স্মার্টফোন ব্যবহার করেন না এমন মানুষ এখন খুঁজে পাওয়া কঠিন। বাজারে ১০ হাজার টাকা থেকে শুরু করে কয়েক লাখ টাকা দামের ফোন পাওয়া যায়। তবে মধ্যবিত্ত ও সাধারণ ক্রেতাদের কাছে ১৫ হাজার টাকা বাজেটের স্মার্টফোনের চাহিদা সবচেয়ে বেশি। কিন্তু ক্রেতারা যে ফোনটি ১৫ হাজার টাকায় কিনছেন, কারখানায় সেটি তৈরি করতে কোম্পানির আসল কত টাকা খরচ হয়, তা অনেকেরই অজানা।
বাজার বিশ্লেষকদের মতে, ১৫ হাজার টাকা খুচরা মূল্যের একটি স্মার্টফোন তৈরি করতে উৎপাদনকারী প্রতিষ্ঠানের সাধারণত ৭ হাজার ৫০০ থেকে ৯ হাজার টাকার মতো খরচ হয়। প্রযুক্তির ভাষায় একে উৎপাদন খরচ বা মেকিং কস্ট বলা হয়। এই খরচের সবচেয়ে বড় অংশটি যায় ফোনের প্রসেসর বা চিপসেট এবং ডিসপ্লে স্ক্রিনের পেছনে। বর্তমানে এই বাজেটের ফোনগুলোতেও অ্যামোলেড ডিসপ্লে এবং দ্রুতগতির ফাইভ-জি প্রসেসর দেওয়া হচ্ছে। শুধু এই দুটি যন্ত্রাংশের জন্যই কোম্পানির প্রায় ৩ হাজার ৫০০ থেকে ৪ হাজার ৫০০ টাকা খরচ হয়।

এরপর রয়েছে ক্যামেরা সেন্সর, র্যাম এবং ইন্টারনাল স্টোরেজ বা অভ্যন্তরীণ মেমোরির খরচ। এই যন্ত্রাংশগুলোর জন্য প্রতিষ্ঠানকে প্রায় ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকা গুনতে হয়। পাশাপাশি ফোনের ব্যাটারি, চার্জার, বডি এবং অন্যান্য ছোটখাটো সেন্সরের পেছনে আরও প্রায় ১ হাজার ৫০০ টাকা খরচ হয়। সব মিলিয়ে হার্ডওয়্যার যন্ত্রাংশ কেনা এবং কারখানায় ফোন সংযোজন করার মোট খরচ ফোনের সর্বোচ্চ খুচরা মূল্যের প্রায় অর্ধেক।
যদি ৮ হাজার ৫০০ টাকার আশপাশে একটি ফোন তৈরি হয়ে যায়, তবে ক্রেতাদের কাছ থেকে ১৫ হাজার টাকা নেওয়া হয় কেন, এমন প্রশ্ন উঠতেই পারে। এর মূল কারণ হলো, হার্ডওয়্যার তৈরির বাইরেও কোম্পানিকে আরও বেশ কিছু খাতে বড় অংকের অর্থ ব্যয় করতে হয়। এর মধ্যে শুরুতেই রয়েছে সরকারি কর বা ভ্যাট।

এছাড়া রয়েছে গবেষণা ও উন্নয়ন খাতের খরচ। এই বিভাগে প্রকৌশলীরা ফোনের সফটওয়্যার উন্নত করা এবং নতুন নকশা তৈরির কাজ করেন। এর পাশাপাশি তারকাদের দিয়ে বিজ্ঞাপন করানো, টেলিভিশন ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণার পেছনেও বড় বাজেট রাখতে হয়। প্রতিটি ফোন বিক্রির বিপরীতে বিপণন ও প্রচারণার জন্য কোম্পানির প্রায় ১ হাজার থেকে ১ হাজার ৫০০ টাকা খরচ হয়।
কারখানা থেকে উৎপাদনের পর স্মার্টফোন সরাসরি ক্রেতার হাতে পৌঁছায় না। এটি একটি দীর্ঘ সরবরাহ ব্যবস্থার মধ্য দিয়ে যায়। প্রথমে জাতীয় পরিবেশক, এরপর স্থানীয় পাইকারি বিক্রেতা এবং সবশেষে খুচরা দোকান বা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে ফোনটি ক্রেতার কাছে আসে। এই পুরো প্রক্রিয়ায় যুক্ত পরিবেশক ও খুচরা বিক্রেতাদের কমিশন বাবদ প্রায় ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৮০০ টাকা খরচ হয়।
আরও পড়ুন: ফোনে সিম কার্ড বদলানোর সময় কি ফোন বন্ধ করা উচিত?
সবশেষে বিক্রয়োত্তর সেবা বা ওয়ারেন্টি, সার্ভিস সেন্টার পরিচালনা এবং পরিবহন খরচও উৎপাদনকারী প্রতিষ্ঠানকেই বহন করতে হয়। এসব খরচ বাদ দেওয়ার পর ১৫ হাজার টাকা দামের একটি স্মার্টফোন বিক্রি করে কোম্পানির হাতে প্রকৃত লাভ হিসেবে মাত্র ৫০০ থেকে ১ হাজার টাকা অবশিষ্ট থাকে। এ কারণেই স্মার্টফোন কোম্পানিগুলো একটি ফোন থেকে বেশি লাভ করার পরিবর্তে সংখ্যায় বেশি ফোন বিক্রির ওপর জোর দেয়।
এজেড




