সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

মুন্সীগঞ্জে আ’লীগের ২ গ্রুপে সংঘর্ষে আহত ১০, এমপিকে অবাঞ্ছিত ঘোষণা!

জেলা প্রতিনিধি, মুন্সীগঞ্জ
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫৩ পিএম

শেয়ার করুন:

মুন্সীগঞ্জে আ’লীগের ২ গ্রুপে সংঘর্ষে আহত ১০, এমপিকে অবাঞ্ছিত ঘোষণা!
ছবি: ঢাকা মেইল

অর্ধলক্ষাধিক নেতাকর্মীর উপস্থিতিতে মুন্সীগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উদযাপন অনুষ্ঠানকে ঘিরে আওয়ামী লীগের দু’গ্রুপের কয়েক দফা সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ। 

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে শহরের হাটলক্ষ্মীগঞ্জ এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। 

এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃনালকান্তি দাসকে জেলায় অবাঞ্ছিত ঘোষণা করেছে পৌরমেয়র ফয়সাল বিপ্লব, জেলা ছাত্রলীগ সভাপতি ফয়সাল মৃধা ও স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষ্যে বিকেলে জেলা শহরের মুক্তিযুদ্ধ কমপ্লেক্সর সামনে পৌরসভার ব্যানারে আয়োজিত এক অনুষ্ঠানের আয়োজন করে পৌরমেয়র মোহাম্মদ ফয়সাল বিপ্লব। 

অনুষ্ঠানস্থলে যোগ দিতে গজারিয়া উপজেলা থেকে নৌপথে আসেন নেতাকর্মীরা। এ সময় শহরে হাটলক্ষ্মীগঞ্জ এলাকায় আগত নেতাকর্মীরা নামলে সেখানে উপস্থিত এমপি সমর্থিত লোকজনসহ পৌর-সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মনির হোসনের সাথে বাকবিতণ্ডায় জড়ায় গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুনসুর আহমেদ খাঁন জিন্নাহা। পরে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে জড়ায় দু‘পক্ষ। এতে মারধর করা হয় মনির হোসেনকে। এ সময় দু‘গ্রুপের সংঘর্ষে এমপি ও মেয়র পক্ষের সোহাগ, সাব্বির, সালাউদ্দিন ও জামালসহ অন্তত ৫ জন গুরুতর আহত হয়।

অন্যদিকে এই ঘটনায় আহত অবস্থায় আব্দুল মালেক (৫০), মো. জামাল (৩৫), সোহাগ (৩৮), রাসেল (২৬), সাদ্দাম (৩০) ও আফসার হোসেনকে (৫০) মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে অবস্থা গুরুতর হওয়ায় আহত মনির হোসেনকে (৪৮) আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়।

আরও পড়ুন: ১২০ কিলোমিটার গতিতে ছুটল ট্রেন, পরীক্ষামূলকভাবে চলবে দুই দিন

প্রত্যক্ষদর্শীরা আরও জানায়, গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনসুর আহমেদ জিন্নাহর নেতৃত্বে বেশ কয়েকটি ট্রলারযোগে নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে আসছিলেন। তারা মিছিল নিয়ে অনুষ্ঠানস্থলের উদ্দেশে রওনা দিয়ে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় আসলে মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মকবুল হোসেনের ভাই মনির হোসেনের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে এই সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় লাঠিসোঁটা নিয়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। 

এ সময় মেয়র ফয়সাল বিপ্লব, জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মৃধা এমপি মৃনাল কান্তি দাসের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরে জেলায় তাকে অবাঞ্ছিত ঘোষণা করে, তৃণমূল আওয়ামী লীগ নেতাকর্মীদের অবমূল্যায়ন করার অভিযোগ তোলেন।

