রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ঢাকা

প্রয়াণ দিনে কথাসাহিত্যিক হাসান আজিজুল হককে স্মরণ 

‘লিখতে হলে মানুষের জীবন কাছ থেকে দেখতে হয় খুব’

হাবিবুল্লাহ ফাহাদ
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ পিএম

শেয়ার করুন:

‘লিখতে হলে মানুষের জীবন কাছ থেকে দেখতে হয় খুব’
হাবিবুল্লাহ ফাহাদের সঙ্গে তাঁর এই আলাপ হয়েছিল ২০১৯ সালের আগস্টের শেষ ভাগে। এক দুপুরে। ঢাকার পান্থপথে এক গেস্টহাউসে বসে। ছবি: সংগৃহীত

পরাজিত শত্রেুর মতো চুলগুলো সব পিছু হটেছে। সামনের দিকটায় গোটা কয়েক চুল। পাটের আঁশের মতো। তাতেই চিরুনি চালিয়ে বাঁ পাশে সিঁথি কাটলেন। আয়নায় দেখে নিয়ে আবার গোড়া থেকে শুরু করলেন। এবার আরও একটু বাঁয়ে দাগ কেটে চুলগুলো উল্টে দিলেন ডানে। পেছনের ঘন পক্ব কেশে চিরুনিটা বুলি নিয়ে থামলেন। একবার ডানে আরেকবার বাঁয়ে ঘুরে দেখে নিলেন—ঠিকই তো আছে। পরনের কলাপাতা রঙের কোর্তাটা এক হাতে ঝেড়ে নিলেন। তারপর পেছনে তাকিয়ে বললেন, ‘তুমি এলে?’ 

পা ছুঁয়ে সালাম করে বললাম, ‘জি’।

এক হাত কালো হাতলের সোনালি নকশা কাটা লাঠিটায়। অন্য হাতে আমার পিঠে হাত বুলিয়ে বললেন, ‘ফোনে কথা বোঝা যাচ্ছিল না। ঠিকানা খুঁজে পেতে সমস্যা হয়নি তো?’

বললাম, ‘না, তা হয়নি। বসার ঘরের যুগল সোফাটি দেখিয়ে বললাম, এখানটায় বসবেন?’ মাথা নেড়ে বললেন, ‘হুম, বসা যায়।’

সোফায় হেলান দিয়ে বসে দম নিলেন বাংলা গল্পের রাজপুত্র হাসান আজিজুল হক। লাঠিটা দেয়ালের পাশে দাঁড় করিয়ে রাখতে রাখতে বললেন, ‘আমার এক ছাত্রের বইয়ের মোড়ক উন্মোচন হবে বিকেলে। শাহবাগে পাবলিক লাইব্রেরিতে। আমায় খুব করে ধরল। না এসে পারা গেল না। গতকাল রাতে এলাম। আজ থাকব। কাল সকালেই আবার রাজশাহী ফিরব।’ 

হাবিবুল্লাহ ফাহাদের সঙ্গে তাঁর এই আলাপ হয়েছিল ২০১৯ সালের আগস্টের শেষ ভাগে। এক দুপুরে। ঢাকার পান্থপথে এক গেস্টহাউসে বসে। সাক্ষাৎকারটির একটি অংশ ছাপা হয়েছিল মুহাম্মদ মহিউদ্দিন সম্পাদিত সাহিত্য বিষয়ক ছোটকাগজ ‘গল্পকারে।’  

২০২১ সালের ১৫ নভেম্বর তিনিও পাড়ি দেন না-ফেরার দেশে। আজ তাঁর প্রয়াণ দিন। শ্রদ্ধায় স্মরণে তাঁর সেই সাক্ষাৎকারটি পুনঃপ্রকাশ করা হলো।  

জানতে চাইলাম, ‘আপনার শরীর ভালো আছে?’

মৃদু হেসে বললেন, ‘এই যাচ্ছে। বয়স হলে যেমন যায়। আমার বয়সী বন্ধুদের মধ্যে তো অনেকেই নেই। জ্যোতিপ্রকাশ ছিল। এখন আমেরিকাতে আছে। আমি আর হায়াৎ (হায়াৎ মামুদ)। বাকিরা নেই।’ 
হায়াৎ মামুদ স্যারের একটা সাক্ষাৎকার নিলাম কদিন আগে। তিনিও আপনার মতো বললেন।

‘ও আচ্ছা। হায়াতের সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক। ওর স্ত্রী খুকো। খুব ভালো মেয়ে। হায়াতের বাড়িতে গেলে ও কী যে ভালো রান্না করত! অনেক দিন যাওয়া হয়নি। এত দূরে দূরে থাকে সব।’ 

হ্যাঁ, গেন্ডারিয়াতে যাতায়াত একটু কঠিনই বটে। 

‘ওরা ছাড়ল না গেন্ডারিয়া! আমি দু-একবার গিয়েছি। এখন আর সময় হয় না। মাঝেমধ্যে হায়াতের সঙ্গে কথাবার্তা হয় টেলিফোনে। মাঝখানে হায়াতের স্মৃতি খুব একটা ছিল না বলে শুনেছি। এখন বোধ হয় ঠিক হয়েছে।’

হ্যাঁ, ডিমেনশিয়ায় স্মৃতি ঝাপসা হয়ে এসেছে। তবে পুরোনো কথা মনে করিয়ে দিলে ধরতে পারেন।

আহা রে! দীর্ঘশ্বাস ফেললেন। খানিক দম নিয়ে বললেন, ‘রফিক আজাদ আমাদের খুব ভালো বন্ধু ছিল। এখন আছে আবদুল্লাহ আবু সায়ীদ। সেলিনা হোসেন। তোমরা কি সেলিনা হোসেন পড়ো?’

হ্যাঁ, স্যার।

‘খুব ভালো লেখে ও। বয়সে আমাদের ছোট হবে। তুমি কি আমার লেখা পড়েছ?’ 

হ্যাঁ। আপনার অনেক গল্পই কয়েকবার করে পড়েছি। ইচ্ছে হয় আবার পড়ি। 

‘কোনটা বলো তো?’

একটা-দুটো তো নয়। অনেকগুলোই আছে, এই যেমন শকুন, আত্মজা ও একটি করবী গাছ, জীবন ঘষে আগুন। 

হাসান আজুজুল হক

‘হু, আর?’ 

পাতালে হাসপাতালে, পরবাসী।

‘হু, এই?’

আমৃত্যু আজীবন, গুনিন, নামহীন গোত্রহীন...।

‘আগুনপাখি?’ 

হ্যাঁ, বেশ আগে পড়েছি। ইদানীং পড়লাম আপনার আত্মস্মৃতি ‘এই পুরাতন আখরগুলি’।

খানিক হেসে বললেন, ‘আমার ছোটবেলার স্মৃতি। প্রথম খণ্ড—ফিরে যাই ফিরে আসি। দ্বিতীয়টি, উঁকি দিয়ে দিগন্ত। এই পুরাতন আখরগুলি তৃতীয় খণ্ড। সবশেষে আছে দুয়ার থেকে দূরে। ইত্যাদি থেকে চারটি একসঙ্গে বেরিয়েছে। আলাদা আলাদা করেও পাওয়া যায়।’

আপনার লেখা পড়লে সেই সময়ে হারিয়ে যেতে হয়। মনে হয় আপনার পিছু পিছু রাঢ়বঙ্গে ঘুরে বেড়াচ্ছি। আপনি ধরে ধরে সেই সব দিন, আপনার শৈশব-কৈশোরের স্মৃতিবিজড়িত ভূমিতে ঘুরে নিয়ে বেড়াচ্ছেন। 
‘তাই? আসলে রাঢ়বঙ্গ নিয়ে এতটা দরদ দিয়ে আর তো কেউ লেখেনি। আমাদের দিনগুলো ছিল সোনায় মোড়ানো। এখন এগুলো কল্পনাও করা যাবে না। এখনকার ছেলেমেয়েরা তো এসব দিন আর পাবে না।’ বলতে বলতে যেন অতীতে হারিয়ে গেলেন। ঘরের ছাদের দিকে তাকিয়ে কী যেন ভাবতে লাগলেন। 

নতুন কিছু লিখছেন এখন? 

‘লিখতে লিখতে যেটা বন্ধ হয়ে গেল, পত্রিকাটাই বন্ধ হয়ে গেল যে, ওটাই লিখছি।’ 

কোন লেখাটি স্যার? 

