অটোমোবাইল ডেস্ক
২৬ নভেম্বর ২০২৬, ০১:১৯ পিএম
বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড ঢাকায় এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে আধুনিক প্রযুক্তি, উন্নত পারফরম্যান্স এবং আকর্ষণীয় স্ট্রিটফাইটার ডিজাইনের সমন্বয়ে নতুন Honda Hornet 2.0 বাজারে এনেছে। ১৯৯৬ সালে Hornet সিরিজের যাত্রা শুরুর ধারাবাহিকতায় এবং ২০২৪ সাল থেকে বাংলাদেশের সড়কে Hornet 2.0-এর উপস্থিতিকে আরও সমৃদ্ধ করতে নতুন মডেলটিতে যুক্ত হয়েছে বেশ কিছু আধুনিক প্রযুক্তি ও উন্নত ফিচার।
নতুন Hornet 2.0-তে রয়েছে ১৮৪.৪ সিসি পিজিএম-এফআই ইঞ্জিন, যা ৮৫০০ আরপিএম-এ ১৬.৬ পিএস পাওয়ার এবং ৬০০০ আরপিএম-এ ১৫.১ এনএম টর্ক উৎপন্ন করে। রাইডিংকে আরও নিরাপদ ও নিয়ন্ত্রিত করতে যুক্ত হয়েছে হোন্ডা সিলেক্টিভ টর্ক কন্ট্রোল (HSTC), BOSCH-এর ডুয়েল-চ্যানেল ABS এবং অ্যাসিস্ট অ্যান্ড স্লিপার ক্লাচ। পাশাপাশি SHOWA ব্র্যান্ডের গোল্ডেন USD ফ্রন্ট ফর্ক, ১৪০ মিমি চওড়া রিয়ার টায়ার এবং সামনে ২৭৬ মিমি ও পেছনে ২২০ মিমি পেটাল ডিস্ক ব্রেক বাইকটির স্থিতিশীলতা, নিয়ন্ত্রণ ও ব্রেকিং সিস্টেমকে আরও উন্নত করেছে।
প্রযুক্তিগত সংযোজনের মধ্যে রয়েছে নতুন কালার টিএফটি মিটার, যেখানে গিয়ার পজিশন, রিয়েল-টাইম মাইলেজ এবং অবশিষ্ট জ্বালানিতে সম্ভাব্য দূরত্ব দেখার সুবিধা রয়েছে। তিনটি ব্রাইটনেস লেভেল ও দুটি ডিসপ্লে থিমের পাশাপাশি এতে যুক্ত হয়েছে টাইপ-সি চার্জিং পোর্ট। সম্পূর্ণ এলইডি লাইটিং সিস্টেম, এক্স-শেপড এলইডি টেইল ল্যাম্প এবং ইমার্জেন্সি স্টপ সিগন্যাল (ESS) বাইকটির নিরাপত্তা ও দৃশ্যমানতা বাড়িয়েছে। সাইড স্ট্যান্ড ইন্ডিকেটরসহ ইঞ্জিন কাট-অফ সুইচ এবং ইঞ্জিন স্টপ সুইচ প্রতিদিনের রাইডিংয়ে বাড়তি নিরাপত্তার পাশাপাশি ব্যবহারিক সুবিধাও নিশ্চিত করে।
আরও পড়ুন: ১ লিটার পেট্রোলে ৭০ কিমি চলে এই মোটরসাইকেল, দাম প্রায় ৮০ হাজার
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মি. সুসুমু মরিসাওয়া হোন্ডার ‘দ্য পাওয়ার অব ড্রিমস’ দর্শনের কথা তুলে ধরে বলেন, নতুন Hornet 2.0-তে স্বতন্ত্র ডিজাইন, আধুনিক প্রযুক্তি ও আনন্দদায়ক রাইডিং অভিজ্ঞতার সমন্বয় ঘটানো হয়েছে, যা বাংলাদেশের রাইডারদের পরিবর্তিত চাহিদা ও প্রত্যাশা পূরণে ভূমিকা রাখবে।
প্রতিষ্ঠানটির প্রধান বিপণন কর্মকর্তা মি. শাহ্ মোহাম্মদ আশিকুর রহমান নতুন টিএফটি মিটারের ব্যবহারিক সুবিধা এবং HSTC ও ডুয়েল-চ্যানেল ABS-এর মাধ্যমে উন্নত নিয়ন্ত্রণের বিষয়টি তুলে ধরেন। তাঁর ভাষায়, “দ্য বিস্ট ইভলভ্স” ।
নতুন Honda Hornet 2.0 পাওয়া যাবে তিনটি আকর্ষণীয় রঙে রেডিয়েন্ট রেড মেটালিক, ম্যাট অ্যাক্সিস গ্রে মেটালিক এবং পার্ল ইগনিয়াস ব্ল্যাক।
মূল্য: ২ লাখ ৮৯ হাজার টাকা।
নতুন Hornet 2.0 এখন দেশব্যাপী হোন্ডা এক্সক্লুসিভ অথরাইজড ডিলার শোরুমগুলোতে পাওয়া যাচ্ছে।
এজেড