নর্ডপাস সম্প্রতি শীর্ষ ২০০টি সর্বাধিক প্রচলিত পাসওয়ার্ডের ওপর তাদের বার্ষিক গবেষণার ষষ্ঠ কিস্তি প্রকাশ করেছে, যেখানে ৪৪টি দেশের সবচেয়ে বেশি ব্যবহৃত পাসওয়ার্ডের তালিকা তুলে ধরা হয়েছে। সাম্প্রতিক গবেষণায় বিশ্বজুড়ে মানুষের পাসওয়ার্ড ব্যবহারের ধরন ও ঝুঁকির চিত্র উঠে এসেছে।
আজকের ডিজিটাল যুগে পাসওয়ার্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ নিরাপত্তার হাতিয়ার হয়ে উঠেছে। বর্তমানে সাইবার অপরাধ এতটাই বেড়ে গেছে যে কখন ব্যক্তিগত তথ্য চুরি হয়ে যায় বা ব্যাংক হিসাব ফাঁকা হয়ে যায়, তা বোঝা যায় না। তাই মোবাইল ফোন হোক কিংবা ব্যাংক হিসাব, পাসওয়ার্ড সব সময় শক্তিশালী হওয়া জরুরি এবং সাধারণ পাসওয়ার্ড এড়িয়ে চলা উচিত।
দীর্ঘদিন ধরে নর্ডপাসের শীর্ষ ২০০টি সবচেয়ে প্রচলিত পাসওয়ার্ডের তালিকায় মানুষের পাসওয়ার্ড ব্যবহারের অভ্যাস ও সময়ের সঙ্গে বদলে যাওয়া প্রবণতার ছবি দেখা যাচ্ছে। এবারের গবেষণায় পাসওয়ার্ডের ধাঁচের সঙ্গে জনপ্রিয় সংস্কৃতির সম্পর্কও খতিয়ে দেখা হয়েছে। রক সংগীতদল থেকে শুরু করে ভিডিও গেম, খেলোয়াড় এবং অ্যানিমে, সবকিছুরই প্রভাব পড়েছে মানুষের পাসওয়ার্ডে।
বিশ্বজুড়ে সবচেয়ে বেশি ব্যবহৃত পাসওয়ার্ডের তালিকার ওপরের দিকে রয়েছে ১২৩৪৫৬, অ্যাডমিন, ১২৩৪৫৬৭৮ এবং ১২৩৪। এ ছাড়া ষষ্ঠ থেকে দশম অবস্থানে রয়েছে যথাক্রমে ১২৩৪৫, পাসওয়ার্ড, এএ১২৩৪৫, পাসএট১২৩ এবং ১২৩৪৫৬৭৮৯০।
_20261125_132131594.jpeg)
ভারতের ক্ষেত্রেও শীর্ষে রয়েছে ১২৩৪৫৬, যা ব্যবহার করেন ৮ লাখ ৭২ হাজার ৫১৫ জন। এর পরে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে ১২৩৪৫৬৭৮, অ্যাডমিন, ১২৩৪ এবং ১২৩৪৫।
সংখ্যা দিয়ে তৈরি পাসওয়ার্ড, পাসওয়ার্ড ও অ্যাডমিনের পাশাপাশি ভারতের তালিকায় ওয়েলকামএট১২৩ পাসওয়ার্ডটিও বেশ জনপ্রিয়। মোট ১ লাখ ৩ হাজার ৩৭৫ জন এই পাসওয়ার্ড ব্যবহার করেন এবং তালিকায় এটি রয়েছে নবম স্থানে।
আরও পড়ুন: ১ ডলারেই ডিডিওএস হামলার সেবা দিচ্ছে সাইবার অপরাধীরা: ক্যাসপারস্কি
অন্যদিকে কর্লিওন১৩ ও মেটালিকা থেকে শুরু করে জেনশিনস্টাররেইল ও স্কুইডগেমদ্যাবেস্টের মতো পাসওয়ার্ড থেকে বোঝা যায় মানুষের পছন্দের বিষয়গুলো কী। ২০০০ সালের আগের সময়ের উল্লেখযোগ্য একটি প্রচলিত পাসওয়ার্ড ছিল কার্লসাগান১।
গবেষণায় দেখা গেছে, ২০০০ ও ২০১০-এর দশকে অ্যানিমে ও ভিডিও গেমসংশ্লিষ্ট পাসওয়ার্ডের ব্যবহার বেড়েছিল, যার উদাহরণ সাসুকে২০ এবং মাইনক্রাফট। আর ২০২০-এর দশকে পাসওয়ার্ডে জায়গা করে নিয়েছে মিম ও সামাজিক যোগাযোগমাধ্যমের নাম, যেমন স্কিবিডিটয়লেট এবং টিকটক২০০২।
এজেড




