অটোমোবাইল ডেস্ক
২৯ নভেম্বর ২০২৬, ১০:৩১ এএম
টিভিএস মোটরের জনপ্রিয় পারিবারিক স্কুটার জুপিটার ১২৫ মডেলে যুক্ত হতে চলেছে অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম বা এবিএস। বাজারে আসার আগেই নতুন সংস্করণের স্কুটার ডিলারশিপে পৌঁছাতে শুরু করেছে। সম্প্রতি সামনে আসা গোপন ছবিতে নতুন মডেলের বেশ কিছু বৈশিষ্ট্য দেখা গেছে। খুব শিগগিরই বাজারে আসতে পারে হালনাগাদ এই স্কুটার।
টিভিএসের বিক্রির তালিকায় জুপিটার অন্যতম গুরুত্বপূর্ণ মডেল। ২০২৬ সালের অক্টোবরে জুপিটার সিরিজের মোট ১ লাখ ৬৫ হাজার ১৭৬টি ইউনিট বিক্রি হয়েছে। একই মাসে অ্যাপাচে সিরিজের তুলনায় প্রায় এক লাখ বেশি স্কুটার বিক্রি করেছে প্রতিষ্ঠানটি। ২০২৬ সালে জুপিটার ১১০ মডেলে বড় ধরনের হালনাগাদ এনেছিল টিভিএস। তবে জুপিটার ১২৫ মডেলের ক্ষেত্রে আপাতত নতুন প্রজন্মের নকশার বদলে ছোটখাটো পরিবর্তনের পথেই হাঁটছে প্রতিষ্ঠানটি। নতুন এবিএস সংস্করণেও আগের নকশা বজায় রাখা হয়েছে।
আরও পড়ুন: ৯৯ হাজারে রয়্যাল এনফিল্ড ক্ল্যাসিক ৫০০ মডেলের ক্ষুদে সংস্করণ!
ডিলারশিপে পৌঁছানো নতুন জুপিটার ১২৫ এবিএস সংস্করণের ছবিতে দেখা যাচ্ছে, স্কুটারটির সামগ্রিক নকশায় বড় কোনো পরিবর্তন হয়নি। ২০২৪ সাল থেকে জুপিটার ১১০ মডেলে যে নতুন নকশা ব্যবহার করা হচ্ছে, সেটিও নতুন ১২৫ সিসি সংস্করণে দেখা যাচ্ছে না। বর্তমানে জুপিটার ১২৫ চারটি সংস্করণে পাওয়া যায়। সেগুলো হলো ড্রাম অ্যালয়, ডিস্ক, ডিটি এসএক্সসি এবং স্মার্টএক্সকানেক্ট। নতুন এবিএস সংস্করণটি সম্ভবত স্মার্টএক্সকানেক্ট সংস্করণের ওপরে জায়গা পাবে। তবে এতে সব প্রিমিয়াম সুবিধা দেওয়া হবে না বলেই ছবি থেকে ধারণা করা হচ্ছে। নতুন স্কুটারে ডিস্ক এবং ডিটি এসএক্সসি সংস্করণের মতো নেগেটিভ এলসিডি ইন্সট্রুমেন্ট ক্লাস্টার রয়েছে। অর্থাৎ স্মার্টএক্সকানেক্ট সংস্করণের মতো উন্নত টিএফটি ডিসপ্লে এতে থাকার সম্ভাবনা কম। এছাড়া দেখা গেছে দুই রঙের ব্যবহার, সামনের চাকায় এবিএস স্পিড সেন্সরসহ ডিস্ক ব্রেক, বাদামি রঙের আসন এবং ফুটবোর্ডের পাশে বিপরীত বেইজ রঙের প্যানেল।

নতুন জুপিটার ১২৫ এবিএস মডেলে আগের মতোই সামনের অ্যাপ্রনের পেছনে জ্বালানি ট্যাংক থাকবে। এর ফলে আসনের নিচে বড় স্টোরেজ সুবিধা পাওয়া যাবে। অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে এলইডি হেডলাইট, হ্যালোজেন টার্ন ইন্ডিকেটর, পেছনের ড্রাম ব্রেক, পেছনের যাত্রীর জন্য ব্যাকরেস্ট এবং মাল্টি ফাংশন সুইচগিয়ার। সঙ্গে থাকছে ১২ ইঞ্চির অ্যালয় চাকা, টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক, গ্লাভ বক্স এবং ক্রোম ডগা যুক্ত এগজস্ট।
বর্তমানে টিভিএস জুপিটার ১২৫ মডেলের বিভিন্ন সংস্করণের এক্স শোরুম দাম হলো ড্রাম অ্যালয় ৮৩ হাজার রুপি, ডিস্ক ৮৬ হাজার ৯১০ রুপি, ডিটি এসএক্সসি ৯০ হাজার ৫৫০ রুপি এবং স্মার্টএক্সকানেক্ট ৯১ হাজার ২৩৫ রুপি। নতুন এবিএস সংস্করণটির দাম স্মার্টএক্সকানেক্ট সংস্করণের তুলনায় প্রায় ৫ হাজার রুপি বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সেই হিসাবে নতুন মডেলের সম্ভাব্য দাম ৯৬ হাজার ২৩৫ রুপির কাছাকাছি হতে পারে। তবে এটি আনুষ্ঠানিক দাম নয়। বাজারে আসার সময় প্রতিষ্ঠানটি চূড়ান্ত মূল্য ঘোষণা করবে।
ইঞ্জিনের ক্ষেত্রে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। নতুন জুপিটার ১২৫ এবিএস মডেলে আগের ১২৪ দশমিক ৮ সিসির সিঙ্গেল সিলিন্ডার, দুই ভালভ, এয়ার কুলড ইঞ্জিনই ব্যবহার করা হবে। এই ইঞ্জিন সর্বোচ্চ ৮ দশমিক ৪৪ বিএইচপি শক্তি এবং ১১ দশমিক ১ এনএম টর্ক উৎপন্ন করে। বাজারে নতুন সংস্করণটির প্রতিদ্বন্দ্বী হবে হোন্ডা অ্যাক্টিভা ১২৫, ইয়ামাহা ফ্যাসিনো ১২৫ এবং সুজুকি অ্যাক্সেস। ১২৫ সিসি পারিবারিক ধাঁচের পেট্রল স্কুটারগুলোর মধ্যে সুজুকি অ্যাক্সেসেও এবিএস প্রযুক্তি রয়েছে। ফলে নতুন জুপিটার ১২৫ মডেলে এই সুবিধা যুক্ত হলে নিরাপত্তার দিক থেকে প্রতিযোগিতা আরও বাড়বে।
এজেড