অটোমোবাইল ডেস্ক
২৩ মে ২০২৬, ১২:০২ পিএম
ভারতের গাড়ি বাজারে বাজেট হ্যাচব্যাক সেগমেন্টে বড় ধরনের আলোড়ন সৃষ্টি করতে চলেছে টাটা মোটরস। মধ্যবিত্তের অত্যন্ত জনপ্রিয় এন্ট্রি লেভেল গাড়ি 'টাটা টিয়াগো' এবার সম্পূর্ণ নতুন রূপে, আরও প্রিমিয়াম ডিজাইন ও আধুনিক সব ফিচার নিয়ে বাজারে আসছে। ভারতের অন্যতম শীর্ষস্থানীয় গাড়ি নির্মাতা সংস্থা টাটা মোটরস ইতিমধ্যেই তাদের নতুন '২০২৬ টাটা টিয়াগো ফেসলিফ্ট' মডেলের পেট্রোল এবং বৈদ্যুতিক (ইভি)—উভয় ভ্যারিয়েন্টের আনুষ্ঠানিক টিজার প্রকাশ করেছে। নতুন নেক্সন গাড়ি থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা এই নতুন মডেলটিতে গ্রাহকদের সুরক্ষার জন্য থাকছে স্ট্যান্ডার্ড ৬টি এয়ারব্যাগ এবং আধুনিক প্রযুক্তির দারুণ সব চমক। আগামী ২৮ মে গাড়িটি আনুষ্ঠানিকভাবে ভারতের বাজারে লঞ্চ হতে পারে।
কোম্পানির পক্ষ থেকে প্রকাশিত টিজার এবং বিভিন্ন ছবি থেকে স্পষ্ট যে, নতুন টিয়াগো আগের মডেলগুলোর তুলনায় অনেক বেশি আকর্ষণীয় ও আধুনিক ডিজাইনে তৈরি করা হয়েছে। গাড়ির সামনে থাকছে চমৎকার গ্লসি ব্ল্যাক গ্রিল, স্লিম আকৃতির এলইডি হেডল্যাম্প এবং নেক্সনের মতো শক্তিশালী লুক। এর পাশাপাশি পাশে থাকছে নতুন ডিজাইনের অ্যালয় হুইল এবং পেছনে কানেক্টেড এলইডি টেলল্যাম্প। নতুন রঙের ক্ষেত্রে গ্রাহকদের জন্য কোরাল অরেঞ্জ এবং মিন্ট গ্রিন কালার অপশন রাখা হতে পারে। পেট্রোল এবং ইভি মডেলের ডিজাইন প্রায় একই রকম হলেও, ইভি ভ্যারিয়েন্টের সামনের অংশটি কিছুটা বন্ধ বা ক্লোজড ডিজাইনের হবে।

গাড়ির ভেতরের কেবিনেও গ্রাহকদের প্রিমিয়াম অনুভূতি দিতে আনা হয়েছে বিশাল পরিবর্তন। নতুন টাটা টিয়াগোতে মিলবে ১০.২৫ ইঞ্চির বড় টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম, যা ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপল কারপ্লের মাধ্যমে স্মার্টফোনের সাথে যুক্ত করা যাবে। এ ছাড়াও থাকছে আপডেটেড ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, পুশ বাটন স্টার্ট, কি-লেস এন্ট্রি এবং আধুনিক কানেক্টেড কার টেকনোলজি। নিরাপত্তার দিক থেকে বড় আপগ্রেড হিসেবে এই গাড়িতে স্ট্যান্ডার্ড ৬টি এয়ারব্যাগ দেওয়া হচ্ছে। এর সাথে কর্নারিং ব্রেক কন্ট্রোল এবং ৩৬০ ডিগ্রি ক্যামেরার মতো চমৎকার সেফটি ফিচারও থাকতে পারে, যা গ্লোবাল এনক্যাপ ক্র্যাশ টেস্টে গাড়িটির আগের ৪-স্টার সেফটি রেটিংকে আরও মজবুত করবে।
আরও পড়ুন: শতভাগ ইথানল চালিত গাড়ি আনছে টাটা মটরস
নতুন এই গাড়ির ইঞ্জিন ও পাওয়ারের কথা বললে, পেট্রোল ভ্যারিয়েন্টে ১.২ লিটার ন্যাচারালি অ্যাসপিরেটেড ইঞ্জিন এবং সিএনজি ভ্যারিয়েন্ট দুটোই বাজারে পাওয়া যাবে। এতে ম্যানুয়াল এবং এএমটি—উভয় ট্রান্সমিশন বা গিয়ার অপশন থাকবে। পেট্রোল মডেলে প্রতি লিটারে ২০ কিলোমিটারের বেশি মাইলেজ দাবি করা হতে পারে এবং সিএনজিতে মাইলেজ মিলবে আরও অনেক বেশি। অন্যদিকে, টিয়াগো ইভি বা বৈদ্যুতিক মডেলে দুটি ব্যাটারি অপশন থাকবে; যার মধ্যে ২৪ কিলোওয়াট আওয়ারের লং রেঞ্জ ব্যাটারিটি ফুল চার্জে প্রায় ২৯৩ কিলোমিটার পর্যন্ত পথ চলার সুবিধা দেবে। ডিসি ফাস্ট চার্জারের সাহায্যে মাত্র ৫৮ মিনিটে এই গাড়ির ব্যাটারি ১০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত চার্জ করা সম্ভব হবে।
লঞ্চের আগেই গাড়িটির সম্ভাব্য দামের একটি ধারণা পাওয়া গেছে। নতুন ডিজাইন ও আকর্ষণীয় ফিচারের কারণে আগের চেয়ে দাম কিছুটা বাড়তে পারে। পেট্রোল (আইসিই) ভ্যারিয়েন্টের এক্স-শোরুম দাম শুরু হতে পারে প্রায় ৪.৮ লাখ রুপি থেকে, যা টপ মডেলের জন্য ৮ লাখ রুপি পর্যন্ত যেতে পারে। অপরদিকে, ব্যাটারি চালিত টিয়াগো ইভি-র দাম শুরু হতে পারে ৮ লাখ রুপি থেকে এবং তা ১১ থেকে ১২ লাখ রুপি পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
বাজারে আসার পর নতুন টিয়াগো ফেসলিফ্ট মডেলটি মারুতি সুইফট, হুন্ডাই গ্র্যান্ড আইটেন নিওস এবং ওয়াগনআর-এর মতো জনপ্রিয় গাড়িগুলোর সাথে সরাসরি টক্কর দেবে। বাজেট হ্যাচব্যাক কিংবা সাশ্রয়ী মূল্যের বৈদ্যুতিক গাড়ি যারা খুঁজছেন, তাদের জন্য এটি একটি চমৎকার বিকল্প হতে পারে।
এজেড