নিজস্ব প্রতিবেদক
২৬ আগস্ট ২০২৬, ০৫:১৪ পিএম
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে হঠাৎই অসুস্থ হয়ে প্রাণ হারালেন এক নারী যাত্রী। সৌদি আরবের জেদ্দা থেকে চট্টগ্রাম আসছিল ওই ফ্লাইটটি।
বুধবার (২৬ আগস্ট) শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম খলিল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বিমানের ভেতর হঠাৎই অসুস্থ হয়ে পড়েন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৩৬ ফ্লাইটটি জেদ্দা বিমানবন্দর থেকে চট্টগ্রামের উদ্দেশে উড্ডয়নের পর ছানোয়ারা বেগম (৫৫) নামে ওই যাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরিস্থিতি বিবেচনায় ফ্লাইটটি মাসকট আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে।
কিন্তু তাতে শেষরক্ষা হয়নি। মাসকট বিমানবন্দরের চিকিৎসক ওই যাত্রীকে পরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন। তবে তাৎক্ষণিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এদিকে মাসকট আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, মৃত ছানোয়ারা বেগমের মরদেহ বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এদিকে, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে বিজি-১৩৬ ফ্লাইটটি মাসকট থেকে আবারও চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করে।
এএইচ