Dhaka Mail Logo

ককপিট

বিমানে উইন্ডো সিট বুকিংয়েও মিলছে না জানালার দেখা, নেপথ্যে বড় কারণ

এভিয়েশন ডেস্ক

২৮ জানুয়ারি ২০২৬, ০৯:৫১ এএম

বিমানে ভ্রমণের সময় জানালার ধারের আসন বা 'উইন্ডো সিট' পেতে অনেকেই বাড়তি টাকা খরচ করেন। লক্ষ্য থাকে মেঘের ওপর দিয়ে ওড়ার সেই মনোরম দৃশ্য উপভোগ করা। কিন্তু অনেক সময় দেখা যায়, বাড়তি খরচ করে জানালার পাশের আসন নিলেও চোখের সামনে জানালার বদলে রয়েছে প্লেনের শক্ত দেয়াল! যাত্রীদের কাছে এটি চরম হতাশাজনক হলেও বিমান সংস্থাগুলোর কাছে এর পেছনে রয়েছে বিশেষ কিছু কারিগরি ও ব্যবসায়িক কারণ।

shutterstock_152761895

১. সিট বিন্যাসের আগেই তৈরি হয় জানালা

একটি বিমানের মূল কাঠামো বা ফিউজলেজ যখন তৈরি করা হয়, তখনই জানালাগুলো নির্দিষ্ট দূরত্বে বসানো হয়। জানালার এই অবস্থানগুলো বিমানের কাঠামোগত নিরাপত্তা নিশ্চিত করার জন্য অপরিবর্তনীয়। কিন্তু বিমানটি যখন কোনো এয়ারলাইন্স কোম্পানির হাতে আসে, তারা তাদের প্রয়োজন অনুযায়ী সিটের সারি সাজায়। অধিক মুনাফার আশায় সিটের সংখ্যা বাড়াতে গিয়ে আসনগুলো জানালার সমান্তরাল থেকে সরে যায়। ফলে জানালার সোজা সিট না পড়ে অনেক সময় দেয়ালের পাশে সিট পড়ে।

shutterstock_101558980

২. আরামের চেয়ে ব্যবসায়িক লাভকে গুরুত্ব

বিমান সংস্থাগুলোর মূল লক্ষ্য থাকে কম জায়গায় কত বেশি যাত্রী পরিবহন করা যায়। তারা প্রায়ই লেগরুম (পা রাখার জায়গা) কমিয়ে অতিরিক্ত আসন সংযোজন করে। এই সারি পরিবর্তনের ফলে আসনের সারিবদ্ধতা নষ্ট হয়। এয়ারলাইন্সগুলোর কাছে যাত্রীদের ভিউ উপভোগ করার চেয়ে সিট সংখ্যা বাড়িয়ে মুনাফা অর্জনই বেশি গুরুত্ব পায়।

shutterstock_152653943

৩. অভ্যন্তরীণ সরঞ্জামের জটিল বিন্যাস

বিমানের ভেতরটা শুধু আসন দিয়ে সাজানো নয়; এর দেয়ালের আড়ালে থাকে প্রচুর বৈদ্যুতিক তার, এয়ার-কন্ডিশনিং ডাক্ট এবং পাইপলাইন। বিশেষ করে বিমানের মাঝামাঝি অংশে যেখানে এসি সিস্টেমের বড় পাইপগুলো ওপরের দিকে ওঠে, সেখানে নিরাপত্তার স্বার্থেই জানালা রাখা সম্ভব হয় না। এছাড়া গ্যালি বা টয়লেটের অবস্থানের কারণেও কিছু অংশে দেয়াল থাকে, যা সিট ম্যাপে সব সময় স্পষ্ট বোঝা যায় না।

আরও পড়ুন: বিমান ওঠানামার সময় জানালা খুলে রাখা হয় কেন?

window-seat-on-plane

৪. কেবিনের নকশা পরিবর্তনশীল

একই মডেলের বিমান ভিন্ন ভিন্ন এয়ারলাইন্স তাদের সুবিধামতো সাজিয়ে নেয়। কেউ হয়তো ইকোনমি ক্লাসের চেয়ে বিজনেস ক্লাসকে বেশি প্রাধান্য দেয়। এই পুনর্গঠনের ফলে আসনের অবস্থান বদলে যায়, কিন্তু জানালার ফ্রেম একই জায়গায় থেকে যায়। একারণেই একই মডেলের বিমানে এক এয়ারলাইন্সে জানালা পাওয়া গেলেও অন্যটিতে হয়তো দেয়াল দেখতে হয়।

এজেড