বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ঢাকা

জলবায়ু ক্ষয়ক্ষতি মোকাবিলায় ন্যায্য মূল্যায়নের তাগিদ বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ পিএম

শেয়ার করুন:

জলবায়ু ক্ষয়ক্ষতি মোকাবিলায় ন্যায্য মূল্যায়নের তাগিদ বাংলাদেশের
তুরস্কে কপ৩১ সম্মেলনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ।

জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলায় কার্যকর জাতীয় কাঠামো গঠন এবং বৈশ্বিক জলবায়ু কার্যক্রমের অগ্রগতি মূল্যায়নে ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক প্রক্রিয়া নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছে বাংলাদেশ। পাশাপাশি উন্নয়নশীল দেশগুলোর মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা জোরদারের আহ্বান জানানো হয়েছে।

তুরস্কের আনতালিয়ায় চলমান জাতিসংঘ জলবায়ু সম্মেলনের ৩১তম অধিবেশনে (কপ৩১) দুটি আন্তর্জাতিক অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে এসব অবস্থান তুলে ধরেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন অনুবিভাগ) মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গত ১৭ নভেম্বর জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক কনভেনশনের (ইউএনএফসিসিসি) আনুষ্ঠানিক সাইড ইভেন্ট ‘ফ্রম ন্যাশনাল ফ্রেমওয়ার্কস টু গ্লোবাল অ্যাকশন’-এ অংশ নিয়ে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি বাংলাদেশের লাখো মানুষের জীবনের কঠিন বাস্তবতা। এর প্রভাব শুধু মানুষের ঘরবাড়ি, সম্পদ ও জীবিকার ক্ষতির মধ্যেই সীমাবদ্ধ নয়; সামাজিক বন্ধন, পারস্পরিক সম্পর্ক এবং মানসিক সুস্থতার ওপরও এর গভীর প্রভাব পড়ে।

এ ক্ষয়ক্ষতি মোকাবিলায় সুস্পষ্ট ও কার্যকর জাতীয় কাঠামো প্রণয়ন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মধ্যে সমন্বয় বাড়ানো এবং স্থানীয় জনগোষ্ঠীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি। পাশাপাশি জাতীয় উন্নয়ন পরিকল্পনা ও বাজেটে জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতির বিষয়টি যথাযথভাবে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান।

উন্নয়নশীল দেশগুলোর মধ্যে জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময়ের মাধ্যমে দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা জোরদারের প্রয়োজনীয়তাও তুলে ধরেন নাভিদ শফিউল্লাহ।

তিনি বলেন, দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা কেবল নীতিগত অঙ্গীকার নয়; সম্মিলিত উদ্যোগের মাধ্যমে বাস্তব অগ্রগতি অর্জনের গুরুত্বপূর্ণ মাধ্যম। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের অঙ্গীকার বাস্তবায়নের মাধ্যমে জলবায়ু ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য দীর্ঘস্থায়ী সুফল নিশ্চিত করতে হবে।

এদিকে ১৮ নভেম্বর কপ৩১ প্রেসিডেন্সির নেতৃত্বে আয়োজিত উচ্চপর্যায়ের মন্ত্রী পর্যায়ের অনুষ্ঠানে দ্বিতীয় গ্লোবাল স্টকটেক (জিএসটি-২) প্রক্রিয়ার সূচনা উপলক্ষে বাংলাদেশের বক্তব্য উপস্থাপন করেন তিনি।

সেখানে বৈশ্বিক জলবায়ু লক্ষ্যমাত্রা অর্জনে সম্মিলিত অগ্রগতি মূল্যায়নের ক্ষেত্রে সামগ্রিক, অন্তর্ভুক্তিমূলক, ন্যায়সংগত ও বিজ্ঞানভিত্তিক প্রক্রিয়া নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। সর্বশেষ বৈজ্ঞানিক তথ্য-প্রমাণের ভিত্তিতে বিশ্বের বিভিন্ন অঞ্চল ও দেশের ভিন্ন ভিন্ন বাস্তবতা, অগ্রাধিকার, সক্ষমতা ও প্রত্যাশার যথাযথ প্রতিফলন নিশ্চিত করার বিষয়টিও তুলে ধরা হয়।

বৈশ্বিক জলবায়ু কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা এবং লক্ষ্যমাত্রা অর্জনে উচ্চাকাঙ্ক্ষা ও বাস্তবায়ন জোরদারের ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা, পারস্পরিক বোঝাপড়া ও অভিজ্ঞতা বিনিময়ের গুরুত্ব তুলে ধরেন বাংলাদেশের প্রতিনিধি। একই সঙ্গে দ্বিতীয় গ্লোবাল স্টকটেক প্রক্রিয়ায় সব দেশের অংশগ্রহণ এবং জাতীয় বাস্তবতার প্রতি সংবেদনশীল দৃষ্টিভঙ্গি অনুসরণের প্রয়োজনীয়তার কথা বলেন তিনি।

মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্মেলনের এ দুটি অনুষ্ঠানে বাংলাদেশের অংশগ্রহণের মাধ্যমে জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলায় জাতীয় সক্ষমতা ও আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং বৈশ্বিক জলবায়ু কার্যক্রমের অগ্রগতি মূল্যায়নে ন্যায্যতা ও অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গি নিশ্চিত করার বিষয়ে দেশের অবস্থান তুলে ধরা হয়েছে।

এমএইচ/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর