ভারতে ওয়ানপ্লাস ১৬ স্মার্টফোন লঞ্চ নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা কিছুটা কাটতে শুরু করেছে। সম্প্রতি দেশটির মুম্বাইয়ে সংস্থার ভারতীয় উচ্চপদস্থ কর্মকর্তারা একটি রুদ্ধদ্বার বৈঠক করেছেন বলে দাবি করেছেন এক টিপস্টার। সেখানে ভারতে ওয়ানপ্লাস ১৬ উন্মোচনের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। অন্যদিকে ফোনটির সম্ভাব্য ভারতীয় দামও ফাঁস হয়েছে অনলাইনে। তথ্যটি সত্যি হলে নতুন এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনটির দাম ১ লাখ ৩০ হাজার থেকে ১ লাখ ৪০ হাজার রুপি পর্যন্ত হতে পারে, যা বাংলাদেশি মুদ্রায় রূপান্তর করলে দাঁড়ায় প্রায় ১ লাখ ৭২ হাজার থেকে ১ লাখ ৮৫ হাজার টাকা।
এর আগে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে ওয়ানপ্লাস তাদের পণ্য কৌশলে পরিবর্তন আনছে এবং ভারতে পরবর্তীতে এই ফ্ল্যাগশিপ মডেলটি বাজারে নাও আনতে পারে। তবে সাম্প্রতিক এই আলোচনার খবরে আবারো ভারতের বাজারে ফোনটি আসার জোরালো গুঞ্জন শুরু হয়েছে। এর আগের মডেল ওয়ানপ্লাস ১৫-এর দাম ভারতে শুরু হয়েছিল ৮৪ হাজার ৯৯৯ রুপি থেকে, সেই তুলনায় নতুন এই মডেলটির দামে বড়সর মূল্যবৃদ্ধি দেখা যেতে পারে। চীনের বাজারে ইতোমধ্যেই ফোনটির ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি ৫ হাজার ৯৯৯ ইউয়ানে চালু করা হয়েছে।
আরও পড়ুন: ভিভো ভি৮০ এফই: টার্বো প্রসেসরের ফোন বাজারে আসছে
চীনে উন্মোচিত ওয়ানপ্লাস ১৬ মডেলে প্রসেসর হিসেবে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ এলিট এক্সট্রিম জেন ৬ চিপসেট, যা দুই নামোমিটার প্রযুক্তিতে তৈরি। ডিসপ্লে হিসেবে এতে দেওয়া হয়েছে ৬.৭৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড প্যানেল, যার রিফ্রেশ রেট সর্বোচ্চ ১৮৫ হার্টজ। দীর্ঘসময় ব্যবহারের জন্য ফোনটিতে ৯ হাজার মিলিঅ্যাম্পিয়ার ক্ষমতার বিশালাকার ব্যাটারি যুক্ত করা হয়েছে, যার সাথে ১০০ ওয়াট দ্রুতগতির তারযুক্ত চার্জিং এবং ৫০ ওয়াট তারবিহীন চার্জিং সুবিধা মিলবে। ভারতে আনুষ্ঠানিকভাবে চালু হলে চীনের সংস্করণের মতো একই কনফিগারেশন থাকবে কি না, তা জানতে সংস্থার আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা করতে হবে।
এজেড



