সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ঢাকা

প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত ‘মুরাসু’, রাতেই আঘাত আনতে পারে উপকূলে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৬, ১১:৪৩ এএম

শেয়ার করুন:

প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত ‘মুরাসু’, রাতেই আঘাত আনতে পারে উপকূলে
ছবি: সংগৃহীত

ঘূর্ণিঝড় ‘মুরাসু’ প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। যা রাতে ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করতে পারে।

সোমবার (২ নভেম্বর) আবহাওয়া অধিদফতর এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে আবহাওয়াবিদ মো.ওমর ফারুক জানান, পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় 'মুরাসু' উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় (১৪ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮১ দশমিক ৮ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ) অবস্থান করছে। 

এটি আজ (২ নভেম্বর ) সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৪৪০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১৪০০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ১২৭৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১২৯৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি আরো উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ (২ নভেম্বর ) রাত নাগাদ প্রবল ঘূর্ণিঝড় আকারে ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে।

তিনি আরও জানান, প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটার এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১১৭ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

তিনি জানান, ঘূর্ণিঝড়ের কারণে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এমএইচএইচ/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর