Dhaka Mail Logo

শিল্প ও সাহিত্য

দেশবরেণ্য কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস পালন

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৩ নভেম্বর ২০২৬, ১২:২৫ পিএম

নানা আয়োজনের মধ্য দিয়ে নারী আন্দোলনের অন্যতম পুরোধা ও বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস পালন করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) এ উপলক্ষে রাজধানীর সেগুনবাগিচায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ের আনোয়ারা বেগম-মুনিরা খান মিলনায়তনে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেমের সভাপতিত্বে এবং সংগঠন উপপরিষদের সিনিয়র প্রোগ্রাম অফিসার ফজিলা খাতুন লতার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা কবির বর্ণাঢ্য জীবন ও আদর্শের ওপর বিস্তারিত আলোচনা করেন।

অনুষ্ঠানের শুরুতে প্রয়াত কবির প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর কমিটির নেত্রীবৃন্দ এবং ঢাকা ওয়াইডব্লিউসিএ অব বাংলাদেশের প্রতিনিধিবৃন্দ। এরপর মহিলা পরিষদের কর্মকর্তাবৃন্দ দুটি দলীয় গান পরিবেশন করেন। 

কবির রচনা থেকে পাঠ করেন প্রশিক্ষণ, গবেষণা ও পাঠাগার উপপরিষদের সদস্য সিরাজুম মুনিরা এবং জারিন তাসনিম চৌধুরী। একক সংগীত পরিবেশন করেন সংগঠন উপপরিষদের সদস্য আফরা আনতারা ও পরিষদের সদস্য পরমা সরকার। 

এ ছাড়া কবির কর্মজীবনের ওপর নির্মিত ‘একি লাবণ্যে পূর্ণ প্রাণে জননী সাহসিকা কবি সুফিয়া কামাল’ শীর্ষক প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।

সভাপতির বক্তব্যে ডা. ফওজিয়া মোসলেম বলেন, কবি সুফিয়া কামাল ছিলেন এমন এক আলোকবর্তিকা, যার জীবন ও আদর্শ তার সময়কে ছাড়িয়ে পরবর্তী প্রজন্মকেও আলোকিত করেছে। বর্তমান সময়ে অন্যায়, অসহিষ্ণুতা, বিদ্বেষ ও মুক্তচিন্তার সংকট মোকাবিলায় তার মতো সাহসী ও বিবেকবান মানুষের প্রয়োজনীয়তা গভীরভাবে অনুভূত হচ্ছে।

নতুন প্রজন্মকে সঠিক নেতৃত্ব ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে কবির আদর্শ অনুসরণের ওপর জোর দেন তিনি।

স্বাগত বক্তব্যে বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু বলেন, প্রয়াণের ২৭ বছর পরও কবি সুফিয়া কামাল আমাদের মাঝে সাহস, ভরসা ও প্রেরণার উৎস হয়ে আছেন। গণতন্ত্র, ভাষার অধিকার, নারী অধিকার ও মহান মুক্তিযুদ্ধসহ বিভিন্ন আন্দোলনে তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সহ-সভাপতি ডা. মাখদুমা নার্গিস রত্না বলেন, কবির জন্ম ও প্রয়াণ দিবসকে কেন্দ্র করে আয়োজিত এই ধরনের সভা সমাজের প্রতিকূল পরিবেশ মোকাবিলা করার জন্য নতুন শক্তি ও সাহস জোগায়।

কবিকন্যা, বিশিষ্ট আইনজীবী ও মানবাধিকারকর্মী সুলতানা কামাল বলেন, বর্তমান সমাজের ক্রমবর্ধমান বিভাজন, অসহিষ্ণুতা ও নৈতিক অবক্ষয় মোকাবিলায় মানুষ গড়ার মানসিকতা এবং সংঘবদ্ধ সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

ঢাকা ওয়াইডব্লিউসিএ অব বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার পূরবী তালুকদার তার বক্তব্যে কবির জীবন, সমাজের প্রতি দায়বদ্ধতা এবং মানবিকতার আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটি, ঢাকাস্থ জাতীয় পরিষদ ও ঢাকা মহানগর কমিটির নেত্রীবৃন্দ, বিভিন্ন উপপরিষদের সদস্য, কেন্দ্রীয় কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিসহ প্রায় একশ জন অতিথি উপস্থিত ছিলেন।

বিইউ/এফএ