অটোমোবাইল ডেস্ক
০৬ অক্টোবর ২০২৬, ০৯:১৪ এএম
সাধারণত গাড়িতে তেল ভরানোর সময় অনেকেরই মনে প্রশ্ন জাগে, একটি পেট্রোল পাম্পের মালিক প্রতিদিন ঠিক কত টাকা আয় করেন? অনেকেরই ধারণা থাকে যে ট্যাংকারে করে তেল এনে প্রতি লিটারে হয়তো ১০ থেকে ১২ টাকা পর্যন্ত লাভ করা যায়। তবে বাস্তবে পেট্রোল পাম্পের আয়ের হিসাবটি সম্পূর্ণ আলাদা এবং বেশ সুনির্দিষ্ট কিছু নিয়মের ওপর নির্ভর করে।
পেট্রোল ও ডিজেলের ক্ষেত্রে ডিলারদের কমিশন নির্ধারিত হয় একটি নির্দিষ্ট ফর্মুলার ভিত্তিতে, যেখানে নির্দিষ্ট অংকের সঙ্গে পণ্যের বিলযোগ্য মূল্যের একটি নির্দিষ্ট শতাংশ যুক্ত থাকে। এই প্রতিবেদনে ভারতের হিসাবটা পাঠকদের জন্য তুলে ধরা হলো।
ভারতের পেট্রোলিয়াম প্ল্যানিং অ্যান্ড অ্যানালিসিস সেল বা পিপ্যাক-এর তথ্য অনুযায়ী, প্রতি কিলোলিটার বা ১ হাজার লিটার পেট্রোলে নির্দিষ্ট কমিশন ৩,১৪৪.০৩ রুপি এবং এর সঙ্গে পণ্যের বিলযোগ্য মূল্যের ০.৮৭০ শতাংশ যুক্ত হয়। অর্থাৎ, শুধু নির্দিষ্ট কমিশনের হিসাব ধরলে প্রতি লিটারে প্রায় ৩ রুপি ১৪ পয়সা কমিশন পাওয়া যায়। কোনো পাম্পে দিনে ৫ হাজার লিটার পেট্রোল বিক্রি হলে শুধু নির্দিষ্ট কমিশন বাবদই আয় দাঁড়ায় প্রায় ১৫,৭২০ রুপি, যার সঙ্গে শতাংশের হিসাবের কমিশন আলাদাভাবে যোগ হয়।
আরও পড়ুন: পেট্রোল গাড়ির তুলনায় ডিজেল-চালিত গাড়ির দাম বেশি কেন?
অন্যদিকে, ডিজেলের ক্ষেত্রে ডিলার কমিশন প্রতি কিলোলিটারে ২,৩৩২.৫১ রুপি এবং এর সঙ্গে বিলযোগ্য মূল্যের ০.২৬৬ শতাংশ যুক্ত হয়, যা প্রতি লিটারে প্রায় ২ রুপি ৩৩ পয়সা। ফলে পাম্পের সামগ্রিক আয় নির্ভর করে প্রতিদিন কী পরিমাণ তেল বিক্রি হচ্ছে তার ওপর।

অনেকের মনেই ভুল ধারণা থাকে যে ১০০ রুপির তেল বিক্রি হলে পাম্প মালিকের পকেটে সরাসরি ৪ টাকা লাভ হিসেবে আসে। কিন্তু কমিশন পাওয়া আর নিট লাভ সম্পূর্ণ ভিন্ন বিষয়। পাম্প চালানোর জন্য মালিককে বিশাল অংকের পরিচালন ব্যয় বহন করতে হয়। এর মধ্যে রয়েছে পাম্পের কর্মীদের বেতন, বিদ্যুৎ বিল, স্টেশনের রক্ষণাবেক্ষণ, মেশিনের সার্ভিসিং, নিরাপত্তা ব্যবস্থা, পরিচ্ছন্নতা খরচ এবং ব্যাংকিং বা ডিজিটাল লেনদেনের চার্জ।
উদাহরণস্বরূপ, কোনো পাম্পে প্রতিদিন ৫ হাজার লিটার পেট্রোল বিক্রি হলে এক মাসে মোট কমিশন দাঁড়াতে পারে প্রায় ৪ লাখ ৭১ হাজার রুপি। তবে এই পুরো টাকাটাই মালিকের পকেটে যায় না। এখান থেকে কর্মী ও অন্যান্য মাসিক খরচ বাবদ প্রায় ২ লাখ রুপি বাদ দিলে পাম্প মালিকের হাতে নিট লাভ হিসেবে প্রায় ২ লাখ রুপির মতো থাকতে পারে। অর্থাৎ, বড় ব্যবসার মনে হলেও পরিচালনা খরচ বাদ দিয়ে পাম্পের প্রকৃত লাভ নির্ভর করে বিক্রির পরিমাণের ওপর।
এজেড