মহাকাশে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির পরিকাঠামো গড়ে তোলার পথে বড় সাফল্য পেল ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স। মহাকাশে ১০ লাখ ডেটা সেন্টার স্যাটেলাইট পাঠানোর অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশনস কমিশন বা এফসিসি। ২০২৭ সাল থেকে এই উৎক্ষেপণ শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। স্পেসএক্সের প্রস্তাবিত এই স্যাটেলাইট নেটওয়ার্কের নাম দেওয়া হয়েছে স্টারমাইন্ড, যা বাস্তবায়িত হলে কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ ও মহাকাশ পরিকাঠামোয় বড় ধরনের পরিবর্তন আসতে পারে।
চলতি বছরের শুরুতেই এই স্যাটেলাইটগুলো উৎক্ষেপণের অনুমতি চেয়ে এফসিসির কাছে আবেদন করেছিল স্পেসএক্স। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক বিনিয়োগকারীদের কাছে এই ভবিষ্যৎ পরিকল্পনাকে বিশেষ গুরুত্ব দিয়ে তুলে ধরেছেন। তাঁর স্পেসএক্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক প্রতিষ্ঠান এক্সএআই একত্রিত হওয়ার পর মহাকাশে এআই ডেটা সেন্টার নির্মাণের পরিকল্পনা আরও গতি পেয়েছে। বর্তমানে স্পেসএক্সের সুপার ইন্টেলিজেন্স বিভাগের অধীনে থাকা এই ডেটা সেন্টার ব্যবসায় বড় প্রতিষ্ঠানগুলোর আগ্রহ তৈরি হয়েছে। অ্যানথ্রোপিক এবং গুগলের মতো প্রযুক্তি প্রতিষ্ঠান বিপুল অর্থের বিনিময়ে এই ডেটা সেন্টার পরিকাঠামো ব্যবহারের প্রতিশ্রুতি দিয়েছে। এর ফলে স্পেসএক্সের কার্যক্রম রকেট উৎক্ষেপণ ও স্টারলিংক ইন্টারনেট সেবার গণ্ডি ছাড়িয়ে নতুন দিকে এগোচ্ছে।
পৃথিবীতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে ডেটা সেন্টারের চাহিদাও দ্রুত বাড়ছে। কিন্তু পৃথিবীতে এসব পরিকাঠামো তৈরি করতে বিপুল পরিমাণ বিদ্যুৎ, পানি এবং জমির প্রয়োজন হয়। পাশাপাশি পরিবেশগত প্রভাব এবং স্থানীয় পর্যায়ে বিরোধিতাও বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই বাস্তবতায় মহাকাশে ডেটা সেন্টার স্থাপনের পরিকল্পনা করছে একাধিক প্রযুক্তি প্রতিষ্ঠান, যার মধ্যে গুগল এবং স্টারক্লাউডের মতো স্টার্টআপও রয়েছে। স্পেসএক্সের দাবি, মহাকাশে ডেটা সেন্টার বসানো গেলে সৌরশক্তি ব্যবহার করে সেগুলো চালানো সম্ভব হবে, ফলে পৃথিবীর প্রচলিত বিদ্যুৎ ব্যবস্থার ওপর নির্ভরতা কমবে এবং পরিচালনা খরচও কমানো যাবে। এফসিসির চেয়ারম্যান ব্রেন্ডন কার এই অনুমোদনকে যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত উদ্ভাবন ও অর্থনৈতিক নেতৃত্বের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন।
