপর হামলার অভিযোগ কলেজ ছাত্রলীগের সম্পাদকের বিরুদ্ধে 

জেলা প্রতিনিধি

৩০ সেপ্টেম্বর ২০২৩, ১২:৫০ পিএম

লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সেবাব নেওয়াজের বিরুদ্ধে অনুসারীদের নিয়ে এক পক্ষের নেতাকর্মীদের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে। তাদের হামলায় ৪ জন কর্মী আহত হয়। জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জাহিদ হাসান শুভ এই অভিযোগ করেন। আহতরা তার কর্মী ছিলেন।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে লক্ষ্মীপুর পাবলিক লাইব্রেরি ও টাউনহল মিলনায়তনের সামনে এই ঘটনা ঘটে। 

অভিযোগ রয়েছে, জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকি ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ভূঁইয়ার সামনেই সেবাব এই ঘটনা ঘটায়। 

আহতরা হলেন, চররুহিতা ইউনিয়ন ছাত্রলীগের কর্মী তাওসিফ আহমেদ, জিহাদ হোসেন ও মো. জীবন ও ফয়সাল আহম্মেদ। তারা চররুহিতা ইউনিয়নের চর লামছি গ্রামের বাসিন্দা।

আরও পড়ুন: লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সেবাব নেওয়াজের বিরুদ্ধে অনুসারীদের নিয়ে

জাহিদের সঙ্গে কথা বলে জানা যায়, সাবেক এমপি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম চৌধুরী খুরশীদ আলমের স্মরণে লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তে শোক সভার আয়োজন করা হয়। ওই সভায় যোগ দিতে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় এলাকা থেকে মিছিল নিয়ে সভাস্থলে যায় ছাত্রলীগ নেতা শুভ। তখন জেলা ছাত্রলীগের সভাপতি রকি, সাধারণ সম্পাদক শাহাদাত, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সেবাব টাউন হলের সামনে দাঁড়ানো ছিল। এ সময় সেবাব তার অনুসারীদের নিয়ে হামলা চালিয়ে জাহিদের নেতাকর্মীদের এলোপাথাড়ি মারধর শুরু করে। এতে জাহিদের ৪ জন কর্মী আহত হয়। পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। 

জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জাহিদ হাসান শুভ বলেন, রকি-শাহাদাতের সামনে সেবাব তার অনুসারীদের নিয়ে আমার লোকজনের ওপর হামলা চালিয়েছে। এতে আমার ৪ জন কর্মী আহত হয়েছে। তাদের সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এই ঘটনায় আমি থানায় লিখিত অভিযোগ করবো।

লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সেবাব নেওয়াজ বলেন, অনেকেই অনেক মিথ্যা কথা বলে। এটিও একটি মিথ্যা ঘটনা। 

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ভূঁইয়া বলেন, আমাদের সামনে কোনো হামলার ঘটনা ঘটেনি। শুভর অভিযোগ মিথ্যা।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন জানান, ছাত্রলীগের দু’পক্ষের মারামারির বিষয়টি পুলিশের জানা নেই। কেউ অভিযোগ করলে বিষয়টি খতিয়ে দেখতে হবে।

প্রতিনিধি/এইউ