২০০ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, গুগল জেমিনাই কৃত্রিম বুদ্ধিমত্তা, ১২ হাজার নিটসের ডিসপ্লে এবং ৭ হাজার মিলিঅ্যাম্পিয়ার ক্ষমতার ব্যাটারি নিয়ে নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন উন্মোচন করল মোটোরোলা। সংস্থার দাবি অনুযায়ী, ‘মোটোরোলা সিগনেচার ২৭’ তাদের এ যাবতকালের সবচেয়ে উন্নত স্মার্টফোন। গত বৃহস্পতিবার ৫ নভেম্বর ফোনটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। ফোনটির অন্যতম সেরা আকর্ষণ হলো, প্রথমবার কোনো মোটোরোলা ডিভাইসে নিরাপত্তার স্বার্থে গ্রাফিনওএস ব্যবহারের সুবিধা যুক্ত করা হয়েছে।
আরও পড়ুন: পুরনো ফোন রিসেট করলেই কি সব তথ্য মুছে যায়? বিক্রির আগে এই কাজটি করুন
হ্যান্ডসেটটির ক্যামেরায় রয়েছে বিশ্বমানের প্রযুক্তি। এর পেছনে ৫০ মেগাপিক্সেলের সনি মূল সেন্সর, ২০০ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা এবং ৫০ মেগাপিক্সেলের অতি-প্রশস্ত ক্যামেরা রয়েছে, যা ১০০ গুণ সুপার জুম প্রো সুবিধা দেয়। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা। কম আলোয় উজ্জ্বল ভিডিও ও দ্রুতগতির বস্তুর ছবি পরিষ্কার তুলতে এতে উন্নত সেন্সর ও কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত ব্যবস্থা ব্যবহার করা হয়েছে। সার্বিক মূল্যায়নে এর ক্যামেরা ব্যবস্থা ডিএক্সওমার্ক গোল্ড লেবেল অর্জন করেছে। ডিসপ্লের ক্ষেত্রে এতে ব্যবহৃত হয়েছে ১.৫কে রেজোলিউশন ও ১২ হাজার নিটস সর্বোচ্চ উজ্জ্বলতার অত্যন্ত সাশ্রয়ী এবং দীর্ঘস্থায়ী এক্সট্রিম অ্যামোলেড ডুও প্যানেল।

ডিভাইসটিতে ব্যবহৃত হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট এক্সট্রিম জেন ৬ চিপসেট এবং ওভারহিটিং রোধে বিশেষ আরক্টিকমেশ কুলিং প্রযুক্তি। গুগলের জেমিনাই চালিত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে এতে মানুষের কথা পরিপাটি বার্তায় রূপান্তর, আমেরিকান সাইন ল্যাঙ্গুয়েজকে লেখায় রূপান্তর এবং কথা বলে ভিডিও ও সাউন্ডট্র্যাক তৈরির সুবিধা রাখা হয়েছে। এছাড়া অডিওতে ব্যাং অ্যান্ড অলুফসেনের প্রযুক্তি, কর্নিং গরিলা গ্লাস সিরামিক ৩ ও সামরিক মানের সুরক্ষা দেওয়া হয়েছে। চার্জিংয়ের জন্য এতে রয়েছে ৯০ ওয়াট দ্রুতগতির চার্জিং ও ৫০ ওয়াট তারবিহীন চার্জিং সুবিধা। আগামী কয়েক মাসের মধ্যে বৈশ্বিক বাজারে আসতে যাওয়া এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনটির প্রারম্ভিক দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫৯৯ মার্কিন ডলার।
এজেড




