অটোমোবাইল ডেস্ক
১০ নভেম্বর ২০২৬, ১২:৪০ পিএম
ইলেকট্রিক গাড়ি বা ইভির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো এর ব্যাটারি। সঠিকভাবে ব্যাটারির যত্ন নিলে দীর্ঘদিন ভালো রেঞ্জ পাওয়া সম্ভব। তবে অনেকের মনেই প্রশ্ন থাকে, গাড়ির ব্যাটারি কি প্রতিদিন ১০০ শতাংশ চার্জ করা উচিত, নাকি ৮০ শতাংশ পর্যন্ত চার্জ রাখাই ভালো? মূলত ব্যাটারির প্রযুক্তি এবং গাড়ি প্রস্তুতকারী সংস্থার পরামর্শের ওপর এর উত্তর নির্ভর করে, তবে বেশিরভাগ লিথিয়াম-আয়ন ব্যাটারির ক্ষেত্রে কিছু নিয়ম মেনে চলা জরুরি।
আরও পড়ুন: ১০ মিনিটে ৩০০ কিলোমিটার চলবে মার্সিডিজ বেঞ্জের এই ইলেকট্রিক গাড়ি
আপনার ইলেকট্রিক গাড়িতে যদি এনএমসি (NMC) অর্থাৎ নিকেল ম্যাঙ্গানিজ কোবাল্ট ব্যাটারি থাকে, তবে প্রতিদিনের ব্যবহারের ক্ষেত্রে সেটি প্রায় ৮০ শতাংশ পর্যন্ত চার্জ রাখাই ভালো। দীর্ঘ সময় ধরে ব্যাটারি ১০০ শতাংশ চার্জ করে রাখলে তার সেলগুলির ওপর অতিরিক্ত চাপ পড়ে, যার ফলে সময়ের সঙ্গে ব্যাটারির কার্যক্ষমতা কমে যাওয়ার গতি বেড়ে যেতে পারে। তাই প্রতিদিন অফিস যাওয়া, বাজার করা কিংবা ছোটখাটো যাতায়াতের জন্য ব্যাটারি ৮০ শতাংশ পর্যন্ত চার্জ রাখাই বুদ্ধিমানের কাজ।

মাঝেমধ্যে ব্যাটারি ১০০ শতাংশ চার্জ করলে সাধারণত কোনো ক্ষতি হয় না। তবে সমস্যা তৈরি হয় তখনই, যখন বারবার ব্যাটারি পুরোপুরি চার্জ করে দীর্ঘ সময় ধরে গাড়ি একই অবস্থায় ফেলে রাখা হয়। এ ছাড়া, ব্যাটারি পুরোপুরি চার্জ থাকলে রিজেনারেটিভ ব্রেকিংয়ের মাধ্যমে বিদ্যুৎ পুনরায় ব্যাটারিতে জমা করার জায়গা কমে যায়। তবে লম্বা সফরে যাওয়ার আগে ব্যাটারি ১০০ শতাংশ চার্জ করে নেওয়া যেতে পারে।

সব ইলেকট্রিক গাড়িতে একই ধরনের ব্যাটারি ব্যবহার করা হয় না। কিছু গাড়িতে এলএফপি (LFP) অর্থাৎ লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি থাকে। এই ধরনের ব্যাটারির ক্ষেত্রে কিছু সংস্থা নির্দিষ্ট সময় অন্তর ১০০ শতাংশ চার্জ করার পরামর্শ দেয়, যাতে ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম বা বিএমএস (BMS) ব্যাটারির চার্জের সঠিক পরিমাণ বুঝতে পারে। তাই সব ইলেকট্রিক গাড়ির ব্যাটারি সবসময় ৮০ শতাংশ পর্যন্তই চার্জ রাখা উচিত, এমনটা মনে করা ঠিক নয়। নিজের গাড়ির ইউজার ম্যানুয়ালে দেওয়া নির্দেশ অবশ্যই মেনে চলা উচিত। পাশাপাশি, ব্যাটারি বারবার একদম শেষ হয়ে যাওয়া পর্যন্ত ব্যবহার করা থেকে বিরত থাকা এবং প্রচণ্ড গরমে দীর্ঘ সময় গাড়ি পুরোপুরি চার্জ অবস্থায় কিংবা খুব কম চার্জে ফেলে না রাখাই ভালো।
এজেড