Dhaka Mail Logo

অটোমোবাইল

দুর্ঘটনায় বেলুনের মতো ফুলে উঠবে হেলমেট, ভাইরাল ভিডিওর আসল সত্য জানুন

অটোমোবাইল ডেস্ক

১৯ নভেম্বর ২০২৬, ১০:৫২ এএম

সড়কে যানবাহনের চাপ বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে, তাই চালকদের সুরক্ষায় নতুন প্রযুক্তির খোঁজ চলছে প্রতিনিয়ত। এর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, বাইক থেকে পড়ে যেতেই চালকের হেলমেট থেকে এয়ারব্যাগ খুলে পুরো শরীর ঢেকে দিচ্ছে, যা নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও কৌতূহল।

ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, বাইকচালক রাস্তায় ছিটকে পড়ার মুহূর্তেই হেলমেট থেকে দ্রুত বাতাস বেরিয়ে এসে বেলুনের মতো ফুলে উঠছে এবং মাথা ও শরীরকে ঘিরে ধরছে। দৃশ্যটি দেখে অনেকেই একে সড়ক নিরাপত্তায় যুগান্তকারী অগ্রগতি মনে করছেন এবং বিভিন্ন দেশে এমন এয়ারব্যাগ হেলমেট বাধ্যতামূলক করার দাবিও তুলছেন।

helmate

সামাজিক যোগাযোগমাধ্যমের একাধিক পোস্টে দাবি করা হচ্ছে, চীনের কোনো প্রতিষ্ঠান এই হেলমেট তৈরি করেছে। তবে বিভিন্ন তথ্য যাচাই করে দেখা গেছে, এ ধরনের হেলমেট উদ্ভাবন বা বাজারে আনার বিষয়ে কোনো প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি, ফলে দাবির পক্ষে নিশ্চিত কোনো প্রমাণ নেই।

অটোমোবাইল বিশেষজ্ঞদের মতে, ছড়িয়ে পড়া ভিডিওটি বাস্তব কোনো ঘটনার নয়। কম্পিউটারের সাহায্যে তৈরি কাল্পনিক দৃশ্য বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বানানো একটি ধারণামূলক ভিডিও বলেই ধারণা করা হচ্ছে।

bike_accident

ভিডিওটি কাল্পনিক হলেও মোটরসাইকেল চালকদের নিরাপত্তায় এয়ারব্যাগ প্রযুক্তির ব্যবহার দ্রুত এগিয়ে চলেছে। বর্তমানে বাজারে এমন এয়ারব্যাগ ভেস্ট ও রাইডিং জ্যাকেট পাওয়া যায়, যেগুলো দুর্ঘটনার সময় সেন্সরের মাধ্যমে মুহূর্তেই খুলে গিয়ে চালকের শরীরের গুরুত্বপূর্ণ অংশ রক্ষা করতে পারে।

আরও পড়ুন: গাড়ির স্টেপনি চাকা আকারে ছোট হয় কেন?

বিশেষজ্ঞদের ধারণা, আগামী কয়েক বছরের মধ্যে হেলমেটেও এয়ারব্যাগ যুক্ত করার মতো প্রযুক্তি বাস্তবে আসতে পারে। তাতে ভবিষ্যতে বাইকচালকদের সুরক্ষায় আরও কার্যকর ও উন্নত সমাধান মিলবে বলে আশা করা যাচ্ছে।

এজেড