‘তরলাবালা। তরলাবালা এক বঙ্গ রমণীর গাথা।’

ঐতিহাসিক কোনো ঘটনাকে কেন্দ্র করে? 

হাসান আজিজুল হক

‘একটা ঘটনা। তখন তোমাদের মনে আছে কি না, তখন তোমরা নিশ্চয়ই অনেক ছোট। ব্রাহ্মণবাড়িয়ায় নিদারাবাদ নামে একটি গ্রামে বিরোজাবালা নামের একজন হিন্দু মহিলা ছিলেন। সাত-আটটি সন্তান আর তার স্বামী, এই তার সংসার ছিল। ব্রাহ্মণবাড়িয়ার কাছে নিদারাবাদ। ট্রেনে একেবারে ওই গ্রামের পাশেই নামা যায়। নিদারাবাদ বাজারে। ওখানে আট ছেলেমেয়ে নিয়ে ছিলেন। স্বামী মুড়ি-মুড়কি বাজারে বিক্রি করতেন। ওখানে একটা নদী আছে, লহুর। লহুর অর্থ রক্ত। ওই গ্রামটা নদী দিয়ে বিভক্ত। ছোট তো, গ্রামের মধ্যে, কাজেই ঘরোয়া নদীর মতো। এর পাড়ে ওদের দশ বিঘা জমি ছিল। নদীর কিনারে, সমতল জায়গা আছে। ওখানে। ওখানে ফসল হতো আর স্বামীর ছোটখাটো ব্যবসা, ওই অর্থে মোটামুটি সংসার ভালোই চলে যেত। তারপর হঠাৎ একদিন তার স্বামীটা একেবারে নিখোঁজ হয়ে গেল। নিখোঁজ মানে তাকে কেটে খণ্ড খণ্ড করে ওপারে, ভারতের সীমান্ত আগরতলার দিকে মাংসের টুকরোগুলো ফেলে দেওয়া হলো। আর তার কোনো সন্ধান পাওয়া যায়নি।’ 

‘তারপরে তো ওই দশ বিঘা জমি...। ওই জমি নিয়েই শত্রুতা ছিল। তার শত্রুরা বসে ছিল না। ওই লোকটির নাম হালিম বা ডালিম হবে। গ্রামে দু-একজন থাকে না, কৃষিজমির মালিক। ওর চোখ পড়েছিল ওই দশ বিঘা জমির ওপর। ওর স্বামীটাকে ওরাই মেরেছে।’ 

‘তারপর একদিন রাতে কয়েকজন এসে ওই বিরোজাবালাকে তার আটটি সন্তানসহ ধরে নৌকায় উঠিয়ে নেয়। লহুর নদীতে। লহুর নদী খানিকটা এগিয়ে গিয়েই আর নদী নেই। বিশাল একটা বিল। বিলের ভেতরে গিয়ে ওদের সবাইকে হত্যা করে টুকরো টুকরো করে একটা ড্রামের মধ্যে মাংসের টুকরোগুলো ভরে ভেতরে চুন দিল, যেন মাংসগুলো নষ্ট না হয়। তারপর ড্রামটা বন্ধ করে বিলের পানিতে ভাসিয়ে দেয়। ওই ঘটনায় মামলা হলো। অপরাধী, যে দশ বিঘা জমির জন্য খুন করল, সে-ও ধরা পড়ল। তার ফাঁসি হয়েছে। এই ফাঁসিটা কার্যকর হয়েছে। ফাঁসি হয়ে যাওয়ার পর মৃতদেহটা পুলিশের গাড়িতে করে তার গ্রামে দিয়ে এসেছে।’ 

এটা কত আগের কথা স্যার?

তিনি কপালের মাঝটা কুঞ্চিত করে অনুমানের স্বরে বললেন, ‘আমার যতটুকু মনে হয়, এটা ১৯৮১-৮২ সালের দিকে কথা। আমি বিরোজাবালার নাম দিয়েছি তরলবালা। তার স্বামীরও একটা নাম দিয়েছি। গড়িয়ে নিয়েছি আমার মতো করে। এটার বড় একটা খণ্ড বেরিয়েছিল। নাঈম হাসানের একটা সুন্দর পত্রিকা ছিল, অত্যন্ত সুন্দর। ওখানে ছেপেছিল। পত্রিকার নাম ভুলে গেলাম। ঢাকা থেকে বেরোত।’ 

hasan_ajijul_hoque

পত্রিকাটি বন্ধ হয়ে গেল কেন? 

