অটোমোবাইল ডেস্ক
০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ এএম
ভারতের ইলেকট্রিক টু-হুইলার বাজারে ২০২৬ সালের আগস্টে নিজেদের শীর্ষস্থান সফলভাবে ধরে রেখেছে টিভিএস মোটর কোম্পানি। মাসিক রেজিস্ট্রেশনের হিসেবে এই সময়ের মধ্যে সবচেয়ে বেশি বৈদ্যুতিক দুই চাকার গাড়ি বিক্রি করেছে সংস্থাটি। তবে পুরো বাজারে সবচেয়ে বড় চমক দেখিয়েছে বাজাজ অটো, যাদের রেজিস্ট্রেশন গত বছরের তুলনায় এক লাফে ২৩৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
আগস্টে টিভিএস মোটর কোম্পানির ইলেকট্রিক টু-হুইলার রেজিস্ট্রেশন পৌঁছেছে ৪৮,৮৭৩ ইউনিটে। আগের বছর একই সময়ে এই সংখ্যা ছিল ২৫,৫৫৬ ইউনিট, যার ফলে বার্ষিক বৃদ্ধির হার দাঁড়িয়েছে ৯১ শতাংশ। এই শক্তিশালী পারফরম্যান্সের সুবাদে অগস্টে বাজারের প্রায় ২৭ শতাংশ দখল নিজেদের হাতে রেখেছে টিভিএস। এই সাফল্যের পেছনে মূলত আইকিউব এবং অরবিটার মডেলগুলোর বড় অবদান রয়েছে।

টিভির ঠিক পরেই শক্ত অবস্থান তৈরি করে নিয়েছে বাজাজ অটো। আগস্টে সংস্থাটি ৪১,০১৯ ইউনিট ইলেকট্রিক টু-হুইলার রেজিস্টার করেছে, যেখানে গত বছর একই সময়ে বিক্রি হয়েছিল মাত্র ১২,২৪৬ ইউনিট। এর ফলে বার্ষিক হিসাবে তাদের বিক্রি বেড়েছে ২৩৫ শতাংশ এবং বাজারের ২২ শতাংশ দখল নিয়ে টিভিএসের ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে বাজাজ। এই সেগমেন্টে এখনও কোম্পানির মূল ভরসা হয়ে রয়েছে তাদের জনপ্রিয় চেতক স্কুটার।
আরও পড়ুন: অটোরিকশায় চাকা কেন তিনটি?
তালিকায় তৃতীয় স্থানে থাকা এথার এনার্জির আগস্টে রেজিস্ট্রেশন হয়েছে ২৮,৭০৮ ইউনিট, যা গত বছরের তুলনায় ৪৯ শতাংশ বেশি। অন্যদিকে হিরো মোটোকর্পের ভিডা ১৮,৯৭৮ ইউনিট বিক্রি করে ৩৮ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি অর্জন করেছে। তবে এই বাজারের একসময়ের শীর্ষস্থানীয় নাম ওলা ইলেকট্রিকের পারফরম্যান্স বেশ দুর্বল দেখা গেছে। অগস্টে ওলার রেজিস্ট্রেশন হয়েছে ১৩,৮৪৯ ইউনিট, যা গত বছরের তুলনায় ২৯ শতাংশ কম।

শীর্ষ দশের বাকি ব্র্যান্ডগুলোর মধ্যেও উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করা গেছে। গ্রেভস ই-মবিলিটি ৮,৬১২ ইউনিট বিক্রি করে ৮৯ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। এছাড়া রিভার মবিলিটি ১৭০ শতাংশ এবং বিসাস অটো ১৮০ শতাংশ বৃদ্ধি দেখিয়েছে। তবে সমস্ত রেকর্ড ছাড়িয়ে গেছে মোটোভোল্ট মবিলিটি, যাদের বিক্রি এক বছরে ৫০৯ শতাংশ বেড়ে ১,৩৬৫ ইউনিটে পৌঁছেছে। নতুন মডেলের আগমন ও গ্রাহকদের আগ্রহ বাড়ায় আগামী দিনে ভারতের বৈদ্যুতিক টু-হুইলার বাজারে প্রতিযোগিতা যে আরও তীব্র হবে, তা বলাই বাহুল্য।
এজেড