মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে নির্ধারিত সময়ে বার্তা পাঠানোর নতুন সুবিধা বা শিডিউল মেসেজিং ফিচার। এর ফলে ব্যবহারকারীরা আগে থেকেই নির্দিষ্ট দিন ও সময়ে বার্তা পাঠানোর সময় নির্ধারণ করতে পারবেন। আলাদা কোনো থার্ড পার্টি অ্যাপ বা রিমাইন্ডারের সাহায্য ছাড়াই ব্যক্তিগত কিংবা দলগত চ্যাটে এই সুবিধা কাজ করবে। নির্ধারিত সময়ে প্রেরক অফলাইনে থাকলেও বার্তাটি স্বয়ংক্রিয়ভাবে প্রাপকের কাছে পৌঁছে যাবে।
অ্যানড্রয়েড এবং আইওএস অপারেটিং সিস্টেমের বাছাই করা পরীক্ষামূলক ব্যবহারকারীদের ওপর দীর্ঘদিন ধরে এই সুবিধা যাচাই করেছে হোয়াটসঅ্যাপ। গত ২৫ নভেম্বর প্রতিষ্ঠানটির দাপ্তরিক এক্স অ্যাকাউন্টে একটি সংক্ষিপ্ত ঝলকের মাধ্যমে নতুন এই সুবিধার ঘোষণা দেওয়া হয়।
নতুন সুবিধাটি ব্যবহার করতে প্রথমে ব্যক্তিগত বা দলগত চ্যাট খুলতে হবে। এরপর বার্তা লিখতে হবে অথবা পছন্দের ছবি বা ভিডিও যুক্ত করতে হবে। তারপর পাঠানোর বোতামটি কিছুক্ষণ চেপে ধরে রাখলেই দিন ও সময় বেছে নেওয়ার বিকল্প ভেসে উঠবে।
প্রতিবেদন অনুযায়ী, এখন থেকে ১০ মিনিট পর থেকে শুরু করে আগামী দুই সপ্তাহ পর্যন্ত যেকোনো সময় বার্তা পাঠানোর জন্য নির্ধারণ করা যাবে। লেখা, লিংক, ছবি ও ভিডিও এই সুবিধার আওতায় পাঠানো যাবে এবং পুরো প্রক্রিয়াটি শুরু থেকে শেষ পর্যন্ত এনক্রিপশনের মাধ্যমে সুরক্ষিত থাকবে। তবে আপাতত কোনো নথি বা ডকুমেন্ট নির্ধারিত সময়ে পাঠানোর সুবিধা থাকছে না বলে জানা গেছে।
একবার সময় নির্ধারণ করে দিলে বার্তাটি পাঠানোর সময় ব্যবহারকারীকে অ্যাপ খোলা রাখতে হবে না। এমনকি ওই সময় প্রেরকের ফোনে ইন্টারনেট সংযোগ না থাকলেও বার্তাটি স্বয়ংক্রিয়ভাবে চলে যাবে।

বার্তা পাঠানোর আগেই ব্যবহারকারীরা নির্ধারিত সময়ের তালিকায় থাকা বার্তা দেখতে এবং প্রয়োজনে মুছে ফেলতে পারবেন। চ্যাট তথ্য পর্দায় আলাদা একটি অংশে অপেক্ষমাণ বার্তাগুলোর তালিকা দেখা যাবে। পরিকল্পনা বদলালে সেখান থেকেই বার্তা মুছে ফেলা যাবে। নির্ধারিত বার্তা মুছে ফেললে প্রাপক কোনো বিজ্ঞপ্তি পাবেন না, কারণ বার্তাটি তখনও চ্যাটে পৌঁছায়নি।
আরও পড়ুন: আপনার পাসওয়ার্ড কি ১২৩৪৫৬? সবচেয়ে বেশি ব্যবহৃত পাসওয়ার্ডের তালিকা ফাঁস
দলগত চ্যাটের ক্ষেত্রে একটি বিশেষ নিয়ম মানা হবে। কোনো সদস্য দলে বার্তা পাঠানোর সময় নির্ধারণ করলে সেটি কেবল সেই সদস্যরাই পাবেন, যাঁরা সময় নির্ধারণ করার সময় ওই দলে যুক্ত ছিলেন। পরে যাঁরা ওই দলে যোগ দেবেন, তাঁরা আগে নির্ধারণ করা সেই বার্তা দেখতে পাবেন না।
প্রযুক্তিবিষয়ক মাধ্যম গ্যাজেটস থ্রিসিক্সটি জানিয়েছে, ইতিমধ্যে কয়েকজন ব্যবহারকারীর অ্যাকাউন্টে এই সুবিধা কাজ করতে দেখা গেছে। তবে সবার জন্য এটি একসঙ্গে চালু হয়নি, বরং ধাপে ধাপে ছড়িয়ে দেওয়া হচ্ছে। যাদের অ্যাকাউন্টে এখনও ফিচারটি আসেনি, তাদের আরও কিছুটা সময় অপেক্ষা করতে হতে পারে।
এজেড




