অটোমোবাইল ডেস্ক
২৮ এপ্রিল ২০২৬, ০৩:০৭ এএম
ভারতের অটোমোবাইল বাজারে নিজেদের আধিপত্য আরও সুসংহত করতে বড়সড় ধামাকা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে টাটা মোটরস। টাটা নেক্সনের অভাবনীয় সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে এবার আরও পাঁচটি নতুন মডেল বাজারে ছাড়ার পরিকল্পনা করছে কোম্পানিটি। এই তালিকায় যেমন রয়েছে জনপ্রিয় মডেলগুলোর ফেসলিফ্ট সংস্করণ, তেমনই পরিবেশবান্ধব ইলেকট্রিক ভেহিকল (EV) সেগমেন্টেও একগুচ্ছ চমক দিতে চলেছে টাটা।
নতুন লুকে ফিরছে টাটা সিয়েরা ইভি
টাটার আসন্ন লাইনআপে সবথেকে বেশি চর্চা হচ্ছে ‘টাটা সিয়েরা ইভি’ (Tata Sierra EV) নিয়ে। ২০২৫ সালে সিয়েরার আইসিই (ICE) মডেল বাজারে আসার পর থেকেই এর ইলেকট্রিক ভ্যারিয়েন্টের জন্য অধীর অপেক্ষায় আছেন গ্রাহকরা। জানা গেছে, সিয়েরা ইভির মূল নকশায় পুরনো আভিজাত্য বজায় থাকলেও এর বাম্পার, গ্রিল এবং অ্যালয় হুইলে থাকবে অত্যাধুনিক ও প্রিমিয়াম ছোঁয়া।
সাফারি ইভি ও টিয়াগোর নতুন সংস্করণ
হ্যারিয়ার ইভির ব্যাপক জনপ্রিয়তার পর কোম্পানি এবার ‘সাফারি ইভি’ (Safari EV) আনার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। ২০২৪ সাল থেকে পরীক্ষামূলকভাবে চলা এই গাড়িটি হ্যারিয়ার ইভির প্ল্যাটফর্মেই তৈরি হচ্ছে।
অন্যদিকে, মধ্যবিত্তের পছন্দের শীর্ষে থাকা ‘টিয়াগো’ (Tiago) এবং ‘টিয়াগো ইভি’ এবার ধরা দেবে একদম নতুন অবতারে। নতুন ডিজাইনের গ্রিল, হেডল্যাম্প এবং টেলল্যাম্পের মাধ্যমে গাড়িটিকে আরও স্টাইলিশ লুক দেওয়া হচ্ছে, যদিও এর ব্যাটারি বা ইঞ্জিনে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।
তুরুপের তাস টাটা অভিন্যা এক্স
টাটার ইভি বিপ্লবের মূল আকর্ষণ হতে চলেছে ‘টাটা অভিন্যা এক্স’ (Tata Avinya X)। ২০২৫-এর মোবিলিটি এক্সপোতে প্রথম প্রকাশ্যে আসা এই গাড়িটি টাটার জেনারেশন-৩ আর্কিটেকচারের ওপর ভিত্তি করে তৈরি।
আরও পড়ুন: গরমে বাইকের ইঞ্জিনের সুরক্ষায় কোন গ্রেডের ইঞ্জিন অয়েল ভালো?
প্রিমিয়াম ইলেকট্রিক এসইউভি সেগমেন্টে এটি টাটার প্রথম সাহসী পদক্ষেপ। স্টাইলিশ লুক এবং অত্যাধুনিক এলইডি ডিআরএল (DRL) সমৃদ্ধ এই গাড়িটি দিয়ে লাক্সারি ইভি বাজারে বিশ্ববিখ্যাত ব্র্যান্ডগুলোকে কড়া টক্কর দিতে প্রস্তুত টাটা মোটরস।
নেক্সন ফেসলিফ্টে আধুনিকতার ছোঁয়া
পিছিয়ে নেই টাটা নেক্সনও। দীর্ঘ প্রতীক্ষিত এই ফেসলিফ্ট মডেলে দেখা যেতে পারে একেবারে নতুন ড্যাশবোর্ড লেআউট এবং রিডিজাইন করা রিয়ার প্রোফাইল। উন্নত প্রযুক্তি আর আধুনিক ফিচারের সমন্বয়ে আগামী কয়েক মাস দেশের গাড়ি প্রেমীদের জন্য অত্যন্ত উত্তেজনার হতে চলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
এজেড