হোয়াটসঅ্যাপে প্রতিটি স্ট্যাটাস সব পরিচিতির সঙ্গে শেয়ার করে নেওয়ার দরকার হয় না। অনেক সময় ব্যবহারকারীরা কিছু কথা বা মুহূর্ত কেবল কাছের বন্ধু কিংবা পরিবারের সদস্যদের সঙ্গে শেয়ার করতে চান। সেই চাহিদার কথা ভেবেই নতুন ঘনিষ্ঠ বন্ধু বা ক্লোজ ফ্রেন্ডস সুবিধা নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ, যার মাধ্যমে আলাদা তালিকা তৈরি করে নির্দিষ্ট দর্শক ঠিক করা যাবে, থাকবে বেগুনি রঙের রিং এবং কাউকে না জানিয়েই তালিকা বদলানোর সুযোগ।
ইনস্টাগ্রামের ক্লোজ ফ্রেন্ডস সুবিধার মতোই কাজ করবে এই ফিচার। এর সাহায্যে ব্যবহারকারীরা নিজেদের পছন্দের মানুষদের নিয়ে আলাদা তালিকা তৈরি করতে পারবেন, ফলে ব্যক্তিগত ছবি, ভিডিও কিংবা অন্য কোনো হালনাগাদ সহজেই নির্দিষ্ট ব্যক্তিদের সঙ্গে ভাগ করে নেওয়া যাবে।
নতুন ব্যবস্থায় ঘনিষ্ঠ মানুষদের নিয়ে আলাদা স্ট্যাটাস তালিকা বানানো যাবে। স্ট্যাটাস প্রকাশ করার সময় ব্যবহারকারীরা ঠিক করতে পারবেন, আপডেটটি সব পরিচিতিকে দেখাবেন নাকি কেবল ক্লোজ ফ্রেন্ডস তালিকায় থাকা ব্যক্তিদের সঙ্গে শেয়ার করবেন, ফলে প্রতিবার আলাদা করে ব্যক্তি বাছাই করার ঝামেলা এড়ানো যাবে।
আরও পড়ুন: ইনস্টাগ্রাম স্টোরিতে ভুল গান বা স্টিকার? জানুন কী করতে হবে
ব্যবহারকারীরা চাইলে যেকোনো সময় এই তালিকায় কাউকে যুক্ত করতে বা বাদ দিতে পারবেন। সবচেয়ে বড় বিষয় হলো, তালিকায় কোনো পরিবর্তন করলে সংশ্লিষ্ট ব্যক্তির কাছে কোনো বিজ্ঞপ্তি বা নোটিফিকেশন যাবে না, অর্থাৎ কাউকে যুক্ত করা বা সরিয়ে দেওয়ার বিষয়টি অন্যরা জানতে পারবেন না।
যারা বন্ধু, পরিবার, অফিসের সহকর্মী এবং অন্য পরিচিতদের সঙ্গে আলাদা ধরনের বিষয় শেয়ার করেন, তাদের জন্য এই সুবিধা বেশ কাজে আসবে। এখন থেকে প্রতিবার স্ট্যাটাসের গোপনীয়তা সেটিংস না বদলেই আগে থেকে তৈরি তালিকা বেছে নেওয়া যাবে।

ক্লোজ ফ্রেন্ডস তালিকার জন্য শেয়ার করা স্ট্যাটাসের চারপাশে বেগুনি রঙের রিং দেখা যাবে। এর মাধ্যমে বোঝা যাবে যে স্ট্যাটাসটি নির্দিষ্ট দর্শকের জন্য দেওয়া হয়েছে। যারা স্ট্যাটাসটি দেখবেন, তারা তালিকার নাম ও ইমোজি দেখতে পেলেও ওই তালিকায় আর কারা আছেন তা জানতে পারবেন না। আগের মতোই ২৪ ঘণ্টা পর হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস নিজে থেকেই মুছে যাবে এবং স্ট্যাটাসে ছবি, ভিডিও, লেখা ও ভয়েস নোট শেয়ার করা যাবে।
হোয়াটসঅ্যাপে আগে থেকেই সব পরিচিতি, নির্দিষ্ট কয়েকজন বাদে পরিচিতি এবং কেবল নির্বাচিত কয়েকজনের সঙ্গে শেয়ার করার মতো গোপনীয়তার বিকল্প রয়েছে। নতুন ক্লোজ ফ্রেন্ডস সুবিধা যুক্ত হলে দর্শক বাছাইয়ের জন্য আরও একটি অপশন মিলবে, যা পুরনো গোপনীয়তা সেটিংসগুলো বহাল রেখেই কাজ করবে।
বর্তমানে ধাপে ধাপে ব্যবহারকারীদের জন্য এই ফিচার চালু করা হচ্ছে, তাই সব ব্যবহারকারীর কাছে নতুন অপশনটি পৌঁছাতে কিছুটা সময় লাগতে পারে।
এজেড




