ফিচার প্রতিবেদক
০৮ মার্চ ২০২৬, ০২:৩৭ পিএম
পেশাজীবনে সাংবাদিকতায় থাকলেও তায়েব মিল্লাত হোসেন একজন কবি। কাব্যচর্চায় রয়েছেন অন্তত আড়াই দশক হলো। ফলে অগ্রন্থিত কবিতা সংখ্যা অগুনতি। সেসব থেকে বাছাই করা ৩৭টি কবিতা নিয়ে প্রকাশিত হয়েছে তার প্রথম কাব্যগ্রন্থ ‘দেয়ালের ঢাকায় দোয়েল’। যেখানে আছে প্রেম, স্বদেশ, ইতিহাস, রাজনীতির নানা অনুষঙ্গ।
এই বই সম্পর্কে কবি তায়েব মিল্লাত হোসেন বলেন, ‘কবিতার প্রতি যেমন আলাদা আবেগ থাকে। তেমনি প্রথম বইয়ের প্রতিও অন্যরকম একটি ভালোলাগা কাজ করে। সেই জায়গা থেকে শুধু বই প্রকাশই আসলে দারুণ এক ঘটনা। কিন্তু একটি বই তখনি সার্থকতা লাভ করে তা যদি পাঠকরা সাদরে গ্রহণ করে নেন। এটুকু বলতে পারি কবিতাপ্রেমীরা নতুন কিছু না কিছু পাবেন আমার বইটি থেকে।’
শুধু কবিতার জগত নয়, তায়েব মিল্লাত হোসেনের বিচরণ রয়েছে গবেষণাধর্মী কাজেও। বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির ঢাকার ৪০০ বছর প্রকল্পের একজন গবেষক ছিলেন তিনি। সেখানে ঢাকা বিষয়ক বইয়ে প্রবন্ধ রয়েছে তার। ইতিহাস-ঐতিহ্যধর্মী বই নিয়ে কাজ করতেই গিয়েই তার সংগ্রহে আসে কবি ও সাংবাদিক ঈশ্বরচন্দ্র গুপ্তের ‘ভ্রমণকারিবন্ধুর পত্র’ শিরোনামের ধারাবাহিক গদ্যে। তার একাংশ নিয়েই সম্পাদিত বই ‘বরিশাল বিবরণী’। তাই বইয়ের মূল লেখক ঈশ্বরচন্দ্র গুপ্ত।
আরও পড়ুন: বইমেলায় বিক্রি কম, হতাশ প্রকাশকরা
এ প্রসঙ্গে তায়েব মিল্লাত হোসেন বলেন, ঈশ্বরচন্দ্র গুপ্তের ‘বরিশাল বিবরণী’ পৌনে দুইশ বছর আগে রচিত। সেক্ষেত্রে বইটি পাঠে কঠিন কিছু শব্দ সামনে আসতে পারে। সেই ভাবনা থেকে শব্দগুলোর অর্থ টীকা আকারে তুলে ধরা হয়েছে। কিছু বিষয়ের ব্যাখা দেওয়া হয়েছে আলাদা করে। বইটি সম্পাদনায় কাজ বলতে এটুকুই।
তিনি আরো বলেন, ‘গুপ্তকবির মতো বড়মাপের লেখক ও সম্পাদকের গদ্যে হাত দেওয়ার কিছু নেই। শুধু সহজবোধ্য করতেই টীকার সংযুক্তি। যারা স্বদেশ ও সমাজের ইতিহাস জানতে চান, ঐতিহ্য চর্চা করতে চান, আর বরিশালকে ভালোবাসেন- তারা এই অনায়াসে সংগ্রহ করতে পারেন।’
তায়েব মিল্লাত হোসেনের দুটি বই প্রকাশ করেছে স্বপ্ন’ ৭১ প্রকাশন। কাব্যগ্রন্থ ‘দেয়ালের ঢাকায় দোয়েল’-এর প্রচ্ছদ করেছেন তানজিল রিমন। আর ‘বরিশাল বিবরণী’ বইটির প্রচ্ছদ এঁকেছেন নিয়াজ চৌধুরী তুলি। অমর একুশে বইমেলায় গ্রন্থ দুটি পাবেন স্বপ্ন’ ৭১ প্রকাশনের ৬৯৯ নম্বর স্টলে।
এজেড