এখন নতুন ল্যাপটপ কিনতে গেলে প্রায় প্রতিটি জনপ্রিয় ব্রান্ডের মডেলেই দেখা মিলছে এআই পিসি বা কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন কম্পিউটারের স্টিকার। নির্মাতাদের দাবি, এই ডিভাইসগুলো কেবল সাধারণ কাজই নয়, বরং ভিডিও কলের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন, রিয়েল-টাইম অনুবাদ এবং ইন্টারনেট ছাড়াই নির্দিষ্ট এআই ফিচার ব্যবহারের মতো উন্নত সুবিধা দিয়ে থাকে। কিন্তু প্রশ্ন হলো, কেবল এআই ফিচারের জন্য বাড়তি টাকা খরচ করা কি আদৌ বুদ্ধিমানের কাজ, নাকি সাধারণ ল্যাপটপ কেনাই শ্রেয়?

মূলত সাধারণ ল্যাপটপে প্রসেসর ও গ্রাফিক্স কার্ডের পাশাপাশি এআই ল্যাপটপগুলোতে নিউরাল প্রসেসিং ইউনিট বা এনপিইউ যুক্ত থাকে, যা কৃত্রিম বুদ্ধিমত্তার কাজগুলো দ্রুত ও কম বিদ্যুৎ খরচে করতে সাহায্য করে। তবে আপনার কাজ যদি মূলত ইন্টারনেট ব্রাউজিং, ভিডিও দেখা, অফিশিয়াল কাজ কিংবা ক্লাউডভিত্তিক এআই যেমন চ্যাটজিপিটি বা জেমিনি ব্যবহারের মধ্যেই সীমাবদ্ধ থাকে, তবে আলাদা করে এনপিইউ বা এআই স্টিকারের পেছনে অতিরিক্ত অর্থ ব্যয় করার কোনো প্রয়োজন নেই। কারণ সাধারণ ল্যাপটপ বা ভালো কনফিগারেশনের প্রসেসর ও পর্যাপ্ত র্যাম দিয়ে দিব্যি এই কাজগুলো করা সম্ভব।
আরও পড়ুন: নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

অন্যদিকে, যারা প্রতিদিন দীর্ঘ সময় ভিডিও মিটিং করেন, স্থানীয়ভাবে এআই মডেল নিয়ে কাজ করেন বা এআই টুল ব্যবহার করে নিয়মিত কাজের গতি বাড়াতে চান, তাদের জন্য এআই পিসি কিছুটা উপকারী হতে পারে। তবে শুধুমাত্র মার্কেটিংয়ের চমক বা এআই ট্যাগ দেখে ল্যাপটপ না কিনে নিজের কাজের ধরন, প্রসেসরের ক্ষমতা, র্যাম, স্টোরেজ এবং ব্যাটারি ব্যাকআপ যাচাই করে তবেই সিদ্ধান্ত নেওয়া উচিত। আপনার দৈনন্দিন কার্যক্ষেত্রে যদি এআই ফিচার সত্যিই সময় বাচাতে সাহায্য না করে, তবে সাশ্রয়ী মূল্যে একটি ভালো মানের সাধারণ ল্যাপটপ কেনাই সবচেয়ে লাভজনক সিদ্ধান্ত হবে।
এজেড




