দক্ষিণ এশিয়ার দেশগুলোতে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে পুষ্টিসমৃদ্ধ ফসল উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলেছেন, অণুপুষ্টি উপাদানের ঘাটতি মোকাবিলা এবং টেকসই কৃষি উন্নয়নে পুষ্টিসমৃদ্ধ ফসল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এজন্য গবেষণা, প্রযুক্তি ও জ্ঞান বিনিময়ের পাশাপাশি আঞ্চলিক সহযোগিতা জোরদার করা প্রয়োজন।
রোববার (২৯ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) মিলনায়তনে ‘দক্ষিণ এশিয়ায় পুষ্টিসমৃদ্ধ ফসল উৎপাদন’ শীর্ষক তিন দিনব্যাপী আঞ্চলিক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
সার্ক কৃষি কেন্দ্র, ইসলামিক অর্গানাইজেশন ফর ফুড সিকিউরিটি (আইওএফএস) এবং হারভেস্টপ্লাস সলিউশন্সের যৌথ উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়েছে। ১ ডিসেম্বর পর্যন্ত চলবে এই কর্মশালা। এতে দক্ষিণ এশিয়ার সার্কভুক্ত দেশগুলোর নীতিনির্ধারক, গবেষক, কৃষিবিদ, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিশেষজ্ঞ এবং উন্নয়ন সহযোগীরা অংশ নিচ্ছেন।
উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. মো. আবদুছ সালাম। বিশেষ অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম খান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত এ কে এম শহীদুল করিম এবং কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. খোরশেদ আলম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার্ক সচিবালয়ের কৃষি ও গ্রামীণ উন্নয়ন এবং সার্ক উন্নয়ন তহবিল বিষয়ক পরিচালক তানভীর আহমদ তরফদার।
স্বাগত বক্তব্যে সার্ক কৃষি কেন্দ্রের পরিচালক ড. মো. গোলাম মাহবুব কৃষি গবেষণার অগ্রগতি এবং পুষ্টিসংবেদনশীল খাদ্যব্যবস্থা গড়ে তুলতে আঞ্চলিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। পরে কেন্দ্রের ফসল বিষয়ক জ্যেষ্ঠ কর্মসূচি বিশেষজ্ঞ ড. সিকান্দার খান তানভীর কর্মশালার উদ্দেশ্য ও কর্মসূচির সারসংক্ষেপ উপস্থাপন করেন।
মূল প্রবন্ধে বাংলাদেশের গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশনের (গেইন) পোর্টফোলিও লিড ড. আশেক মাহফুজ দক্ষিণ এশিয়ার পুষ্টি সমস্যা মোকাবিলায় পুষ্টিসমৃদ্ধ ফসলকে কৌশলগত উপায় হিসেবে তুলে ধরে বলেন, অণুপুষ্টি উপাদানের ঘাটতি মোকাবিলা এবং মানুষের পুষ্টিগত অবস্থার উন্নয়নে এসব ফসল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন হারভেস্টপ্লাস সলিউশন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা রবীন্দ্র গ্রোভার এবং ইসলামিক অর্গানাইজেশন ফর ফুড সিকিউরিটির মহাপরিচালক রাষ্ট্রদূত বেরিক আরিন। তারা দক্ষিণ এশিয়ায় খাদ্য ও পুষ্টি নিরাপত্তা জোরদারে আঞ্চলিক অংশীদারত্ব, গবেষণা সহযোগিতা এবং সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন।
কর্মশালার আয়োজকদের মতে, প্রচলিত উদ্ভিদ প্রজননসহ বিভিন্ন বৈজ্ঞানিক পদ্ধতিতে ফসলের পুষ্টিমান উন্নয়ন করা সম্ভব। পুষ্টিসমৃদ্ধ ফসলের উৎপাদন ও বিস্তার বাড়ানো গেলে অণুপুষ্টি উপাদানের ঘাটতি মোকাবিলার পাশাপাশি টেকসই কৃষি উন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।
কর্মশালার বাকি দুই দিনে দক্ষিণ এশিয়ায় পুষ্টিসমৃদ্ধ ফসলের উৎপাদন সম্প্রসারণের সুযোগ, চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে কারিগরি আলোচনা এবং অভিজ্ঞতা বিনিময় করবেন অংশগ্রহণকারীরা।
এএইচ/এফএ




