ইনস্টাগ্রামে স্টোরি প্রকাশ করার পর অনেক সময়ই ছোটখাটো ভুল চোখে পড়ে। কখনো বানান বা লেখার ভুল হয়, আবার কখনো ভুল গান কিংবা স্টিকার যুক্ত হয়ে যায়। এতদিন এমন ভুল শুধরে নিতে হলে পুরো স্টোরি মুছে দিয়ে নতুন করে প্রকাশ করতে হতো, কিন্তু নতুন সুবিধায় স্টোরি প্রকাশের পর ১৫ মিনিটের মধ্যেই লেখা, গান, স্টিকার ও আঁকাআঁকিতে পরিবর্তন আনা যাবে, ফলে আগের ভিউ, লাইক ও রিপ্লাই নষ্ট হওয়ার আশঙ্কাও আর থাকবে না।
নতুন এই সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা স্টোরি প্রকাশ করার ১৫ মিনিটের মধ্যে তা সম্পাদনা করতে পারবেন। এর জন্য প্রথমে নিজের প্রকাশিত স্টোরিটি খুলতে হবে, তারপর নিচের ডান দিকে থাকা তিনটি বিন্দুতে ট্যাপ করলে পাওয়া যাবে স্টোরি এডিট করার অপশন।
এই অপশন ব্যবহার করে স্টোরির লেখা ঠিক করা যাবে। পাশাপাশি স্টিকার বদলানো বা রিসেট করা, গান পরিবর্তন করা এবং হাতে আঁকা নকশা বা ডুডলেও প্রয়োজনীয় বদল আনা সম্ভব হবে, ফলে স্টোরি মুছে আবার দেওয়ার ঝামেলা এড়ানো যাবে।

তবে খেয়াল রাখতে হবে যে স্টোরি প্রকাশ করার পর কেবল ১৫ মিনিট পর্যন্তই এই সম্পাদনার সুযোগ মিলবে। নির্ধারিত এই সময় পার হয়ে গেলে আর কোনো পরিবর্তন করা যাবে না।
কোনো ব্যবহারকারী স্টোরি প্রকাশের পর তাতে পরিবর্তন আনলে যাঁরা স্টোরিটি দেখবেন, তাঁদের কাছে এডিটেড বা সম্পাদিত লেবেল চোখে পড়বে। এর মাধ্যমে দর্শকেরা বুঝতে পারবেন যে প্রকাশের পর স্টোরিতে কিছু বদল আনা হয়েছে, যদিও এডিট করার পরও আগের সব ভিউ, লাইক এবং রিপ্লাই অপরিবর্তিত থাকবে।
যারা নিয়মিত ইনস্টাগ্রামে স্টোরি দেন, বিশেষ করে কনটেন্ট নির্মাতা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য এই সুবিধা বেশ কাজে আসবে।
আরও পড়ুন: হোয়াটসঅ্যাপ কি আর ফ্রিতে ব্যবহার করা যাবে না?
স্টোরি সম্পাদনার পাশাপাশি ইনস্টাগ্রামের তৈরি করার ব্যবস্থাতেও একাধিক নতুন বিকল্প যুক্ত করা হয়েছে। এখন থেকে ব্যবহারকারীরা স্টোরিতে ঝাপসা বা ব্লার এবং রঙের মিশ্রণ বা গ্রেডিয়েন্ট পটভূমি ব্যবহার করতে পারবেন, স্টিকারের জন্য পাবেন নতুন হরফ ও রঙের অপশন, আর একটি স্টোরিতে একসঙ্গে একাধিক ছবি বেছে নিয়ে শেয়ার করার কাজও আগের চেয়ে সহজ করা হয়েছে।
এর আগেও ইনস্টাগ্রাম এমন একটি সুবিধা চালু করেছিল, যার মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের ট্যাগ করা ছবি এবং পোস্ট সরাসরি প্রোফাইলের মূল গ্রিডে যুক্ত করতে পারেন।
এজেড




