সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ঢাকা

কুচকুচে কালো রঙে আসছে ডুকাতির ‘মনস্টার’ বাইক

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৬, ১০:১২ এএম

শেয়ার করুন:

কুচকুচে কালো রঙে আসছে ডুকাতির ‘মনস্টার’ বাইক
ইতালীয় বিশ্বখ্যাত মোটরসাইকেল প্রস্তুতকারক সংস্থা ডুকাতি তাদের জনপ্রিয় মনস্টার সিরিজে যুক্ত করেছে নতুন সংস্করণ মনস্টার ডার্ক।

ইতালীয় বিশ্বখ্যাত মোটরসাইকেল প্রস্তুতকারক সংস্থা ডুকাতি তাদের জনপ্রিয় মনস্টার সিরিজে যুক্ত করেছে নতুন সংস্করণ মনস্টার ডার্ক। সম্পূর্ণ কালো রঙের বিশেষ এবং আকর্ষণীয় রূপ নিয়ে আন্তর্জাতিক বাজারে আত্মপ্রকাশ করেছে এই রোডস্টার মোটরসাইকেলটি। বাইকটির ডিজাইনে একাধিক দৃশ্যমান পরিবর্তন আনা হলেও ইঞ্জিন ও যান্ত্রিক বৈশিষ্ট্যের দিক থেকে এটি স্ট্যান্ডার্ড মনস্টার মডেলের মতোই রাখা হয়েছে। এতে রয়েছে শক্তিশালী ৮৯০ সিসির ভি-টু ইঞ্জিন, যা থেকে সর্বোচ্চ ১১১ হর্সপাওয়ার শক্তি পাওয়া যাবে।

মনস্টার ডার্ক সংস্করণের সবচেয়ে বড় আকর্ষণ হলো এর গাঢ় কুচকুচে কালো ডিজাইন। বাইকের প্রায় প্রতিটি বডি প্যানেল এবং বিভিন্ন যন্ত্রাংশে নিখুঁত কালো রঙ ব্যবহার করা হয়েছে, যা বাইকটিকে স্ট্যান্ডার্ড মনস্টার থেকে আলাদা ও দৃষ্টিনন্দন পরিচয় দিয়েছে। জ্বালানি ট্যাঙ্কের দুই পাশে ধূসর রঙে ব্র্যান্ড ও মডেলের নাম লেখা রয়েছে। তবে কালো রঙের ফ্রেমের মাঝে হেডলাইট কাউলে লাল রঙের ডুকাতি লোগো এবং পেছনের হলুদ রঙের মনোশক সাসপেনশন চমৎকার বৈপরীত্য তৈরি করেছে। এ ছাড়া কালো রঙের অ্যালয় হুইল, গাঢ় রঙের এক্সহস্ট এবং বিশেষ সিটের ব্যবহারে বাইকটিকে একটি মিনিমালিস্টিক অথচ আগ্রাসী রূপ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: সকালে মোটরসাইকেল স্ট্যার্ট নিতে সমস্যা করছে? জানুন সহজ সমাধান

ডিজাইনে নতুনত্ব থাকলেও ইঞ্জিনের ক্ষমতায় কোনো ছাড় দেওয়া হয়নি। ডুকাতি মনস্টার ডার্ক মডেলে ব্যবহার করা হয়েছে ৮৯০ সিসির ভি-টু টুইন-সিলিন্ডার ইঞ্জিন, যা ৯০০০ আরপিএমে সর্বোচ্চ ১১১ হর্সপাওয়ার শক্তি এবং ৭২৫০ আরপিএমে ৯১.১ নিউটন মিটার টর্ক উৎপন্ন করতে সক্ষম। এই ৯০-ডিগ্রি ভি-টু ইঞ্জিনে ডুকাতির আধুনিক ইনটেক ভ্যারিয়েবল ভালভ টাইমিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ৬-স্পিড গিয়ারবক্স এবং স্লিপার ক্লাচ সমৃদ্ধ এই বাইকে চার ধরনের রাইডিং মোড রয়েছে। রাইডারদের নিরাপত্তা ও বাইকের নিয়ন্ত্রণ বজায় রাখতে এতে যুক্ত করা হয়েছে ট্র্যাকশন কন্ট্রোল, হুইলি কন্ট্রোল, ইঞ্জিন ব্রেক কন্ট্রোল এবং কর্নারিং এবিএস প্রযুক্তি।

হার্ডওয়্যারের দিক থেকেও বাইকটিতে দেওয়া হয়েছে প্রিমিয়াম সব সরঞ্জাম। সামনের দিকে ৪৩ মিলিমিটারের বিশেষ ইউএসডি ফর্ক এবং পেছনে প্রিলোড সামঞ্জস্য করার সুবিধাযুক্ত মনোশক সাসপেনশন রয়েছে। ব্রেকিংয়ের জন্য দেওয়া হয়েছে অত্যন্ত শক্তিশালী চার-পিস্টন ফ্রন্ট ক্যালিপার ব্রেক। রাইডারের সুবিধার্থে ড্যাশবোর্ডে ৫ ইঞ্চির ফুল-কালার টিএফটি ডিসপ্লে দেওয়া হয়েছে। জ্বালানি ছাড়া ১৭৫ কেজি ওজনের এই বাইকের সিটের উচ্চতা ৮১৫ মিলিমিটার, যা রোডস্টার মোটরসাইকেলের আদর্শ গঠন বজায় রেখেছে। আন্তর্জাতিক বাজারে ইতিমধ্যেই উন্মোচিত হওয়া এই বাইকটি ২০২৬ সালের নভেম্বর থেকে বিশ্বব্যাপী ডেলিভারি শুরু হবে এবং ২০২৭ সালের মধ্যে ভারতীয় উপমহাদেশ ও দক্ষিণ এশিয়ার বাজারে আসার সম্ভাবনা রয়েছে।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর