Dhaka Mail Logo

অটোমোবাইল

পেট্রোল-অকটেনের বদলে ইথানল-চালিত মোটরসাইকেল আনল ইয়ামাহা

অটোমোবাইল ডেস্ক

১৭ জুলাই ২০২৬, ১২:৩৫ পিএম

ভারতের ফ্লেক্স-ফুয়েলের মোটরসাইকেলের বাজারে নতুন সংযোজন করল ইন্ডিয়া ইয়ামাহা মোটর। সংস্থাটি তাদের নতুন 'ইয়ামাহা এফজেড ব্লু ফ্লেক্স' মোটরসাইকেল বাজারে এনেছে, যার প্রারম্ভিক এক্স-শোরুম দাম ১ লাখ ২৪ হাজার ২৪০ রুপি। পরিবেশবান্ধব যানবাহনের দিকে এটি একটি বড় পদক্ষেপ। জনপ্রিয় এফজেড প্ল্যাটফর্মের ওপর ভিত্তি করেই এই বাইকটি তৈরি করা হয়েছে।

এই বাইকের সবচেয়ে বড় বিশেষত্ব হলো, এটি ই২০ থেকে শুরু করে ই৮৫ পর্যন্ত বিভিন্ন মাত্রার ইথানল-মিশ্রিত জ্বালানি ব্যবহার করতে সক্ষম। এতে থাকা ১৪৯ সিসির এয়ার-কুলড, ফুয়েল-ইনজেক্টেড, সিঙ্গল-সিলিন্ডার ইঞ্জিনটিকে উচ্চ মাত্রার ইথানল জ্বালানির সঙ্গে মানানসই করে আপডেট করা হয়েছে। ইয়ামাহার দাবি, বিভিন্ন মাত্রার ইথানল মিশ্রণ ব্যবহার করলেও দৈনন্দিন কর্মক্ষমতায় কোনো সমস্যা হবে না।

2026_yamaha_fz_blue_flex_e85_flex_fuel_compatible_motorcycle_featured_92d3c815ee

বাইকটিতে থাকা ১৪৯ সিসির ইঞ্জিন থেকে ১১.৩ বিএইচপি শক্তি এবং ১২.৮ নিউটন-মিটার টর্ক উৎপন্ন হয়। এর সাথে যুক্ত রয়েছে ৫-গতির গিয়ারবক্স, যা শহর এবং হাইওয়ে—দুই জায়গাতেই সাবলীলভাবে চালানোর উপযোগী।

আরও পড়ুন: অফিসে যাতায়াতের জন্য হোন্ডার সেরা ৫টি মোটরসাইকেল

নতুন এই বাইকের ডিজাইনে এফজেড সিরিজের পরিচিত স্টাইল বজায় রাখা হয়েছে। এতে রয়েছে ফুল-এলইডি প্রজেক্টর হেডল্যাম্প, ইন্টিগ্রেটেড পজিশন ল্যাম্প, সুঠাম ফুয়েল ট্যাঙ্ক, অ্যারোডাইনামিক বডিওয়ার্ক, কমপ্যাক্ট এক্সহস্ট, এলইডি টেলল্যাম্প এবং সিঙ্গল-পিস সিট। বর্তমানে এটি মেটালিক ব্ল্যাক রঙে পাওয়া যাচ্ছে।

22_Yamaha_FZ_S_FI_V4_04841d1ed1

সাসপেনশনের জন্য সামনে টেলিস্কোপিক ফর্ক এবং পেছনে মনোশক ব্যবহার করা হয়েছে। নিরাপত্তার জন্য রয়েছে সিঙ্গল-চ্যানেল এবিএস (অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম)। বাইকটিতে এলসিডি ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার দেওয়া হলেও আধুনিক ব্লুটুথ কানেক্টিভিটি, টার্ন-বাই-টার্ন নেভিগেশন কিংবা ট্র্যাকশন কন্ট্রোলের মতো ফিচার রাখা হয়নি। অর্থাৎ, সংস্থাটি এই মডেলে সাধারণ ও ব্যবহারিক বিষয়ের ওপরই বেশি গুরুত্ব দিয়েছে।

 

প্রথম পর্যায়ে এই বাইকটি ভারতের দিল্লি, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, কর্নাটক, তেলঙ্গানা এবং তামিলনাড়ুর নির্বাচিত 'ব্লু স্কয়ার' ডিলারশিপগুলোতে পাওয়া যাবে। অটোমোবাইল বিশেষজ্ঞদের মতে, ভারতে ইথানল-ভিত্তিক জ্বালানির ব্যবহার বাড়লে এই ধরনের প্রযুক্তির মোটরসাইকেলের চাহিদা ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে।

এজেড