অটোমোবাইল ডেস্ক
১২ এপ্রিল ২০২৪, ১২:২৯ পিএম
মুকেশ আম্বানির নাম অনেকেই জানেন। এশিয়ার সবথেকে ধনী ব্যক্তি মুকেশ। তার স্ত্রী নীতা আম্বানি। রাজকীয় জীবন-যাপন করেন তিনি। সম্প্রতি ঝাঁ চকচকে একটি গাড়ি কিনে তাক লাগিয়েছেন। ব্রিটিশ ব্র্যান্ডের তৈরি রোলস রয়েস ফ্যান্টম এইট মডেল কিনেছেন নীতা আম্বানি। ভেলভেট রঙের এই গাড়ি ভারতে খুব কম জনের কাছেই রয়েছে। এটি তার দ্বিতীয় রোলস রয়েস।
আরও পড়ুন: স্টিভ জবস নম্বর প্লেট ছাড়াই গাড়ি চালাতেন
গত বছর মুকেশ আম্বানি তাকে রোলস রয়েস কুলিনান গাড়িটি উপহার দেন। যার দাম প্রায় ১০ কোটি রুপি। এই গাড়ি বলিউড বাদশা শাহরুখ খানের কাছেও রয়েছে। নতুন যে গাড়িটি তিনি কিনেছেন তাই এককথায় অনবদ্য। শুধু লুক নয়, ইঞ্জিন শক্তি এবং বিলাসবহুল বৈশিষ্ট্যর দিক দিয়ে চমৎকার।

রোলস রয়েস ফ্যান্টম এইট মডেলের গাড়ির বিশেষত্ব
গোলাপের মতো নিখুঁত শিল্প রয়েছে গাড়িতে। ভেতরে রয়েছে অর্কিড ভেলভেট ইন্টিরিয়র। আরামের জন্য হেডরেস্ট, অটোমেটিক ক্লাইমেট জোনসহ গুচ্ছের ফিচার্স রয়েছে। যিনি গাড়িটি চালাবেন তার জন্য রয়েছে আলাদা ডিসপ্লে এবং অন্যান্য ব্যবস্থা। রোলস রয়েস তার প্রিমিয়াম ইন্টিরিয়র ডিজাইনের জন্য বিশ্ব বিখ্যাত।
গাড়ির যে হেডরেস্ট রয়েছে তাতে লেখা এনএমএ অর্থাৎ নীতা মুকেশ আম্বানি। এই ধরনের কাস্টমাইজেশন একমাত্র রোলস রয়েসের গাড়িতেই দেখতে পাওয়া যায়। চার চাকার বাজারমূল্য ১২ কোটি রুপি। গাড়ির বিশেষত্ব এখানেই শেষ নয়।

৬ মিলিমিটার পুরু স্তর যুক্ত ১৩০ কেজি সাউন্ড ইন্সুলেশন রয়েছে গাড়ির প্রতিটি জানলায়। পাশাপাশি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল, ইনফোটেনমেন্ট ডিসপ্লে-সহ একাধিক স্মার্ট ফিচার্স রয়েছে গাড়িতে।
গাড়ির ইঞ্জিনের কথা যদি বলি, তাহলে এতে রয়েছে ৬.৭৫ লিটার ভি১২ ইঞ্জিন। যা সর্বোচ্চ ৫৭১ হর্সপাওয়ার এবং ৯০০ এনএম টর্ক তৈরি করতে পারে। সঙ্গে অটোমেটিক ট্রান্সমিশন। গাড়িতে রয়েছে অ্যালমুনিয়াম স্পেস ফ্রেম।

জানলে অবাক হবেন, ব্রিটিশ ব্র্যান্ড রোলস রয়েস গ্রাহকদের ৪৪ হাজার রঙ অফার করে গাড়ির জন্য। আর প্রত্যেকটি প্রিমিয়াম পেইন্ট স্কিম। যে কারণে গাড়ির দাম থাকে আকাশছোঁয়া। রোলস রয়েসকে বিশ্বের সবথেকে বিলাসবহুল গাড়ি প্রস্তুতকারক সংস্থা হিসাবে বিবেচনা করা হয়।
এজেড