অটোমোবাইল ডেস্ক
১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ এএম
হিরো মোটোকর্প তাদের জনপ্রিয় ১২৫ সিসির মোটরসাইকেল গ্ল্যামার এক্স ১২৫-এ একটি বড় আপডেট এনেছে। এবার এই বাইকটিতে যুক্ত হয়েছে সিঙ্গল-চ্যানেল এবিএস বা অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম, যা লঞ্চের পর থেকে মডেলটির অন্যতম গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে। নতুন এই এবিএস-যুক্ত ভ্যারিয়েন্টটির ভারতের বাজারমূল্য ১ লাখ ১ হাজার রুপি।
এবিএসের সঙ্গে ইন্টিগ্রেটেড ব্রেকিং সিস্টেম
নতুন এই ভ্যারিয়েন্টের সবচেয়ে বড় প্রযুক্তিগত পরিবর্তন হলো সিঙ্গল-চ্যানেল এবিএস। জোরে ব্রেক কষার সময় চাকা লক হয়ে যাওয়ার সম্ভাবনা কমিয়ে আনতে এই প্রযুক্তি দারুণ কার্যকর, যা বাইক চালকদের জন্য নিয়ন্ত্রণ আরও সহজ করে তোলে। এর সঙ্গে হিরো মোটোকর্প যুক্ত করেছে ইন্টিগ্রেটেড ব্রেকিং সিস্টেম বা আইবিএস। এই ব্যবস্থা সামনের ও পেছনের ব্রেকিংকে সুন্দরভাবে সমন্বয় করে, যার ফলে যেকোনো পরিস্থিতিতে আরও ভারসাম্যপূর্ণ ব্রেকিং পাওয়া সম্ভব হয়।

দাম মাত্র ১০০০ রুপি বেশি
দামের দিক থেকেও নতুন ভ্যারিয়েন্টটি গ্রাহকদের জন্য বেশ আকর্ষণীয় করা হয়েছে। গ্ল্যামার এক্স ১২৫-এর সাধারণ ডিস্ক ভ্যারিয়েন্টের দাম ৯৯ হাজার ৯৯৯ রুপি, আর তার তুলনায় নতুন এবিএস মডেলটির দাম মাত্র ১০০০ রুপি বেশি। বর্তমানে বাইকটির ড্রাম ভ্যারিয়েন্টের দাম ৮৯ হাজার ৯৯৯ রুপি, ডিস্ক ভ্যারিয়েন্ট ৯৯ হাজার ৯৯৯ রুপি এবং নতুন এবিএস ভ্যারিয়েন্ট ১ লাখ ১ হাজার রুপিতে বিক্রি হচ্ছে। সামান্য কিছু অতিরিক্ত খরচে উন্নত নিরাপত্তা পাওয়ার সুযোগ থাকায় ক্রেতাদের কাছে এই মডেলটি বাড়তি গুরুত্ব পাবে।
আরও পড়ুন: এক লাখের মধ্যে সেরা মাইলেজ ও কম রক্ষণাবেক্ষণ খরচের বাইক
ইঞ্জিন ও রাইডিং ফিচার
গ্ল্যামার এক্স ১২৫-এর মূল ইঞ্জিনে কোনো পরিবর্তন আনা হয়নি। বাইকটিতে বহাল রয়েছে সেই ১২৫ সিসির শক্তিশালী ইঞ্জিন, যা সর্বোচ্চ ১১.৪ হর্সপাওয়ার শক্তি উৎপন্ন করতে সক্ষম। রাইডারদের সুবিধার জন্য ইঞ্জিনের সঙ্গে তিনটি ভিন্ন রাইডিং মোড দেওয়া হয়েছে, যাতে প্রয়োজন অনুযায়ী চালানোর ধরন পরিবর্তন করা যায়। এছাড়াও আগের মডেলের জনপ্রিয় ক্রুজ কন্ট্রোল এবং নানা ধরনের কানেক্টেড ফিচারও এই নতুন এবিএস ভ্যারিয়েন্টে অক্ষুণ্ণ রাখা হয়েছে।

১২৫ সিসি সেগমেন্টে প্রতিযোগিতার দৌড়
সিঙ্গল-চ্যানেল এবিএস যুক্ত হওয়ার ফলে গ্ল্যামার এক্স ১২৫ এখন বাজারে থাকা সেই সমস্ত ১২৫ সিসি মোটরসাইকেলের তালিকায় নাম লেখাল, যেগুলোতে উন্নত নিরাপত্তার এই সুবিধাটি রয়েছে। বর্তমানে এই সেগমেন্টে টিভিএস রাইডার ১২৫, হোন্ডা সিবি১২৫ হর্নেট এবং হিরোর নিজস্ব এক্সট্রিম ১২৫আর-এর মতো জনপ্রিয় বাইকগুলো প্রতিযোগিতা করছে। এর মধ্যে এক্সট্রিম ১২৫আর আবার ডুয়াল-চ্যানেল এবিএস ভ্যারিয়েন্টেও পাওয়া যায়। সব মিলিয়ে, মাত্র ১০০০ রুপি অতিরিক্ত দামে এবিএস যুক্ত করে হিরো মোটোকর্প ১২৫ সিসি সেগমেন্টে তাদের প্রতিদ্বন্দ্বী ব্র্যান্ডগুলোর ওপর চাপ আরও বাড়িয়ে দিল।
এজেড