বর্ষাকালে বৃষ্টির কারণে রাস্তাঘাট পিচ্ছিল হয়ে পড়ে, যা দুর্ঘটনার ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়। এই পরিস্থিতিতে কেবল সতর্কতা নয়, গাড়ির সঠিক ড্রাইভিং মোড নির্বাচন করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার গাড়িতে থাকা বিভিন্ন ড্রাইভিং মোড পরিস্থিতির ওপর ভিত্তি করে গাড়ির ভারসাম্য নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। তাই বৃষ্টির দিনে গাড়ি চালানোর সময় সঠিক মোড বেছে নেওয়ার পরামর্শ দিচ্ছেন অটো বিশেষজ্ঞরা।

বর্ষাকালে কেন স্পোর্ট মোড (Sport Mode) এড়িয়ে চলবেন
রাস্তা ভেজা থাকলে স্পোর্ট মোড ব্যবহার করা একেবারেই উচিত নয়। এই মোড মূলত গাড়ির ইঞ্জিনের পূর্ণ শক্তি এবং দ্রুত টর্ক চাকার কাছে পৌঁছে দেওয়ার জন্য ডিজাইন করা হয়েছে, যা শুকসা রাস্তায় ভালো পারফরম্যান্স দিলেও ভেজা রাস্তায় ভারসাম্য নষ্ট করতে পারে। ভেজা রাস্তায় টায়ারের গ্রিপ এমনিতেই কম থাকে, তার ওপর স্পোর্ট মোডের অতিরিক্ত টর্ক টায়ারের গ্রিপ আরও কমিয়ে দেয়। ফলে গাড়ি পিছলে গিয়ে চালকের নিয়ন্ত্রণ হারানোর প্রবল সম্ভাবনা থাকে।
আরও পড়ুন: বৃষ্টির দিনে ড্রাইভ করার আগে গাড়ির কাচ পরিষ্কার করবেন যেভাবে
ইকো মোড (Eco Mode): বৃষ্টির সময়ের সবচেয়ে নিরাপদ সঙ্গী
অনেক বিশেষজ্ঞই বৃষ্টির সময় ইকো মোড ব্যবহারের পরামর্শ দেন। মূলত জ্বালানি সাশ্রয়ের জন্য তৈরি হলেও, বর্ষায় এটি গাড়ির নিয়ন্ত্রণ বজায় রাখতে দারুণ কার্যকর। ইকো মোডে অ্যাক্সিলারেটর চাপলে ইঞ্জিনের শক্তি অনেক ধীর এবং মসৃণভাবে চাকার কাছে পৌঁছায়। এতে টায়ারের গ্রিপ অটুট থাকে এবং পানি বা কাদাযুক্ত রাস্তায় গাড়ি স্কিড বা পিছলে যাওয়ার ঝুঁকি অনেকাংশেই কমে যায়।

নরমাল মোড (Normal Mode) ব্যবহারের সতর্কতা
গাড়িতে যদি ইকো মোড না থাকে, তবে নরমাল মোড ব্যবহার করা যেতে পারে। এটি শক্তি এবং নিয়ন্ত্রণের মধ্যে একটি ভারসাম্য তৈরি করে। তবে যদি রাস্তায় বেশি পরিমাণে পানি জমে থাকে, তবে নরমাল মোডেও গাড়ির গতি অত্যন্ত কম রাখা জরুরি। বৃষ্টির পর রাস্তা কিছুটা শুকিয়ে এলে হাইওয়েতে গাড়ি চালানোর জন্য এই মোডটি উপযোগী।

রেইন বা ওয়েট মোড (Rain/Wet Mode) থাকলে সেটিই বেছে নিন
বর্তমানে অনেক আধুনিক ও প্রিমিয়াম গাড়িতে বিশেষ 'রেইন মোড' বা 'ওয়েট মোড' থাকে। এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে, গাড়ির কম্পিউটার সিস্টেম নিজে থেকেই টায়ারের গ্রিপ ঠিক রাখতে এবং চাকাকে পিছলে যাওয়া থেকে রক্ষা করতে কাজ করে। আপনার গাড়িতে যদি এই প্রযুক্তিটি থাকে, তবে বৃষ্টির সময় অন্য কোনো মোড না খুঁজে সরাসরি এই মোডটি ব্যবহার করাই সবচেয়ে নিরাপদ।
এজেড



