কিশোর-কিশোরীদের অনলাইন কার্যক্রম, স্ক্রিন টাইম ও আগ্রহের বিষয়গুলো অভিভাবকদের আরও স্পষ্টভাবে জানাতে ফ্যামিলি পেয়ারিং ফিচারে বড় পরিবর্তন এনেছে টিকটক। পাশাপাশি স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশিকা চালু করার পাশাপাশি নিজের ক্ষতিসংক্রান্ত অনুসন্ধানে অভিভাবকদের সতর্কবার্তা পাঠানোর নতুন ব্যবস্থাও আনছে প্ল্যাটফর্মটি।
কিশোর-কিশোরীরা টিকটকে কী ধরনের কনটেন্ট দেখছে, কত সময় অনলাইনে কাটাচ্ছে এবং কোন বিষয়ে আগ্রহী হয়ে উঠছে, তা অভিভাবকদের জানাতে ফ্যামিলি পেয়ারিং ফিচার হালনাগাদ করেছে টিকটক। নতুন এই সুবিধার মাধ্যমে অভিভাবকেরা সহজেই সন্তানের অনলাইন কার্যক্রম সম্পর্কে জানতে পারবেন এবং প্রয়োজন অনুযায়ী বিভিন্ন সেটিংস বদলে নিতে পারবেন।
টিকটকে কিশোর-কিশোরীদের অ্যাকাউন্টে আগে থেকেই নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষার নানা ব্যবস্থা রয়েছে। এর মধ্যে রয়েছে প্রাইভেট অ্যাকাউন্ট, বয়স অনুযায়ী উপযুক্ত কনটেন্ট প্রদর্শন এবং প্রতিদিন সর্বোচ্চ ৬০ মিনিট স্ক্রিন টাইমের সীমা। এসব নিরাপত্তাব্যবস্থার পাশাপাশি নতুন করে সাজানো ফ্যামিলি পেয়ারিং অভিভাবকদের আরও কার্যকরভাবে সহায়তা করবে।
অভিভাবক ও কিশোর-কিশোরীদের বুঝতে সুবিধা হয় এমনভাবে নতুন ফ্যামিলি পেয়ারিং ফিচারের তথ্য সাজানো হয়েছে এবং এর নতুন ড্যাশবোর্ডে চারটি গুরুত্বপূর্ণ বিষয় দেখা যাবে। প্রথমত, স্ক্রিন টাইম অংশে সন্তান প্রতিদিন গড়ে কতক্ষণ টিকটক ব্যবহার করছে এবং স্ক্রিন টাইম নিয়ন্ত্রণে কী কী সেটিংস সক্রিয় রয়েছে, তা অভিভাবকেরা দেখতে পারবেন।
দ্বিতীয়ত, সংযোগ বা কানেকশন অংশে সন্তানের অনুসারী ও অনুসরণ করা অ্যাকাউন্টের সংখ্যার পরিবর্তন, কোন অ্যাকাউন্টগুলোর সঙ্গে যোগাযোগ হচ্ছে এবং কোন অ্যাকাউন্টগুলো ব্লক করা হয়েছে, সে তথ্য পাওয়া যাবে। তৃতীয়ত, কনটেন্টের প্রতি আগ্রহ বা কনটেন্ট ইন্টারেস্ট অংশে সন্তান যেসব যাচাইকৃত নির্মাতাকে অনুসরণ করে, তাদের কিছু নমুনা কনটেন্ট দেখতে পারবেন অভিভাবকেরা, যার মাধ্যমে সন্তান কোন বিষয়ে আগ্রহী ও কোন অনলাইন গোষ্ঠীর সঙ্গে যুক্ত তা বোঝা যাবে।
চতুর্থত, পোস্ট অংশে সন্তান প্রতি সপ্তাহে জনসাধারণের জন্য যেসব পোস্ট প্রকাশ করবে, সেগুলো দেখা যাবে এবং প্রতিটি পোস্ট কতবার দেখা হয়েছে, সেই তথ্যও জানতে পারবেন অভিভাবকেরা।
এ ছাড়া নতুন একটি সতর্কবার্তা ব্যবস্থা চালুর কাজ করছে টিকটক, যেখানে সহায়তা করছেন বোস্টন চিলড্রেনস হসপিটালের ডিজিটাল ওয়েলনেস ল্যাবের বিশেষজ্ঞরা। এই উদ্যোগে আরও যুক্ত রয়েছেন
সেফ অনলাইন স্ট্যান্ডার্ডসের প্রতিষ্ঠাতা ও পরিচালক এবং জনস হপকিন্স সেন্টার ফর সুইসাইড প্রিভেনশনের সহযোগী শিক্ষক ড. ড্যান রেইডেনবার্গ। নতুন ব্যবস্থায় কোনো কিশোর-কিশোরী বারবার নিজের ক্ষতি করার সঙ্গে সম্পর্কিত শব্দ খুঁজলে অভিভাবকদের কাছে সতর্কবার্তা পৌঁছাবে।
আরও পড়ুন: হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে বড় বদল, গোপনে বেছে নেওয়া যাবে দর্শক
স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য নতুন একটি নির্দেশিকাও চালু করেছে টিকটক। শিক্ষক এবং শিশু-কিশোরদের নিরাপত্তা নিয়ে কাজ করা বিশেষজ্ঞদের পরামর্শে তৈরি এই গাইডে শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার জন্য প্রয়োজনীয় তথ্য ও টুল তুলে ধরা হয়েছে, যা টিকটক সেফটি সেন্টারে পাওয়া যাবে।
নতুন ফ্যামিলি পেয়ারিং ফিচারের মাধ্যমে অভিভাবকেরা সন্তানের অনলাইন কার্যক্রম সম্পর্কে আরও পরিষ্কার ধারণা পাবেন এবং শিক্ষকদের গাইড স্কুলগুলোকে প্রয়োজনীয় সহায়তা দেবে। এসব উদ্যোগের মধ্য দিয়ে কিশোর-কিশোরীদের অনলাইন নিরাপত্তায় আরও গুরুত্ব দিচ্ছে টিকটক।
এজেড



