Dhaka Mail Logo

কৃষি ও পরিবেশ

জলবায়ুর প্রভাব মোকাবিলায় দক্ষিণ এশিয়ার কৃষকদের নিয়ে সার্কের প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক

০৩ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ পিএম

জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান বিরূপ প্রভাব মোকাবিলা করে দক্ষিণ এশিয়ার ক্ষুদ্র কৃষকদের সক্ষমতা ও সহনশীলতা বাড়াতে তিন দিনব্যাপী আঞ্চলিক প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে সার্ক কৃষি কেন্দ্র।

মঙ্গলবার (৩ নভেম্বর) ভার্চুয়ালি এই কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের কৃষি বিশেষজ্ঞ, নীতিনির্ধারক, গবেষক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

প্রশিক্ষণে জলবায়ু-সহনশীল কৃষি প্রযুক্তি, অভিজ্ঞতা বিনিময় এবং কৃষির অভিযোজন সক্ষমতা বাড়ানোর বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হচ্ছে। জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে জলবায়ু-সহনশীল কৃষি পদ্ধতি, প্রযুক্তি ও কৌশল সম্প্রসারণ করা এ কর্মসূচির মূল লক্ষ্য। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কার্যকর উদ্যোগ গ্রহণে সংশ্লিষ্ট অংশীজনদের সক্ষমতা বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

উদ্বোধনী অধিবেশন সঞ্চালনা করেন সার্ক কৃষি কেন্দ্রের জ্যেষ্ঠ কর্মসূচি বিশেষজ্ঞ (প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা) ড. রাজা উল্লাহ খান। অনুষ্ঠানে স্বাগত ও উদ্বোধনী বক্তব্য দেন কেন্দ্রের পরিচালক ড. মো. গোলাম মাহবুব।  তিনি কৃষিতে জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা, জ্ঞান বিনিময় ও সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভারতের অ্যামিটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নূতন কৌশিক। তার প্রবন্ধের শিরোনাম ছিল ‘দক্ষিণ এশিয়ায় জলবায়ু-স্মার্ট কৃষির সম্প্রসারণ : ক্ষুদ্র কৃষকদের সহনশীলতা বৃদ্ধিতে সক্ষমতা উন্নয়ন ও প্রযুক্তি হস্তান্তর’। তিনি ক্ষুদ্র ও ঝুঁকিপূর্ণ কৃষক জনগোষ্ঠীর সহনশীলতা বাড়াতে প্রাতিষ্ঠানিক সক্ষমতা জোরদার, প্রযুক্তি হস্তান্তর এবং জলবায়ু-স্মার্ট কৃষির সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. মো. আবদুস সালাম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেপালে অবস্থিত সার্ক সচিবালয়ের পরিচালক তানভীর আহমদ তরফদার। বিশেষ অতিথি হিসেবে অংশ নেন বাংলাদেশের পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক ড. মো. আব্দুল মজিদ প্রামাণিক।

তিন দিনের এ প্রশিক্ষণ কর্মসূচি চলবে আগামী ৫ নভেম্বর পর্যন্ত। এ সময়ে জলবায়ু-স্মার্ট কৃষি, ক্ষুদ্র কৃষকদের সক্ষমতা বৃদ্ধি এবং সহনশীল কৃষিব্যবস্থা গড়ে তোলার বিভিন্ন কৌশল নিয়ে কারিগরি অধিবেশন, বিশেষজ্ঞদের উপস্থাপনা ও আঞ্চলিক অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠিত হবে।

এএইচ/এএম