‘নাঈম হাসান এখন আর এখানে নেই, কানাডায় আছে। স্ত্রী চলে গেল কন্যাদের নিয়ে। ছেলে হয়নি। আমায় বলল হাসান ভাই, আমি যাব না, যে যায় যাক। আমি বললাম, তাই কি হয়? তারপর মেয়েকে দেখতে গেল। আর ফেরেনি। রয়ে গেছে। পত্রিকা আর কে করবে? নাঈম খুব যত্নশীল একজন সম্পাদক ছিল। কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমানের অফিস ছিল, এনজিও অফিস। সেখানে নাঈম কাজ করত। আমিও সেখানে গিয়েছি। সেই সূত্রে আতিউর রহমানের সঙ্গে ঘনিষ্ঠতা হয়েছে। ও একটা মানুষ। সাধারণ মানুষ তো জানেও না। খুব ভালো মানুষ। নির্লোভ।’

হ্যাঁ। কিন্তু ব্যাংক থেকে তার বিদায়টা ভালো হয়নি। 

মাথাটা দুলিয়ে বললেন, ‘ওই তো কেন্দ্রীয় ব্যাংকের যে ঝামেলাগুলো হলো, জড়িয়ে গেল। পদের কারণে, গভর্নর ছিল। আর যাওয়া হলো না তার কাছে। নিজেও খুব গরিব মানুষ ছিল তো। তার জীবনের গল্পটা বেশ কষ্টের।’ 

খানিক নিস্তব্ধতা। ফের হতাশার সুরে বললেন, ‘মানুষটা এই বয়সে, তার গায়ে কলঙ্কের কালি ছিটিয়ে কিছু লোক তার সর্বনাশ করল। তাকে অপরাধী করতে পারেনি। তিনি নিজেই ছেড়ে চলে এলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরে এলেন। রবীন্দ্রনাথকে নিয়ে বই লিখেছেন। বেশ লেখেন।’

কথার মাঝে সামনের টি-টেবিলে রাখা পত্রিকা তুলে চোখ বোলাতে লাগলেন। কিছু সময় কাটল নির্বাক্যে। আমি তাকিয়ে আছি তাঁর দিকে। ডিম্বাকৃতির মোটা ফ্রেমের আড়াল থেকে পষ্ট দেখছিলাম, মানুষটির অভিজ্ঞ দৃষ্টি। 

নীরবতা ভেঙে বললাম, বর্ধমান থেকে এসে আপনারা তো খুলনায় ছিলেন। সেখানকার বসতবাড়ি কি আছে এখনো?

‘হ্যাঁ, খুলনার ফুলতলায় রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি এলাকা। আমার বাড়িও তো ফুলতলাতেই। কলকাতা থেকে এসে আমরা ওখানে ছিলাম। আমাদের বাড়িটি এখনো সেখানে অক্ষত অবস্থায় আছে।’ 
দেখাশোনা কে করেন? 

‘পাশেই আমার চাচাতো ভাইয়ের বাড়ি। ওরা দেখাশোনা করে। এপাশে আমার চাচাতো বোন, বিধবা হয়ে গেছে, ও একটা বাড়ি করেছে। তার পাশে আমাদের এক ভাগনের বাড়ি।’ 

আপনার বোন কোথায় থাকেন? 

‘আমার বড় বোন তো একটাই—জাহানারা, লালমাটিয়ায় থাকেন। ওর ছেলেটা ফ্ল্যাট কিনেছে। ওখানেই ছেলের সঙ্গে থাকেন। ওঁর স্বামী দৌলতপুর কলেজের ইংরেজির অধ্যাপক ছিলেন। সেই সূত্রে আমাকেও তিনি এখানে নিয়ে এলেন। বাবাও বললেন, আসতে। তা না হলে সুদূর বর্ধমান থেকে আমি কেন আসব? পরে যখন দেখা গেল আমি, আমার বড় ভাই এখানে থাকছি, বোনও এখানে আছে—শেষে বাবাও সপরিবার এখানে চলে এলেন। জমিজমা বাড়িটাড়ি, বিরাট বড় সংসার সব রেখে এলেন। বাবাদের পাঁচ ভাইয়ের সংসার ছিল। ৪০ জন লোক প্রতি বেলায় খেত। সেই বাড়িতে ছোটবেলাতে বড় হয়েছি। তারপরে ভাইয়েরা আলাদা হয়ে গেলেন। বাবাও একটা বিরাট বাড়ি করলেন। অন্যান্য গাঁয়ের লোকে দেখতে আসত। আমাদের বাড়িটা কেমন হলো।’

HASAN_PIC

বেশ সুন্দর ছিল বাড়িটা, তাই না?

