অটোমোবাইল ডেস্ক
১১ জুলাই ২০২৬, ০৯:০৬ এএম
বর্ষা এলেই রাস্তাঘাটে পানিতে জমে থাকা একটি সাধারণ চিত্র। টানা বৃষ্টিতে নিচু এলাকা থেকে শুরু করে প্রধান সড়ক, অনেক জায়গায়ই পানি জমে যায়। অনেক সময় আমরা না বুঝে সেই জলমগ্ন রাস্তা দিয়েই গাড়ি চালিয়ে ফেলি। কিন্তু আপনি জানেন কি, পেট্রোল, ডিজেল বা ইলেকট্রিক (EV), যে ধরনের গাড়িই হোক না কেন, জমে থাকা পানিতে গাড়ি নামানো ডেকে আনতে পারে বড় ধরনের বিপদ?
জলমগ্ন রাস্তায় কেন গাড়ি চালানো ঝুঁকিপূর্ণ?
অনেক গাড়ি নির্মাতা সংস্থা দাবি করে, তাদের গাড়ি নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত পানি পেরিয়ে যেতে পারে। কিন্তু বাস্তব পরিস্থিতি অনেকটাই আলাদা। রাস্তার জমা পানি টায়ারের মাধ্যমে ইঞ্জিনে পৌঁছে যেতে পারে। এতে ইঞ্জিন মাঝপথেই বন্ধ হয়ে যায়। আর ইলেকট্রিক গাড়ির ক্ষেত্রে পানি সরাসরি মোটরে প্রবেশ করতে পারে। এমন পরিস্থিতিতে গাড়ি স্টার্ট করার চেষ্টা করা একদমই উচিত নয়।
হাইড্রোলক (Hydrolock) কী?
পেট্রোল বা ডিজেল চালিত গাড়িতে পানি ঢুকে যখন সিলিন্ডার পর্যন্ত পৌঁছে যায়, তখন ইঞ্জিনে 'হাইড্রোলক' বা ইঞ্জিন লক হওয়ার সমস্যা তৈরি হয়। পানি পিস্টন এবং ইঞ্জিনের গুরুত্বপূর্ণ অংশে ঢুকে পড়লে ইঞ্জিনটি অকেজো হয়ে যায়। এতে ইঞ্জিনের ভিতরের যন্ত্রাংশ বেঁকে যেতে পারে বা পুরোপুরি নষ্ট হয়ে যেতে পারে। এই অবস্থায় পুরো ইঞ্জিন খুলে মেরামত করতে হয়, যা অত্যন্ত ব্যয়বহুল।
আরও পড়ুন: বৃষ্টি ভেজা রাস্তায় কোন ড্রাইভিং মোডে গাড়ি চালানো নিরাপদ?
ইলেকট্রনিক ও বৈদ্যুতিক যন্ত্রাংশের ঝুঁকি
জমা পানি গাড়ির ইলেকট্রনিক সিস্টেমে ঢুকে পড়লে তা মারাত্মক ক্ষতির কারণ হয়। এর ফলে ইঞ্জিন কন্ট্রোল ইউনিট (ECU), সেন্সর, ওয়্যারিং এবং ফিউজ ক্ষতিগ্রস্ত হতে পারে। এছাড়া ইলেকট্রিক গাড়ির ব্যাটারি সাধারণত ওয়াটার-রেজিস্ট্যান্ট হলেও, দীর্ঘক্ষণ পানিতে দাঁড়িয়ে থাকলে ব্যাটারি প্যাক ও হাই-ভোল্টেজ কম্পোনেন্ট নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এমন অবস্থায় গাড়ি স্টার্ট না করে বরং টো করে সার্ভিস সেন্টারে নিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ।
ব্রেক, ক্লাচ ও ইঞ্জিন অয়েলের ওপর প্রভাব
দীর্ঘ সময় পানি জমে থাকা রাস্তায় গাড়ি চালালে ব্রেক প্যাড ও ডিস্কের কার্যকারিতা কমে যায়। ফলে ব্রেক ঠিকমতো কাজ না করার ঝুঁকি থাকে। এছাড়া ম্যানুয়াল গাড়ির ক্ষেত্রে ক্লাচ প্লেটে পানি ঢুকে তা নষ্ট হয়ে যেতে পারে। সেই সঙ্গে ইঞ্জিনে জল ঢুকলে ইঞ্জিন অয়েল দূষিত হয়ে যায়, যার ফলে যন্ত্রাংশের লুব্রিকেশন ঠিকমতো হয় না এবং ঘর্ষণ বেড়ে ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়।
বর্ষায় গাড়ি চালানোর সতর্কতা
খুব জরুরি প্রয়োজন ছাড়া বর্ষায় গাড়ি নিয়ে বের না হওয়াই ভালো।
পানি জমে আছে এমন রাস্তা এড়িয়ে চলুন।
সামনের গাড়ির থেকে সবসময় নিরাপদ দূরত্ব বজায় রাখুন।
গাড়ির গতি নিয়ন্ত্রণে রাখুন এবং বৃষ্টির সময় দৃশ্যমানতা বাড়ানোর জন্য অবশ্যই হেডলাইট জ্বালিয়ে রাখুন।
বিমা বা ইন্স্যুরেন্সের সুবিধা
আপনার গাড়ির যদি কমপ্রিহেনসিভ ইন্স্যুরেন্স থাকে এবং তাতে 'ফ্লাড' বা 'ওয়াটার ড্যামেজ' কভার অন্তর্ভুক্ত থাকে, তবে গাড়ি পানিতে ডুবে ক্ষতিগ্রস্ত হলে বিমার দাবি করা সম্ভব। তবে মনে রাখবেন, ইঞ্জিনে পানি ঢুকে ইঞ্জিন নষ্ট হলে অনেক সময় বিমা কোম্পানি দাবি খারিজ করে দিতে পারে। তাই আপনার বিমার শর্তাবলি আগে থেকেই ভালো করে পড়ে নেওয়া জরুরি।
এজেড