অনুমোদন মিললেও মহাকাশে ১০ লাখ ডেটা সেন্টার বসানো সহজ নয় এবং এতে একাধিক প্রযুক্তিগত ও আর্থিক চ্যালেঞ্জ রয়েছে। মহাকাশে এআই চিপগুলোর তাপমাত্রা নিয়ন্ত্রণ করা অন্যতম বড় প্রশ্ন, কারণ পৃথিবীর মতো শীতলীকরণ ব্যবস্থা মহাকাশে কীভাবে কার্যকর হবে তা নিয়ে এখনো চ্যালেঞ্জ রয়ে গেছে। এছাড়া বিপুল সংখ্যক স্যাটেলাইট উৎক্ষেপণ ও রক্ষণাবেক্ষণের ব্যয়ও বড় বিষয়। এই বিশাল নেটওয়ার্ক গড়ে তুলতে স্পেসএক্সকে তাদের নতুন স্টারশিপ রকেটের ওপর নির্ভর করতে হবে। স্পেসএক্সের প্রধান আর্থিক কর্মকর্তা ব্রেট জনসেন জানিয়েছেন, ২০২৭ সালে প্রথম ডেটা সেন্টার পাঠানোর পরিকল্পনা রয়েছে এবং ২০২৯ সাল পর্যন্ত ধাপে ধাপে এই পরিকাঠামো সম্প্রসারণ করা হবে। এফসিসির অনুমোদন অনুযায়ী, প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ ও পরিচালনার জন্য ২০৩৩ সাল পর্যন্ত এবং পুরো নেটওয়ার্ক স্থাপনের জন্য ২০৪০ সাল পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

স্পেসএক্সের এই পরিকল্পনা ঘিরে আপত্তিও উঠেছে। অ্যামাজন, ভায়াস্যাট এবং আমেরিকান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি এই প্রস্তাবের বিরোধিতা করেছে। অ্যামাজনের মতে, স্যাটেলাইটগুলোর নকশা ও উৎক্ষেপণের সময়সূচি নিয়ে পর্যাপ্ত তথ্য দেওয়া হয়নি। অন্যদিকে জ্যোতির্বিজ্ঞানীদের আশঙ্কা, মহাকাশে এত বেশি স্যাটেলাইট গেলে রাতের আকাশে আলোর দূষণ বেড়ে পৃথিবী থেকে মহাকাশ পর্যবেক্ষণ ও বৈজ্ঞানিক গবেষণায় বিঘ্ন ঘটতে পারে। বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় একক স্যাটেলাইট অপারেটর হিসেবে স্পেসএক্সের ১১ হাজারের বেশি স্টারলিংক স্যাটেলাইট কক্ষপথে রয়েছে, যেখানে প্রতিদ্বন্দ্বী অ্যামাজন লিওর স্যাটেলাইট সংখ্যা প্রায় ৪০০।
আরও পড়ুন: মহাকাশে এআই ডেটা সেন্টার স্থাপন করছে গুগল
ডেটা সেন্টার ব্যবসাকে আরও এগিয়ে নিতে স্পেসএক্স বিপুল অর্থ বিনিয়োগ করছে। গত জুনে আইপিওর মাধ্যমে সংগৃহীত প্রায় ৮৬ বিলিয়ন ডলার ব্যবসা সম্প্রসারণে ভূমিকা রাখবে। বর্তমানে মেমফিস ও আশপাশের এলাকায় ডেটা সেন্টার ও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র পরিচালনা করছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি টেক্সাসের স্টারবেস উৎক্ষেপণ কেন্দ্রের কাছে এবং অ্যারিজোনার কোচিস কাউন্টিতে ডেটা সেন্টার পরিকাঠামো গড়তে আরও ৭৪ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা ঘোষণা করা হয়েছে। তবে মহাকাশে ব্যয়বহুল এআই চিপ পাঠানো বিনিয়োগকারীদের জন্য কতটা লাভজনক হবে, তা নিয়ে এখনো আলোচনা রয়েছে। গত অক্টোবরে স্পেসএক্স পৃথিবীর ডেটা সেন্টারে ব্যবহারের জন্য এনভিডিয়ার ভেরা রুবিন সিস্টেম লিজ নিতে ঋণদাতাদের কাছ থেকে ৪০ বিলিয়ন ডলার সংগ্রহ করেছিল এবং ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ঋণদাতারা এসব চিপ পৃথিবীতেই রাখার আশ্বাস চেয়েছেন। এদিকে এফসিসির অনুমোদনে স্যাটেলাইট নেটওয়ার্কের জরুরি যোগাযোগ, টেলিমেট্রি, ট্র্যাকিং ও কমান্ড ব্যবস্থায় অপটিক্যাল সংযোগের পাশাপাশি বিকল্প হিসেবে রেডিও ফ্রিকোয়েন্সি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে, আর মহাকাশে ডেটা সেন্টার তৈরির অন্যান্য প্রস্তাবও আলাদাভাবে খতিয়ে দেখছে এফসিসি।
এজেড