‘মাটির দোতলা বাড়ি। ঘরের ভেতর ঘর। দালানের অধিক সেটা। এই বাড়ির দোতলার একটা ঘরে আমার শিল্পজীবনই বলো আর শিক্ষাজীবনই বলো, শুরু হয়। আমি পশ্চিমের জানালা নামে একটি উপন্যাস লিখব বলে ঠিক করেছি। একটা ছেলে পশ্চিমের জানালায় বসে আছে। ওখান থেকে সে দেখতে পাচ্ছে রাঢ়ের রুক্ষ ভূমি, কোনো ধরনের বনাঞ্চল তো নেই। বহুদূরে, দুই মাইল দূরে রেলস্টেশন। স্টেশন-ঘরের লাল রঙের টিনের ছাদ, তা-ও দেখতে পাচ্ছে মাটির দোতলার জানালায় বসে। ওপরে দুটো ঘর। একটা দক্ষিণে, একটা উত্তরে। দুপাশে একই অবস্থা। নিচেও তাই। আমাদের দেশের মাটির বাড়িতে এটা কল্পনা করা যায় না। বেশি ঘরওয়ালা বাড়ি করতে হলে পাশাপাশি ঘরগুলো করে। কিন্তু দোতলা বাড়ি আর ঘরের ভেতরঘর দেখা যায় না। আমাদের সেই বাড়ি এখন একেবারে বিলুপ্ত।’ 

কেন, আপনারা চলে আসার পর আত্মীয়স্বজনদের কেউ সেখানে ছিল না? তারা কি দেখে রাখেননি?

তিনি দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, ‘১৯৬১ সালে আমরা চলে এলাম। বাবা আসার সময় আত্মীয়স্বজনদের বলেছিলেন, এই দেখিস তোরা। তারা আর কী দেখবে! তাদেরও তো কাছাকাছি বয়স। তারাও চলে গেছেন। সেদিন গিয়ে দেখলাম যে আমাদের বাড়ির চিহ্নমাত্র নেই। পেছন দিকে আমরা যে টিউবওয়েল বসিয়েছিলাম, সেটা খুলে নেওয়া হয়েছে। কেবল পাইপের মুখটা আছে। ওদিকে আমাদের একটা পাকা বাথরুম করেছিলেন বাবা। গ্রামে তো কেউ এটা করে না। বাথরুম ঠিক না ল্যাটট্রিন। সেটা দেখলাম যে মোটামুটি অক্ষত অবস্থায় আছে। আর কিছু নেই।’

একেবারেই ফাঁকা পড়ে আছে?

‘বাড়িটা ভেঙে ফাঁকা জায়গা হয়েছে। একপাশে দুটো মাটির ঘর করা হয়েছে। ওর এক ঘরে দুটো মোষ বাঁধা। আরেক ঘরে একটা ফ্যামিলি। ওই পরিবারটা আমাদের ঘনিষ্ঠই বটে। কিন্তু ওরা বিয়ে থা করেছে যাদের সঙ্গে একসময় আমাদের চলাফেরাই ছিল না, গ্রামের কোনো উৎসব-পরবে তাদের ডাকা হতো না, সেই বাড়ির একটা মেয়ে বিয়ে করেছে। আমাদের আরেক বংশের ছেলে। আমরা মোল্যা, ওরা শেখ। এই শেখ পরিবারে আমাদের এক ফুফুর বিয়ে হয়েছিল। তিনি সাত বছর বয়সে বিধবা হয়েছিলেন।’ 

আপনার ওই ফুফুই তো আপনাদের সন্তানের মতো দেখভাল করতেন। আপনার লেখায় পড়েছি। 

‘হ্যাঁ, ফুফুই আমাদের দেখভাল করতেন। মাকে তেমন কিছু করতে হয়নি। বাড়িটি ভাগ হলে পড়ে আমরা যেমন কেঁদেছিলাম, ফুফুও তেমন কেঁদেছিলেন। বলেছিলেন, আমাকে কার কাছে রেখে গেলে? আমাকে এই সম্পত্তি কেন দিয়ে যাচ্ছ? আমি এগুলো দিয়ে কী করব? যাকগে, সে আরেক গল্প।’ 

বাড়িতে নতুন এক জামাইয়ে গল্প পড়েছি ‘এই পুরাতন আখরগুলি’তে... 

‘আমার বড় বোনের স্বামী মাইকেল মধুসূদন দত্ত কলেজে অধ্যাপনা করতেন। পরে তো ওই জানা আপার (জাহানারা) জন্যই আমাদের এখানে আসা হলো। সেই অর্থে আর ফিরে যাওয়া হয়নি। পরে অবশ্য অনেকবার গিয়েছি। তোমরা জানো কি না জানি না, আমি কিন্তু তখন এ দেশে বিদেশিদের মতো ভিসা নিয়ে পড়াশোনা করেছি। কলকাতা থেকে ভিসা করতে হতো। আমি বছরে দু-তিনবার যেতাম। তখন ব্যবসায়ী আর ছাত্রদের এফ ক্যাটাগরির ভিসা দিত। সমস্ত গ্রীষ্মেও ছুটি। শরতের ছুটি কাটিয়ে আসতাম। বন্ধুবান্ধবসহ সবাই যেত। বড় চাচা ছিলেন। তিনি নেই। চাচিও গত। সেজ চাচা গত। তার স্ত্রী-ও গত। তার একটা মেয়ে ছিল। তার পর নওচাচা। তার একটিই ছেলে। সেই ছেলেটি আর আমি গলাগলি ধরে বড় হয়েছি। শহীদুল। বইতে পড়ে দেখো, শহীদুল আর আমি। অনেক কথা আছে ওকে নিয়ে।’

বাংলা গল্পের কথা বলতে গেলে হাসান আজিজুল হকের নাম নিতেই হয়। যা লিখেছেন সোনা হয়ে ফলেছে। উপন্যাস লিখেছেন দুটি। ‘আগুনপাখি’, ‘সাবিত্রী উপাখ্যান’। লিখেছেন উপন্যাসিকা, প্রবন্ধ, আত্মজীবনী, কিশোর রচনা, নাটকও। সম্পাদনা করেছেন, অনুবাদ করেছেন বিশ্বসাহিত্যের গুরুত্বপূর্ণ রচনা। তাঁর লেখায় মাটির গন্ধ পাওয়া যায়। মাটির সংলগ্ন মানুষেরা জীবন্ত হয়ে ওঠে। এই প্রসঙ্গে বললেন, ‘আমার চরিত্রগুলো আমার গা-ঘেঁষা মানুষ। পরিচিতজন। আমি অবাস্তব কোনো কিছু লিখিনি, কোনো দিন না। আমার লেখালেখির গুরুত্ব যদি থাকে, তাহলে এটাই মূল কারণ। তোমাকে বাস্তব মানুষের গল্প শুনিয়েছি। বাস্তব চিত্র নিয়েই লিখেছি। অবাস্তব গল্পও যদি লিখে থাকি, সে-ও পরে ঘটেছে।’ 

১৯৬০ সালে লেখক হিসেবে নিজেকে তৈরি করার সিদ্ধান্ত নিয়ে সাহিত্যচর্চায় মন দেন তিনি। সেই থেকে অক্লান্ত সাহিত্য সাধনা। লিখতে চান জীবনের শেষ দিনটি পর্যন্ত। অনেক কিছু যে লেখার বাকি!