এছাড়াও বিভিন্ন অশ্রাব্য শব্দ উচ্চারণ করে আগামী নির্বাচনে স্থানীয় সংসদ সদস্যকে অসহযোগিতার হুমকিদেন মেয়রসহ তার সমর্থিত লোকজন। পরে পুলিশের উপস্থিতিতে প্রায় ৭৭ কেজি ওজনের কেক কেটে অনুষ্ঠান সমাপ্ত করা হলেও এই ঘটনার পর জেলা শহরে বিরাজ করছে উত্তপ্ত পরিস্থিতি।

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মকবুল হোসেন বলেন, ট্রলারে করে গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিন্নাহর লোকজন শহরের হাটলক্ষ্মীগঞ্জ এলাকার লঞ্চঘাটে আসেন। সেখানে আমার ছোট ভাইয়ের পায়ে ধাক্কা লাগে জিন্নাহার লোকজনের। এরপর তারা মিছিল নিয়ে অনুষ্ঠানস্থলে যাওয়ার পথিমধ্যে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা আমার বড় ভাই মনির হোসেনকে সামনে পেয়ে বেধড়ক মারধর করে। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনসুর আহমেদ জিন্নার অভিযোগ তাদের উদ্দেশ্য করে পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে স্থানীয় সংসদ সদস্যের লোকজন। পরে তাদের লোকজনও পাল্টা হামলা চালালে এত উভয় পক্ষেরই বেশ কয়েকজন গুরুতর আহত হয়।

এর আগে অনুষ্ঠানের বক্তব্যে মেয়র ফয়সাল বিপ্লব বলেন, নেতাকর্মীদের মারধর করেছে এমপি মৃণালকান্তি দাসের লোকজন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের অনুষ্ঠানে আগতদের ওপর যে হামলা চালায় সে আওয়ামী লীগের কেউ হতে পারে না। আমরা তীব্র নিন্দা জানাই। এ ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাচ্ছি। প্রশাসন ব্যবস্থা না নিলে নেতাকর্মীরা নিজেদের ব্যবস্থা নিজেরাই নেবে। এমপির এমন অন্যায় কর্মকাণ্ড আর মেনে নেওয়া হবে না।

তবে মেয়রের বক্তব্যে সাম্প্রদায়িক কটূক্তির অভিযোগ করে মুন্সীগঞ্জ-৩ আসনের স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস বলেন, শহরে তাদের অনুষ্ঠান থাকায় আমি গজারিয়া স্বেচ্ছাসেবক লীগের একটি অনুষ্ঠানে ছিলাম সারাদিন। সেখানেই সংঘর্ষের ঘটনা শুনেছি। মনির হোসেন একা ছিল, তাকে ধরে মারধর করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজন। এ নিয়ে সংঘর্ষ হয়েছে এটি শুনেছি। তবে দুঃখজনক বিষয়টি নিয়ে আমাকে অকথ্য ভাষায় বকাবকি করেছে যেটি সামাজিক যোগাযোগ মাধ্যমের লাইভে সারাদেশের মানুষ দেখেছে এটি দুঃখজনক বিষয়। আমাকে অবাঞ্ছিত করার তারা কে? আমার যদি কোনো কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয় তাহলে জনগণ অবাঞ্ছিত করবে। আমি জনগণের জন্য কাজ করি এবং আমি আমার কাজ করে যাবো। সামনে নির্বাচনকে কেন্দ্র করে একটি পক্ষ আমাকে হেয়পূর্ণ করার জন্য আজকে এমন কর্মকাণ্ড ঘটিয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, সংঘর্ষের ঘটনায় কোনো পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো ধরনের অভিযোগ করা হয়নি। সংঘর্ষের সময় আমরা দু’গ্রুপকে ছড়িয়ে দিয়েছি। পরবর্তী সংঘাত কিংবা সহিংসতার মতো ঘটনা এড়াতে হাটলক্ষ্মীগঞ্জ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। কী কারণে দু’গ্রুপের মধ্যে এমন সংঘর্ষের ঘটনা ঘটেছে সেটি খতিয়ে দেখা হচ্ছে।

প্রতিনিধি/এইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর