বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

নারী শিক্ষার্থীদের আত্মহত্যার হার উদ্বেগজনক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪৩ পিএম

শেয়ার করুন:

নারী শিক্ষার্থীদের আত্মহত্যার হার উদ্বেগজনক

দেশে গত এক বছরে আত্মহননকারী ৪০৩ জন শিক্ষার্থীর মধ্যে ২৪৯ জনই নারী, যা মোট সংখ্যার ৬১ দশমিক ৮ শতাংশ। অপরদিকে ১৫৪ জন পুরুষ শিক্ষার্থী আত্মহত্যা করেছে, যা ৩৮ দশমিক ২ শতাংশ।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে আঁচল ফাউন্ডেশন প্রকাশিত ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞাপন


প্রতিবেদনের বিশ্লেষণে দেখা যায়, স্কুল ও কলেজ পর্যায়ে নারী শিক্ষার্থীদের আত্মহত্যার হার পুরুষদের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। স্কুল পর্যায়ে ৫১ জন পুরুষ শিক্ষার্থীর বিপরীতে ১৩৯ জন নারী শিক্ষার্থী আত্মহননের পথ বেছে নিয়েছে। কলেজ পর্যায়ে ৪২ জন পুরুষের বিপরীতে ৫০ জন নারী শিক্ষার্থী আত্মহত্যা করেছে। তবে বিশ্ববিদ্যালয় পর্যায়ে চিত্র কিছুটা ভিন্ন; সেখানে ৩৬ জন নারী ও ৪১ জন পুরুষ শিক্ষার্থীর আত্মহত্যার তথ্য পাওয়া গেছে।

কারণ বিশ্লেষণে দেখা যায়, একাডেমিক চাপের কারণে আত্মহত্যা করা ৭২ জন শিক্ষার্থীর মধ্যে ৭০ দশমিক ৮৩ শতাংশই নারী। অভিমানজনিত কারণে আত্মহননকারীদের ৬১ দশমিক ৭০ শতাংশ এবং হতাশাজনিত কারণে আত্মহত্যাকারীদের ৫৫ দশমিক ৩৫ শতাংশই নারী শিক্ষার্থী।

আরও পড়ুন

এক বছরে ৪০৩ শিক্ষার্থীর আত্মহত্যা, হতাশা ও অভিমানে বেশি

বয়সভিত্তিক পরিসংখ্যানে ১৩ থেকে ১৯ বছর বয়সী কিশোর-কিশোরীদের মধ্যে আত্মহত্যার হার সবচেয়ে বেশি। এই বয়সসীমায় ১৯০ জন নারী ও ৭৮ জন পুরুষ শিক্ষার্থী আত্মহত্যা করেছে।


বিজ্ঞাপন


বিশেষজ্ঞরা বলছেন, কৈশোরে সামাজিক ও পারিবারিক চাপ, সম্পর্কের টানাপোড়েন এবং আবেগীয় অস্থিরতা মেয়েদের তুলনামূলক বেশি ভঙ্গুর করে তোলে। পাশাপাশি যৌন হয়রানি, নির্যাতন এবং সাইবার বুলিংয়ের মতো ঘটনাও নারী শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যে গভীর প্রভাব ফেলছে।

পরিস্থিতি মোকাবিলায় আঁচল ফাউন্ডেশন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত মানসিক স্বাস্থ্য মূল্যায়ন চালু করা, শিক্ষক ও সহপাঠীদের মানসিক সংকটের লক্ষণ শনাক্তে প্রশিক্ষণ দেওয়া এবং শিক্ষার্থী–অভিভাবক যোগাযোগ জোরদারে বিশেষ কর্মসূচি গ্রহণের সুপারিশ করেছে।

এম/জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর