প্রতিষ্ঠার ১২৫ বছর পূর্তি উপলক্ষে মোটোভার্স ২০২৬ আয়োজনে দুইটি বিশেষ স্কেল মডেল প্রদর্শন করেছে রয়্যাল এনফিল্ড। এই তালিকায় রয়েছে ক্লাসিক ৫০০ মডেলের ১২৫তম বার্ষিকী সংস্করণ এবং বুলেট ৩৫০ মডেলের একটি ছোট আকারের সংস্করণ। প্রতিষ্ঠানটির জনপ্রিয় দুটি মোটরসাইকেলের নকশা ও ঐতিহ্যকে তুলে ধরতেই এই বিশেষ ক্ষুদে মডেলগুলো তৈরি করা হয়েছে।
প্রদর্শিত প্রথম মডেলটি হলো ক্লাসিক ৫০০ মোটরসাইকেলের ১:৩ স্কেলের ১২৫তম বার্ষিকী বিশেষ সংস্করণ। অর্থাৎ আসল মোটরসাইকেলের তুলনায় অনেক ছোট আকারে এটি তৈরি করা হয়েছে। এতে রয়েছে সোনালি রঙের ফুয়েল ট্যাংক, ক্রোম ফিনিশের স্পোক হুইল এবং পিশুটার এগজস্ট। পাশাপাশি রয়েছে সিঙ্গল পিস আসন, কালো রঙের ফেন্ডার এবং পেছনে দুটি শক অ্যাবজর্বার। আসল ক্লাসিক ৫০০ মোটরসাইকেলের পরিচিত নকশা বজায় রেখেই তৈরি হয়েছে এই বিশেষ সংস্করণটি। ১:৩ স্কেলের এই ক্লাসিক ৫০০ মডেলের দাম রাখা হয়েছে ৯৯ হাজার রুপি। এটি অগ্রিম বুকিং দেওয়ার জন্য ১০ হাজার রুপি জমা দিতে হবে।

দ্বিতীয় মডেলটি হলো বুলেট ৩৫০ মোটরসাইকেলের ১:১২ স্কেলের সংস্করণ। এটি বুলেট ৩৫০ ব্যাটালিয়ন ব্ল্যাক সংস্করণের আদলে তৈরি করা হয়েছে। মডেলটিতে রয়েছে পরিচিত কালো রঙের কাঠামো এবং সোনালি রঙের সূক্ষ্ম রেখা বা পিনস্ট্রাইপিং। সঙ্গে গোলাকার হেডল্যাম্প, টিয়ারড্রপ আকৃতির ফুয়েল ট্যাংক, স্পোক হুইল, ক্রোম ফিনিশের এগজস্ট এবং সিঙ্গল পিস আসন যুক্ত করা হয়েছে।
বুলেটের চিরাচরিত নকশা ও পুরোনো দিনের আভিজাত্য বজায় রাখা হয়েছে এই ছোট সংস্করণেও। তবে ক্লাসিক ৫০০ মডেলের বিশেষ সংস্করণের মতো বুলেট ৩৫০ মডেলের ১:১২ স্কেল সংস্করণের দাম এখনো ঘোষণা করেনি রয়্যাল এনফিল্ড।
আরও পড়ুন: হোন্ডা হর্নেট ২.০ এলো নতুন ফিচার ও ম্যাসকিউলার ডিজাইনে
রয়্যাল এনফিল্ডের এই দুইটি স্কেল মডেল কেনার জন্য প্রতিষ্ঠানটির অফিশিয়াল অ্যাপারেল স্টোরে যোগাযোগ করা যাবে। এছাড়া নিকটবর্তী রয়্যাল এনফিল্ড ডিলারশিপের মাধ্যমেও অগ্রিম বুকিং দেওয়ার সুযোগ রয়েছে। ক্লাসিক ৫০০ মডেলের বিশেষ সংস্করণের দাম ও বুকিংয়ের অংক জানানো হলেও বুলেট ৩৫০ মডেলের মূল্য জানতে প্রতিষ্ঠানটির পরবর্তী ঘোষণার অপেক্ষা করতে হবে।
এজেড




