Dhaka Mail Logo

অটোমোবাইল

২০০ কিলোমিটার রেঞ্জ ও আকর্ষণীয় ফিচারে নতুন ইলেকট্রিক বাইক আনছে হিরো

অটোমোবাইল ডেস্ক

১৮ নভেম্বর ২০২৬, ০১:৩৪ পিএম

ভারতের ইলেকট্রিক মোটরসাইকেলের বাজারে নতুন মডেল আনার প্রস্তুতি নিচ্ছে হিরো মোটোকর্পের ব্র্যান্ড ভিডা। সম্প্রতি আন্তর্জাতিক প্রদর্শনীতে প্রদর্শিত ভিডা ইউবিএক্স ৬ কনসেপ্ট বাইকটি এবার ভারতের রাস্তায় পরীক্ষামূলকভাবে চলতে দেখা গেছে। ক্যামোফ্লাজে মোড়ানো এই পরীক্ষামূলক মডেলটির ছবি সামনে আসার পর থেকেই নতুন এই ইলেকট্রিক বাইকটি নিয়ে প্রযুক্তিপ্রেমী ও বাইক চালকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

সুপারমোটো ঘরানার ডিজাইন, আধুনিক প্রযুক্তি এবং প্রিমিয়াম হার্ডওয়্যারের সমন্বয়ে তৈরি হচ্ছে এই ইলেকট্রিক বাইকটি। যদিও এর ব্যাটারি, মোটর এবং চূড়ান্ত রেঞ্জ সম্পর্কে সংস্থা এখনও আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি, তবে পরীক্ষামূলক মডেলটির ডিজাইন ও ফিচারের নানা দিক ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। বাইকটিতে স্বতন্ত্র এলইডি হেডলাইট ও ইন্টিগ্রেটেড ডে টাইম রানিং লাইট রয়েছে। 

এছাড়া মাসকুলার ফুয়েল ট্যাংকের মতো দেখতে ডিজাইন, আক্রমণাত্মক স্টাইলের ট্যাঙ্ক এক্সটেনশন এবং সুপারমোটো ধাঁচের রাইডিং পজিশন বাইকটির স্পোর্টি চরিত্র ফুটিয়ে তুলেছে।

battery_bike

প্রযুক্তিগত ফিচারের দিক থেকে এই বাইকে টিএফটি ডিসপ্লে, ব্লুটুথ কানেক্টিভিটি, মিউজিক কন্ট্রোল, কল ও এসএমএস অ্যালার্টের সুবিধা থাকতে পারে। সুইচগিয়ারে একাধিক রাইডিং মোড এবং ক্রুজ কন্ট্রোলের বোতাম থাকায় বাইক চালনা আরও সহজ হবে। পাশাপাশি এতে অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপল কারপ্লে সাপোর্ট ছাড়াও নিরাপত্তার জন্য ট্র্যাকশন কন্ট্রোল এবং অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। হার্ডওয়্যারের ক্ষেত্রে সামনে সোনালি রঙের ইনভার্টেড ফর্ক, পেছনে মনোশক সাসপেনশন, ১৭ ইঞ্চির চাকা এবং উভয় চাকায় পেটাল ডিস্ক ব্রেক দেওয়া হতে পারে।

প্রাথমিক অনুমান অনুযায়ী, এই বাইকটির পারফরম্যান্স ১৬০ সিসি থেকে ২০০ সিসির মোটরসাইকেলের কাছাকাছি হতে পারে এবং একবার সম্পূর্ণ চার্জে এটি প্রায় ২০০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে সক্ষম হবে। 

আরও পড়ুন: আসছে নরটনের দুই প্রিমিয়াম মোটরসাইকেল, ২০২৭ সালে বড় চমক?

বাজারে এলে এই বাইকটি প্রধানত অবেন রর ইভোর মতো মডেলগুলোকে কঠিন প্রতিযোগিতার মুখে ফেলবে। হিরো প্রিমিয়া এবং ভিডার নিজস্ব ডিলারশিপ নেটওয়ার্কের মাধ্যমে বাইকটি বিক্রির সম্ভাবনা রয়েছে। তবে এর চূড়ান্ত দাম, ব্যাটারি ক্ষমতা এবং লঞ্চের নির্দিষ্ট সময় সম্পর্কে জানতে সংস্থার আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে।

এজেড