শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ঢাকা

পাঁচ জেলায় বাড়তে পারে তাপপ্রবাহ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯ জুন ২০২৬, ১১:৩৬ এএম

শেয়ার করুন:

পাঁচ জেলায় বাড়তে পারে তাপপ্রবাহ
- ফাইল ছবি

দেশের পাঁচ জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। একই সঙ্গে তাপপ্রবাহ আরও কয়েকটি এলাকায় বিস্তার লাভ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। তবে আগামী কয়েক দিনে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

মঙ্গলবার (৯ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির বলেন, ‘দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ইতোমধ্যে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে। আগামী তিন থেকে চার দিনের মধ্যে মৌসুমি বায়ু আরও বিস্তৃত হয়ে সারাদেশে ছড়িয়ে পড়তে পারে।’

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং রংপুর, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া রাজশাহী ও খুলনা বিভাগের দু-এক জায়গায়ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।

বর্তমানে রাজশাহী, পাবনা, নীলফামারী, চুয়াডাঙ্গা ও খুলনা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অধিদফতর বলছে, এই তাপপ্রবাহ আরও বিস্তার লাভ করতে পারে। একই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

বুধবার (১০ জুন) সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। এদিনও কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা সামান্য কমলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। চলমান তাপপ্রবাহ দেশের কিছু এলাকা থেকে প্রশমিত হতে পারে।

বৃহস্পতিবার (১১ জুন) থেকে শনিবার পর্যন্ত দেশের অধিকাংশ বিভাগে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। এ সময় কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দিনের ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস-বৃদ্ধি হলেও বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে।

এমএইচএইচ/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর