images

শিল্প ও সাহিত্য

কবি আল মুজাহিদীর মৃত্যুতে এডিটরস কাউন্সিলের শোক

নিজস্ব প্রতিবেদক

১৯ জুন ২০২৬, ০৮:২৩ পিএম

প্রখ্যাত কবি ও প্রবীণ সাংবাদিক আল মুজাহিদীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে ন্যাশনাল এডিটরস কাউন্সিল (এনইসি)।

শুক্রবার (১৯ জুন) এক যৌথ শোকবার্তায় এডিটরস কাউন্সিলের আহ্বায়ক শফিক রেহমান ও যুগ্ম আহ্বায়ক মাহমুদুর রহমান মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, কবি আল মুজাহিদী একাধারে বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র এবং সাংবাদিকতা জগতের এক দিকপাল ছিলেন। ষাটের দশকের অন্যতম প্রধান এই কবি তার ক্ষুরধার লেখনী ও অনন্য কাব্যশৈলী দিয়ে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। একুশে পদক পাওয়া এই সাংবাদিক তার দীর্ঘ কর্মজীবনে সাহসী ভূমিকার জন্য নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবেন।

সাহিত্যের পাশাপাশি মুক্ত গণমাধ্যম ও সাহসী সাংবাদিকতার বিকাশে কবি আল মুজাহিদীর অবদান স্মরণীয় হয়ে থাকবে। তার মৃত্যুতে দেশের সাহিত্য ও সাংবাদিকতা জগতে এক অপূরণীয় ক্ষতি হলো।

আরও পড়ুন

এক সাহিত্য সম্পাদকের প্রস্থান, এক যুগের অবসান

কবি আল মুজাহিদীর জানাজা শনিবার, দাফন বুদ্ধিজীবী কবরস্থানে 

এডিটরস কাউন্সিল মরহুমের রুহের মাগফিরাত কামনা করছে এবং পরম করুণাময়ের কাছে প্রার্থনা করছে যেন তিনি শোকাহত পরিবারকে এই ক্ষতি কাটিয়ে ওঠার শক্তি দান করেন।

প্রসঙ্গত, একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট কবি আল মুজাহিদী শুক্রবার বেলা ১টা ৪০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। আগামীকাল শনিবার বায়তুল মোকাররম মসজিদে বাদ জোহর নামাজে জানাজা শেষে তাকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।

জেবি