নিজেদের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কার্যক্রমকে পৃথিবীর গণ্ডি ছাড়িয়ে মহাকাশে নিয়ে যাওয়ার বড় পরিকল্পনা হাতে নিয়েছে গুগল। ব্লু অরিজিনের রকেট ব্যবহার করে এআই পরিচালিত কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠানোর উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। মহাকাশে পাওয়া বিপুল সৌরশক্তিকে কাজে লাগিয়ে এআই ব্যবস্থা সচল রাখাই এই পরিকল্পনার মূল লক্ষ্য, যাতে পৃথিবীতে বিদ্যুৎ সরবরাহ, জমি এবং শীতলীকরণ ব্যবস্থার ওপর চাপ কমে। প্রজেক্ট সানক্যাচার নামের এই অভিযানটি ২০২৯ সালের শুরুর দিকে নিউ গ্লেন রকেটের মাধ্যমে উৎক্ষেপণের লক্ষ্য ঠিক করা হয়েছে।
প্রজেক্ট সানক্যাচারের সিনিয়র ডিরেক্টর ট্র্যাভিস বিলস জানিয়েছেন, মহাকাশে প্রাপ্ত নিরবচ্ছিন্ন সৌরশক্তি ব্যবহার করে এআই প্রযুক্তি চালানোর প্রস্তুতি নিচ্ছে গুগল। এ লক্ষ্যে ব্লু অরিজিনের সঙ্গে চুক্তি করা হয়েছে। ব্লু অরিজিনের নিউ গ্লেন একটি বিশাল ও পুনর্ব্যবহারযোগ্য রকেট, যা ভারী পেলোড বহনে সক্ষম।

গুগলের তথ্য অনুযায়ী, প্রজেক্ট সানক্যাচার একটি দীর্ঘমেয়াদী গবেষণা উদ্যোগ, যার মাধ্যমে মহাকাশে বড় পরিসরে এআই কম্পিউটিং চালানোর সম্ভাবনা যাচাই করা হচ্ছে। এই প্রকল্পে সৌরশক্তিচালিত একাধিক কৃত্রিম উপগ্রহের একটি নেটওয়ার্ক গড়ে তোলা হবে। এসব উপগ্রহে গুগলের বিশেষায়িত টেনসর প্রসেসিং ইউনিট বা টিপিইউ যুক্ত থাকবে এবং উচ্চগতির অপটিক্যাল ও লেজার সংযোগের মাধ্যমে সেগুলো একে অপরের সঙ্গে যুক্ত থাকবে।
আরও পড়ুন: ২০০ মেগাপিক্সেল লেইকা ক্যামেরা নিয়ে আসছে শাওমি ১৮, প্রি-অর্ডার শুরু
নিউ গ্লেন রকেটটি এসব কৃত্রিম উপগ্রহকে একটি নির্দিষ্ট সূর্য সমলয় কক্ষপথে স্থাপন করবে, যেখানে প্রতিটি কৃত্রিম উপগ্রহের কম্পিউটিং সক্ষমতা একটি ডেটা সেন্টার
র্যাকের সমান হবে। এর আগে গত অক্টোবরে গুগল এবং তাদের সহযোগী প্রতিষ্ঠান প্ল্যানেট, স্পেসএক্সের ট্রান্সপোর্টার ১৮ অভিযানের মাধ্যমে চারটি প্রসেসরযুক্ত একটি প্রাথমিক কৃত্রিম উপগ্রহ কক্ষপথে পাঠায়।
১ অক্টোবর বিলস জানান, কৃত্রিম উপগ্রহটির সঙ্গে যোগাযোগ স্থাপন করা গেছে এবং সেটি সঠিকভাবে কাজ করছে; এই পরীক্ষা থেকে মহাকাশের তাপ, বিকিরণ ও পরিবেশগত চাপের তথ্য সংগ্রহ করা হচ্ছে।
এজেড




