Dhaka Mail Logo

অটোমোবাইল

রোলস রয়েসকে টক্কর দিতে আসছে বিওয়াইডির নতুন বিলাসবহুল গাড়ি

অটোমোবাইল ডেস্ক

১৭ নভেম্বর ২০২৬, ০১:২২ পিএম

সাশ্রয়ী ইলেকট্রিক গাড়ির বাজার ছাড়িয়ে এবার অতি-বিলাসবহুল গাড়ির দুনিয়ায় নিজেদের অবস্থান আরও শক্ত করতে এগিয়ে আসছে চীনের শীর্ষস্থানীয় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। তাদের ফ্ল্যাগশিপ লাক্সারি ব্র্যান্ড ইয়াংওয়াং সম্প্রতি বাজারে এনেছে নতুন 'অল্টিওর' নামের একটি দারুণ সেডান। বিশাল আকারের এই ইলেকট্রিক গাড়িতে যুক্ত করা হয়েছে পেছনের দিকে খোলা কোচ ডোর, ফোর সিটের অত্যন্ত বিলাসবহুল কেবিন এবং লাউঞ্জের মতো আরামদায়ক পেছনের আসন। 

সংস্থার দাবি অনুযায়ী, একবার সম্পূর্ণ চার্জ দিলে এই গাড়িটি এক হাজার কিলোমিটারের বেশি পথ পাড়ি দিতে পারবে। ডিজাইন ও রাজকীয় বৈশিষ্ট্যের দিক থেকে গাড়িটি বিশ্বখ্যাত রোলস রয়েস গোস্ট, মার্সিডিজ মেব্যাক এস-ক্লাস এবং বেন্টলে ফ্লাইং স্পারের মতো নামী মডেলগুলোর সঙ্গে সরাসরি প্রতিযোগিতা করবে।

গাড়িটির সামগ্রিক ডিজাইনে একটি রাজকীয় ও আভিজাত্যপূর্ণ সেডানের ছাপ স্পষ্ট ফুটে উঠেছে। এর সামনের অংশে জটিল নকশার ক্রিস্টাল ইফেক্টযুক্ত এলইডি ডিআরএল এবং ক্রোমের উপাদানসহ বড় ফক্স গ্রিল রয়েছে, যা গাড়িটির সামনের লুককে অত্যন্ত আকর্ষণীয় করে তুলেছে। সাইড প্রোফাইলে লম্বা বনেট, বড় দরজা, প্রচুর ক্রোম ফিনিশ এবং ঢালু বুটলাইন একে নিখুঁত আল্ট্রা-লাক্সারি সেডানের রূপ দিয়েছে। এছাড়া গাড়ির পেছনের অংশে ক্রিস্টাল ইফেক্টসহ এলইডি টেইল ল্যাম্প এবং পুরো প্রস্থ জুড়ে ক্রোম স্ট্রিপ ব্যবহার করা হয়েছে, যা এর আধুনিক ডিজাইনকে আরও ফুটিয়ে তোলে।

images_(2)

এই গাড়ির অন্যতম প্রধান আকর্ষণ হলো এর রিয়ার-হিঞ্জড কোচ ডোর বা সুসাইড ডোর, যা পেছনের দিকে খোলে এবং যাত্রীদের সহজেই বিলাসবহুল কেবিনে প্রবেশ করতে সহায়তা করে। কেবিনের ভেতরে রয়েছে রেট্রো-মডার্ন ডিজাইন, যেখানে কাঠের ফিনিশ, ক্রোম-ফিনিশ এসি ভেন্ট এবং প্রিমিয়াম লেদারের ছোঁয়া রয়েছে। পেছনের আসনগুলোতে অটোভ্যানের মতো আরামদায়ক ব্যবস্থা এবং প্রচুর লেগস্পির দেওয়া হয়েছে। প্রতিটি পেছনের যাত্রীর জন্য আলাদা স্ক্রিন রয়েছে যেখান থেকে এন্টারটেইনমেন্ট, উইন্ডো শেড এবং এয়ার কন্ডিশনিং নিয়ন্ত্রণ করা যায়। এছাড়া আরাম বহুগুণ বাড়াতে যাত্রীদের জন্য রয়েছে অতিরিক্ত সানরুফ এবং সাড়ে পাঁচ লিটারের রেফ্রিজারেটর।

আরও পড়ুন: নতুন সাসপেনশনে মহিন্দ্রা থার রক্স গাড়িতে ভ্রমণ হবে আরও আরামদায়ক

ফিচারের দিক থেকেও ইয়াংওয়াং অল্টিওর অত্যন্ত সমৃদ্ধ। এতে বড় ইনফোটেইনমেন্ট টাচস্ক্রিন, ডিজিটাল ড্রাইভার ডিসপ্লে এবং পেছনের যাত্রীদের জন্য একুশ দশমিক চার ইঞ্চির এন্টারটেইনমেন্ট স্ক্রিন রয়েছে। নিখুঁত শব্দ উপভোগের জন্য এতে ৩৯ স্পিকারের ডাইনঅডিও সাউন্ড সিস্টেম দেওয়া হয়েছে। পাশাপাশি অ্যাক্টিভ চ্যাসিস কন্ট্রোল প্রযুক্তি থাকার কারণে রাস্তার পরিস্থিতি বুঝে এটি তৎক্ষণাৎ সাসপেনশন সামঞ্জস্য করতে পারে। সব মিলিয়ে আল্ট্রা-লাক্সারি সেডানের বাজারে এক হাজার কিলোমিটারের বেশি রেঞ্জ এবং অত্যাধুনিক প্রযুক্তির এই গাড়িটি এক নতুন বিপ্লব আনতে চলেছে।

এজেড