Dhaka Mail Logo

অটোমোবাইল

কাওয়াসাকি ৬৫০ সিসির নতুন নিনজা মোটরসাইকেল আনল

অটোমোবাইল ডেস্ক

০৩ অক্টোবর ২০২৬, ১২:৩৯ পিএম

নতুন আপডেট নিয়ে আন্তর্জাতিক বাজারে আত্মপ্রকাশ করল ২০২৭ এডিশনের নিনজা ৬৫০ মডেল। কাওয়াসাকি প্রথমে যুক্তরাজ্যের বাজারে নতুন মডেলটি লঞ্চ করেছে। বাইকের ডিজাইনে বড় কোনো পরিবর্তন না এলেও মেকানিক্যাল দিক থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপগ্রেড করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো নতুন ইউএসডি ফ্রন্ট ফর্ক, আপগ্রেডেড ফ্রন্ট ব্রেক এবং নতুন টিএফটি ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। পাশাপাশি বাইকটি এবার দুটি নতুন রঙে পাওয়া যাবে।

২০২৭ নিনজা ৬৫০-এর সবচেয়ে বড় পরিবর্তনগুলোর মধ্যে রয়েছে ফ্রন্ট সাসপেনশন। আগের মডেলে থাকা একচল্লিশ মিলিমিটার কনভেনশনাল টেলিস্কোপিক ফর্কের পরিবর্তে নতুন সাইত্রিশ মিলিমিটার সেপারেট ফাংশন ইউএসডি ফর্ক ব্যবহার করা হয়েছে। কাওয়াসাকির দাবি, নতুন সাসপেনশন সেটআপের ফলে বাইকের রাইড ফিল এবং স্টেবিলিটি আরও উন্নত হয়েছে। বিশেষ করে কর্নারে ঢোকার সময় সামনের দিকের নিয়ন্ত্রণ এবং ফিল আরও ভালো হওয়ার কথা। স্পোর্টস-ট্যুরিং চরিত্রের নিনজা ৬৫০-এর ক্ষেত্রে এই আপগ্রেড রাইডিং ডায়নামিক্সে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে।

ফ্রন্ট ব্রেকেও বড় আপগ্রেড করেছে কাওয়াসাকি। আগের নিনজা ৬৫০-এ ছিল অ্যাক্সিয়ালি-মাউন্টেড দুই-পিস্টন ক্যালিপার। নতুন ২০২৭ মডেলে তার পরিবর্তে দেওয়া হয়েছে রেডিয়ালি-মাউন্টেড চার-পিস্টন ক্যালিপার। এর ফলে ব্রেকিং পারফরম্যান্স এবং ব্রেক লিভারের ফিডব্যাক আরও উন্নত হওয়ার কথা। বিশেষ করে বেশি গতিতে বাইক চালানোর সময় এবং কর্নারিংয়ের আগে ব্রেক করার ক্ষেত্রে নতুন সেটআপটি বাড়তি নিয়ন্ত্রণ দিতে পারে।

156262939

মেকানিক্যাল আপগ্রেডের পাশাপাশি ইন্সট্রুমেন্ট ক্লাস্টারেও পরিবর্তন এসেছে। ২০২৭ কাওয়াসাকি নিনজা ৬৫০-এ নতুন চার দশমিক তিন ইঞ্চির টিএফটি ইন্সট্রুমেন্ট ক্লাস্টার দেওয়া হয়েছে। ফলে আগের মডেলের তুলনায় বাইকের ককপিট আরও আধুনিক হয়েছে। মেকানিক্যাল আপগ্রেড এলেও ইঞ্জিনে কোনো বড় পরিবর্তন করা হয়নি। এই মডেলে আগের মতোই রয়েছে ছয়শো উনপঞ্চাশ সিসি লিকুইড-কুলড প্যারালাল-টুইন ইঞ্জিন। এই ইঞ্জিন সর্বোচ্চ আটষট্টি হর্সপাওয়ার শক্তি এবং চুরাশি নিউটন মিটার টর্ক উৎপন্ন করে। ইঞ্জিনের সঙ্গে রয়েছে ছয়-স্পিড গিয়ারবক্স। অর্থাৎ নতুন মডেলে মূল ফোকাস রাখা হয়েছে ব্রেকিং, ফ্রন্ট সাসপেনশন এবং রাইডিং ফিডব্যাক উন্নত করার দিকে।

আরও পড়ুন: ৪০০ সিসির স্ট্রিটফাইটার পালসার বাইক আনল বাজাজ

২০২৭ কাওয়াসাকি নিনজা ৬৫০-এর জন্য ম্যাট গ্রে এবং লাইম গ্রিন নামের দুইটি কালার অপশন দেওয়া হয়েছে। নতুন রঙের পাশাপাশি এর পরিচিত স্পোর্টস বাইক ডিজাইন বজায় রাখা হয়েছে। এই মুহূর্তে ভারতে আগের মডেলটি বিক্রি হচ্ছে, যার এক্স-শোরুম দাম সাত লাখ একানব্বই হাজার টাকা। তবে নতুন মডেলটি ভারতে ঠিক কবে আসবে, সে বিষয়ে কাওয়াসাকির পক্ষ থেকে এখনও কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। 

যুক্তরাজ্যে অবশ্য নতুন এই মডেলের দাম আগের মডেলের মতোই সাত হাজার চারশো নিরানব্বই পাউন্ড, যা ভারতীয় মুদ্রায় আনুমানিক আট লাখ ষোল হাজার রুপি। যুক্তরাজ্যের মতো ভারতেও যদি কাওয়াসাকি একই ধরনের মূল্যনীতি অনুসরণ করে, তাহলে নতুন মডেলটি বড় কোনো দাম বৃদ্ধি ছাড়াই ভারতে আসতে পারে। তবে ভারতীয় বাজারে চূড়ান্ত দাম ও লঞ্চের সময় কাওয়াসাকির আনুষ্ঠানিক ঘোষণার পরই নিশ্চিত হওয়া যাবে।

এজেড