শাওমি ১৮ স্মার্টফোনের বাজারে আসা ঘিরে জল্পনা আরও জোরালো হয়েছে, কারণ চীনে ফোনটির জন্য আগাম ফরমায়েশ (প্রি-অর্ডার) নেওয়া শুরু করেছে সংস্থাটি। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে লঞ্চের তারিখ কিংবা দাম প্রকাশ করা হয়নি, তবে প্রচারণামূলক পোস্টারে লেইকা ব্র্যান্ডিং দেখা গেছে। ফলে শাওমি ১৮ মডেলেও লেইকার সঙ্গে যৌথভাবে তৈরি ক্যামেরা ব্যবস্থা থাকার বিষয়টি পরিষ্কার হয়েছে এবং আগের তথ্য অনুযায়ী এতে ২০০ মেগাপিক্সেলের মূল ক্যামেরা ও স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৬ চিপসেট থাকতে পারে।
শাওমির অনলাইন দোকানের মাধ্যমে চীনে আপাতত শাওমি ১৮ এর আগাম ফরমায়েশ নেওয়া হচ্ছে এবং সংস্থার প্রকাশিত পোস্টারে লাল কাপড়ে ঢাকা একটি সাদা বাক্সের সঙ্গে লেইকার চিহ্ন দেখা গেছে। শাওমি ১৮ সিরিজের তৃতীয় সদস্য হিসেবে বাজারে আসতে চলেছে এই মডেল, যার আগে শাওমি ১৮ প্রো এবং শাওমি ১৮ প্রো ম্যাক্স লঞ্চ হয়েছে, আর প্রো সংস্করণগুলোর মতো সাধারণ মডেলেও লেইকার সঙ্গে যৌথভাবে তৈরি ক্যামেরা থাকছে বলে জানা যাচ্ছে।
আগে ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, শাওমি ১৮ ফোনে ৬.৪ ইঞ্চির এলটিপিও ওএলইডি পর্দা থাকতে পারে, যার রেজুলেশন ১.৫কে এবং রিফ্রেশ রেট ১২০ হার্জ হতে পারে।
পর্দাটি টিসিএলের কাছ থেকে নেওয়া হতে পারে এবং এতে সংস্থার এম১১ ডিসপ্লে প্রযুক্তি ব্যবহারের সম্ভাবনা রয়েছে, পাশাপাশি ফোনটির সম্ভাব্য মডেল নম্বর এম২৬১ডিবি যা সম্প্রতি চীনের ৩সি সনদ ওয়েবসাইটে দেখা গেছে এবং সেখানে ১০০ ওয়াট তারযুক্ত দ্রুত চার্জিং সুবিধার কথাও উল্লেখ রয়েছে।

কাজের গতির জন্য শাওমি ১৮ মডেলে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৬ চিপসেট থাকতে পারে, আর নিরাপত্তার জন্য আলট্রাসনিক আঙুলের ছাপ শনাক্তকারী সেন্সর ও পানি ও ধুলা থেকে সুরক্ষায় আইপি৬৯ মানদণ্ড থাকার সম্ভাবনা রয়েছে। ধাতব কাঠামোর এই ফোনে ব্যাটারির ক্ষেত্রেও বড় উন্নতির ইঙ্গিত মিলেছে এবং ফাঁস হওয়া তথ্য বলছে এতে ৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি দেওয়া হতে পারে, যদিও ব্যাটারির ক্ষমতা, চার্জিং প্রযুক্তি ও প্রসেসর নিয়ে সংস্থা এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
ছবি তোলার অভিজ্ঞতাই হতে পারে শাওমি ১৮ এর অন্যতম প্রধান আকর্ষণ এবং সম্ভাব্য ক্যামেরা বিন্যাসে পেছনে তিনটি সেন্সর থাকার কথা জানা গেছে। এর মধ্যে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সুবিধাসহ ২০০ মেগাপিক্সেলের মূল ক্যামেরা, ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সুবিধাসহ ৫০ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা থাকতে পারে, যেখানে লেইকার সঙ্গে যৌথভাবে তৈরি ক্যামেরা ব্যবস্থার মাধ্যমে ছবির মান আরও উন্নত করার চেষ্টা থাকবে।
আরও পড়ুন: সেকেন্ড হ্যান্ড ফোন কেনার আগে ডায়াল করুন গোপন কোড, বুঝুন আসল অবস্থা
এদিকে শাওমি ১৮ প্রো এবং শাওমি ১৮ প্রো ম্যাক্স চীনে প্রাথমিক লঞ্চের পর চলতি সপ্তাহের শুরুতে আন্তর্জাতিক বাজারেও এসেছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। শাওমি ১৮ প্রো মডেলের দাম শুরু হয়েছে ১,৩৯৯ ইউরো থেকে যা ভারতীয় মুদ্রায় প্রায় ১ লাখ ৪৪ হাজার রুপি এবং শাওমি ১৮ প্রো ম্যাক্স মডেলের দাম ১,৫৯৯ ইউরো যা প্রায় ১ লাখ ৬৪ হাজার রুপি, যেখানে প্রো মডেলে স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৬ এবং প্রো ম্যাক্স সংস্করণে স্ন্যাপড্রাগন ৮ এলিট এক্সট্রিম জেন ৬ প্রসেসর ব্যবহার করা হয়েছে।
শাওমি ১৮ এর আনুষ্ঠানিক লঞ্চের তারিখ এখনো ঘোষণা করা না হলেও আগের প্রতিবেদনে দাবি করা হয়েছিল আগামী ডিসেম্বরে চীনের বাজারে ফোনটি আসতে পারে এবং শাওমি ১৭ এর তুলনায় এতে একাধিক উন্নতি দেখা যাবে। তবে দাম ও লঞ্চের তারিখ আনুষ্ঠানিকভাবে প্রকাশ না হওয়া পর্যন্ত ফোনটির কারিগরি তথ্যগুলো সম্ভাব্য হিসেবেই বিবেচনা করতে হবে।
এজেড




