মোটরসাইকেলের বাজারে দীর্ঘদিন ধরেই জনপ্রিয়তার শীর্ষে রয়েছে হিরো স্প্লেন্ডর। কম দাম, ভালো জ্বালানি সাশ্রয় এবং তুলনামূলক কম রক্ষণাবেক্ষণ খরচের কারণে সাধারণ যাতায়াতে এই বাইকের চাহিদা এখনো বেশ তুঙ্গে। ভারতের দিল্লিতে বাইকটির শোরুম ছাড়া দাম শুরু হচ্ছে ৭৮ হাজার ৯১২ রুপি থেকে এবং নির্মাতার দাবি অনুযায়ী এটি প্রতি লিটার পেট্রোলে প্রায় ৭০ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে পারে।
অক্টোবর ২০২৬-এর বিক্রির পরিসংখ্যান অনুযায়ী, হিরো স্প্লেন্ডর মোটরসাইকেলের ৪ লাখেরও বেশি ইউনিট বিক্রি হয়েছে। অটো পন্ডিতজের মডেলভিত্তিক হিসাব অনুসারে এই সংখ্যা ৪ লাখ ১৫ হাজার ১৪৪টি, যা আগের বছরের অক্টোবরের তুলনায় প্রায় ৭২ দশমিক ৯ শতাংশ বেশি। অন্যদিকে জ্যাটো ডাইনামিকসের তালিকায় হিরো স্প্লেন্ডর প্লাসের ২ লাখ ৬১ হাজার ৩৭৬টি নিবন্ধনের তথ্য উঠে এসেছে। বিক্রির হিসাব ও নিবন্ধনের পদ্ধতির ভিন্নতার কারণে সংখ্যার মধ্যে পার্থক্য থাকলেও দুই হিসাবের শীর্ষেই রয়েছে স্প্লেন্ডর।
হিরো স্প্লেন্ডর প্লাসের মূল সংস্করণের দিল্লির শোরুম ছাড়া দাম ৭৮ হাজার ৯১২ রুপি হলেও সংস্করণ ও সুবিধাবিশেষে দাম আলাদা হয়ে থাকে। স্প্লেন্ডর প্লাস ড্রাম ব্রেকের দাম ৭৮ হাজার ৯১২ রুপি, স্প্লেন্ডর প্লাস আইথ্রিএসের দাম ৮০ হাজার ৪৫ রুপি, স্প্লেন্ডর প্লাস এক্সটেক ড্রাম ব্রেকের দাম ৮২ হাজার ৪১৮ রুপি, স্প্লেন্ডর প্লাস এক্সটেক ২ দশমিক শূন্যের দাম ৮৪ হাজার ৫৪৯ রুপি এবং স্প্লেন্ডর প্লাস এক্সটেক ডিস্ক ব্রেকের দাম ৮৫ হাজার ৪৬১ রুপি নির্ধারণ করা হয়েছে। অঙ্গরাজ্য, শহর, নিবন্ধন ফি এবং বিমার খরচের ওপর ভিত্তি করে সড়কে নামানোর চূড়ান্ত দাম ভিন্ন হতে পারে।

হিরো স্প্লেন্ডর প্লাসে রয়েছে ৯৭ দশমিক ২ সিসির বায়ু শীতল এক সিলিন্ডারের ইঞ্জিন। এই ইঞ্জিন থেকে সর্বোচ্চ ৮ দশমিক শূন্য ২ পিএস শক্তি এবং ৮ দশমিক শূন্য ৫ নিউটন মিটার টর্ক পাওয়া যায়, যার সঙ্গে যুক্ত রয়েছে চার গতির গিয়ারবক্স। নির্মাতার দাবি অনুযায়ী এক লিটার পেট্রোলে প্রায় ৭০ কিলোমিটার মাইলেজ মিললেও বাস্তবে রাস্তার অবস্থা, যানজট, যত্ন ও চালানোর ধরন অনুযায়ী মাইলেজে তারতম্য হতে পারে।
প্রতিদিনের যাতায়াতের কথা মাথায় রেখে তৈরি এই বাইকে বৈদ্যুতিক স্টার্ট, সামনে ও পেছনে ড্রাম ব্রেক, সমন্বিত ব্রেকিং ব্যবস্থা এবং ৯ দশমিক ৮ লিটারের জ্বালানি ট্যাংক রয়েছে। নির্বাচিত সংস্করণে আইথ্রিএস প্রযুক্তি যুক্ত করা হয়েছে, যা যানজট বা সংকেতে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে ইঞ্জিন স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দেয় এবং ক্লাচ চাপলে আবার চালু করে জ্বালানি বাঁচাতে সাহায্য করে। এ ছাড়া এক্সটেক সংস্করণে ডিজিটাল মিটার, ব্লুটুথ সংযোগ, নির্বাচিত মডেলে ইউএসবি চার্জার এবং কল ও ক্ষুদে বার্তা সতর্কতার সুবিধাও রয়েছে।
আরও পড়ুন: ৫০১ সিসি ইঞ্জিনের শক্তিশালী বাইক আনল হোন্ডা, দাম ২ লাখ ৭৫ হাজার
নিয়মিত অফিস, বাজার বা ব্যক্তিগত কাজে সাশ্রয়ী ও নির্ভরযোগ্য মোটরসাইকেল খুঁজছেন যারা, তাদের কাছে হিরো স্প্লেন্ডর পরিচিত পছন্দ। পাশাপাশি বিস্তৃত সেবা কেন্দ্রের নেটওয়ার্ক থাকায় যন্ত্রাংশ ও রক্ষণাবেক্ষণের সুবিধাও পাওয়া যায় বলে দৈনন্দিন যাতায়াতের বাইক হিসেবে এর জনপ্রিয়তা বজায় রয়েছে।
এজেড




