Dhaka Mail Logo

অটোমোবাইল

টিভিএসের নতুন ১২৫ সিসির বাইকে চমক, থাকছে লিকুইড কুলড ইঞ্জিন ও ৬ গিয়ার

অটোমোবাইল ডেস্ক

০৫ নভেম্বর ২০২৬, ০৯:১৫ এএম

বাইকের বাজারে বর্তমানে চলছে জোরদার প্রতিযোগিতা। অফিস কিংবা কলেজে যাতায়াতের জন্য বিপুল সংখ্যক মানুষ বাইকের ওপর নির্ভর করেন। এই কথা মাথায় রেখেই টিভিএস মোটরস ইকম ২০২৬ এক্সপোতে তাদের নতুন টিভিএস অ্যাপাচি আরটিআর ১২৫ এলসি লঞ্চ করেছে।

আগ্রাসী লুক এবং শক্তিশালী পারফরম্যান্সের সঙ্গে হাজির হয়েছে এই বাইক। ইউরোপের বাজারে সংস্থার এটিই প্রথম ১২৫ সিসির পারফরম্যান্স বাইক। মূলত তরুণ রাইডারদের কথা মাথায় রেখেই এটি তৈরি করা হয়েছে। বিশেষ বিষয় হলো, ১২৫ সিসির ইঞ্জিন থাকা সত্ত্বেও এই বাইকে রয়েছে ৬ স্পিড গিয়ারবক্স।

images_(1)

বাইকটির লুক ও ডিজাইন বেশ আগ্রাসী। সামনের হেডলাইট দেখলে অনেকেরই ইয়ামাহা এমটি সিরিজের বাইকের কথা মনে পড়তে পারে। তবে ডিজাইনে রয়েছে কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য। সামনে দেওয়া হয়েছে ট্রান্সপারেন্ট উইন্ডস্ক্রিন এবং কমপ্যাক্ট ত্রিকোণাকৃতির হেডল্যাম্প। হেডল্যাম্পের ঠিক নিচে রয়েছে এলইডি ডিআরএল। সামনের দিকে ফ্লুরোসেন্ট হলুদ রঙের প্যানেল দেওয়া হয়েছে, যা ম্যাটালিক গ্রে ফুয়েল ট্যাংকের সঙ্গে দারুণ মানিয়েছে।

বাইকটিতে রয়েছে ১২৫ সিসির লিকুইড-কুলড, সিঙ্গেল-সিলিন্ডার ইঞ্জিন। সাধারণত ১২৫ সিসির বাইকগুলিতে এয়ার-কুলড ইঞ্জিন দেখা যায়। তবে এই বাইকটি সেদিক থেকে আলাদা। এতে রয়েছে ডিওএইচসি ৪ ভালভ সেটআপ। ইঞ্জিনটি ৯০০০ আরপিএমে ১১ কিলোওয়াট অর্থাৎ ১৪.৯ পিএস শক্তি এবং ৭০০০ আরপিএমে ১২ এনএম টর্ক উৎপন্ন করতে পারে। বাইকটিতে রয়েছে ৬ স্পিড গিয়ারবক্স এবং অ্যাসিস্ট-অ্যান্ড-স্লিপার ক্লাচ। পাশাপাশি দেওয়া হয়েছে ইলেকট্রনিক ফুয়েল ইনজেকশন সিস্টেম।

images

টিভিএস অ্যাপাচি আরটিআর ১২৫ এলসিতে সামনে রয়েছে ৪১ মিলিমিটারের কেওয়াইবি ইউএসডি ফর্ক এবং পেছনে অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। ব্রেকিংয়ের জন্য সামনে ৩০০ মিলিমিটার ডিস্কের সঙ্গে রেডিয়াল ক্যালিপার এবং পেছনে ২৪০ মিলিমিটার ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে। বাইকটির দুদিকেই রয়েছে বাইব্রের ব্রেকিং কম্পোনেন্টস। এতে দেওয়া হয়েছে ১৭ ইঞ্চির হুইল। সামনের চাকায় ১০০/৮০ সেকশনের এবং পেছনের চাকায় ১৪০/৭০ সেকশনের টায়ার রয়েছে।

আরও পড়ুন: কুচকুচে কালো রঙে আসছে ডুকাতির ‘মনস্টার’ বাইক

বাইকটিতে রয়েছে ৫ ইঞ্চির টিএফটি ইন্সট্রুমেন্ট ডিসপ্লে। ফিচারের তালিকায় রয়েছে ব্লুটুথ কানেক্টিভিটি, টার্ন-বাই-টার্ন নেভিগেশন এবং ফুল-স্ক্রিন ম্যাপ মিররিংয়ের মতো সুবিধা। বাইকের পেছনে রয়েছে টুইন এলইডি টেললাইট সেটআপ। আপাতত টিভিএস অ্যাপাচি আরটিআর ১২৫ এলসির দাম ঘোষণা করেনি সংস্থা। তবে শিগগিরই বাইকটি ভারতের বাজারে লঞ্চ হতে পারে।

এজেড