কী করে সময় কাটে এখন? জানতে চাইলে নির্ভার কণ্ঠে বললেন, ‘খুব সকালে ঘুম থেকে উঠতে পারি না। যখন ঘুম ভাঙে তখন উঠি। সকাল ১০টার দিকে লিখতে বসি। আবার দুটোর দিকে বসি। এর মধ্যে হয়তো বন্ধুবান্ধব আসে। তাদের সঙ্গে গল্প করি। আড্ডা দিই। আড়াইটার দিকে খেয়েদেয়ে হেলান চেয়ারে বসে চোখ বন্ধ করে রাখি। গান শুনি। হেমন্ত মুখোপাধ্যায়ের গান শুনি। তার গান আমার খুব প্রিয়। সেই অর্থে মান্না দের গানও আমার ভালো লাগে। আরেকজন শিল্পী আছেন, ওই যে গানটা ‘আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে’...কী যেন নাম, ও হ্যাঁ, শ্যামল মিত্র। তার একটাই ক্যাসেট আমার কাছে আছে। খুব না হলেও দু-একটা গান ভালো লাগে।’ 

ঘুমোতে যান কখন? 

‘রাত বারোটা-একটার দিকে ঘুমোতে যাই। সন্ধের পর কোনো আড্ডা নেই। টিভি সিরিয়াল দেখি। ভারতীয় সিরিয়ালগুলো। ভালো লাগে। দেবী চৌধুরাণী। কে আপন কে পর। ওই যে মেয়েটি, যে একসময় খোকাবাবু সিরিয়ালে অভিনয় করত, এখন সে করে কলের বউ। ওর অভিনয় ভালো লাগে।’

‘তরলাবালা’ লিখছেন। আপনার শৈশবের ঘটনা নিয়ে ‘পশ্চিমের জানালা’ কি ওটা শেষ হলে লিখতে চান? 

‘তরলাবালা ধরেছি, ওটাই শেষ করব। যদি সময় পাই তাহলে পশ্চিমের জানালা লিখতে চাই। আমি হুটহাট করে লিখতে পারি না। এই হলো ব্যাপার। লিখতে আমার অনেক কষ্ট হয়। অনেক পড়াশোনা করতে হয়।’ 
পান্থপথে একটি সার্ভিস অ্যাপার্টমেন্টের গোছানো ঘরে বসে কথার এ পর্যায়ে বিদায়ের পালা। দুপুর বয়ে গেছে অনেক আগে। খাবার খাবেন। তৈরি হবেন। বিকেলের অনুষ্ঠান, যে জন্য আসা, সেটাও ঘনিয়ে এসেছে। বিদায়ের আগে আমার লেখা একটি বই তুলে দিলাম বাংলা কথাসাহিত্যের অন্যতম এই লেখকের হাতে। আগ্রহভরে নিলেন। নেড়েচেড়ে দেখলেন। কয়েক পাতা উল্টে বললেন, ‘গল্প?’

জি, সবিনয়ে জবাব দিলাম।

তিনি সময় নিয়ে কয়েকটি পাতা পড়লেন। তারপর বাড়িয়ে দিয়ে বললেন, ‘লিখে দাও।’

এবার বিদায়। কিন্তু মন তো চায় না। কথাও যেন শেষ হয় না। তাঁর পাশে নিশ্চুপ বসে থাকতেও যে ভালো লাগে! যেমনটা অনুভূত হয়, তপ্তদিনে বটের ছায়ায় বসে। তিনি বাংলা সাহিত্যের বটবৃক্ষই বটে। আমার বইটি টেবিলে রাখতে রাখতে বললেন, ‘সৈয়দ শামসুল হকের কথা তোমরা ভাবো এখন?’

তাকে কি ভোলা সম্ভব, স্যার? তিনিও তো আমাদের সাহিত্যে আপনার মতো অবিচ্ছেদ্য একজন। 

‘আমাদের অনেক লেখা আছে ইংরেজিতে, বেশি বেশি অনুবাদ হওয়া দরকার। এ কাজটিই কম হচ্ছে।’ বলতে বলতে বসা থেকে উঠলেন। দুয়ার অবধি এগিয়ে এসে বললেন, ‘লিখতে হলে প্রচুর পড়তে হয়। মানুষের জীবনও কাছ থেকে দেখতে হয় খুব। যত পড়বে, লেখা তত শানিত হবে।’ 

আমি তাঁর শিরোধার্য কথাগুলো নিয়ে বেরিয়ে পড়লাম ব্যস্ত শহরের পথে। যখন এসেছিলাম, সূর্য ছিল মাথার ওপর। এখন নেই। মুগ্ধকর সময়ের রেশ তখনো কাটেনি। মনে মনে চাইলাম, এই ঘোর যেন না কাটে অনেক দিন। 

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর