শীতকালে এবার তাপমাত্রা নামতে পারে ৪ ডিগ্রি সেলসিয়াসে। একইসঙ্গে ছয়টি শৈত্যপ্রবাহও হওয়ার আশঙ্কা রয়েছে।
রোববার (১ নভেম্বর) নভেম্বর থেকে জানুয়ারি তিন মাসের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানায় আবহাওয়া অধিদফতর।
পূর্বাভাসে আবহাওয়াবিদ ও সংস্থাটির পরিচালক (চলতি দায়িত্ব) মো. মমিনুল ইসলাম জানান, দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে ২ থেকে চারটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে এক থেকে দুটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে।
তিনি আরও জানান, শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও ও নদ-নদী অববাহিকায় মাঝারি/ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা/মাঝারি ধরণের কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে আসতে পারে এতে শীতের অনুভূতি বাড়তে পারে। দেশে ৪ থেকে ৬টি মৃদু (৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস ) ধরণের শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে যার মধ্যে ২ থেকে ৩টি তীব্র শৈত্য প্রবাহে (৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস) রূপ নিতে পারে।
এদিকে নভেম্বর মাসের জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে দেশে স্বাভাবিক অপেক্ষা কম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বঙ্গোপসাগরে ২ থেকে ৩ টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে ১ থেকে ২টি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এ মাসে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পেতে পারে তবে দিন এবং রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে। দেশের কোথাও কোথাও এবং নদী অববাহিকায় ভোররাত থেকে সকাল পর্যন্ত হালকা। মাঝারি ধরণের কুয়াশা পড়তে পারে।
এতে আরও বলা হয়েছে, নভেম্বর মাসে দেশের প্রধান নদ-নদীসমূহের স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে। এ মাসে দেশে দৈনিক গড় বাষ্পীভবন ২ দশমিক ৫ থেকে ৪ দশমিক ৫ মিলিমিটার এবং গড় উজ্জ্বল সূর্যকিরণকাল ৫ থেকে ৭ ঘণ্টা থাকতে পারে।
এমএইচএইচ/এএইচ




